Logo

ইউএসএ নিউজ    >>   যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস-এর অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন মৌমিতা

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস-এর  অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন মৌমিতা

যুক্তরাষ্ট্রের এনএসএইচএসএস-এর অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ পেলেন মৌমিতা

নিজস্ব প্রতিবেদক:

নিউইয়র্কের কুইন্সে অবস্থিত হিলক্রেস্ট হাই স্কুলের শিক্ষার্থী মৌমিতা আচার্য ন্যাশনাল সোসাইটি অফ হাই স্কুল স্কলারস (এনএসএইচএসএস)-এর একজন অফিসিয়াল অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করা হয়েছে।

নতুন এই দায়িত্বে মৌমিতা সংগঠনটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে শিক্ষার্থীদের সাহায্য করতে পারবেন এবং নিজের অভিজ্ঞতার আলোকে বর্তমান ও ভবিষ্যৎ সদস্যদের দিকনির্দেশনা প্রদান করবেন। সহপাঠীদের জন্য জ্ঞান এবং অনুপ্রেরণার এক বিশ্বস্ত উৎস হিসেবে কাজ করার মাধ্যমে, এই অ্যাম্বাসেডরশিপ শিক্ষার্থীদের প্রতি অর্থবহ অবদান রাখার পাশাপাশি একজন নেতা হিসেবে নিজেকে গড়ে তোলার ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ সুযোগ এনে দিয়েছে।

এর আগে এনএসএইচএসএস-এর পক্ষ থেকে একটি সম্মানজনক জাতীয় একাডেমিক স্বীকৃতি লাভের পরই তাকে এই পদে নিয়োগ দেওয়া হলো। যুক্তরাষ্ট্রভিত্তিক এই সংগঠনটি মূলত হাইস্কুল শিক্ষার্থীদের মধ্যে  যারা অসাধারণ একাডেমিক দক্ষতা, নেতৃত্ব এবং সমাজসেবার প্রতি দৃঢ় অঙ্গীকার প্রদর্শন করে আসছে এমন শিক্ষার্থীদের অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগ করা হয়।

 অ্যাম্বাসেডর বা শুভেচ্ছাদূত হিসেবে নিয়োগের ঘোষণার পর, এনএসএইচএসএস প্রেসিডেন্ট নৈনিকা মান্থেনা মৌমিতাকে তার নতুন দায়িত্বের জন্য অভিনন্দন জানান। মান্থেনা বলেন, "একজন এনএসএইচএসএস অ্যাম্বাসেডর হিসেবে আপনি যখন যাত্রা শুরু করছেন, তখন আমাদের ছাত্র নেতাদের কাছ থেকে আপনি সরাসরি সব শুনতে পাবেন ভেবে আমরা আনন্দিত।"

তিনি আরও বলেন, অ্যাম্বাসেডর লিডারশিপ কাউন্সিলে আপনার সহকর্মীরা আপনাকে সমর্থন, অনুপ্রাণিত এবং পথ দেখাতে প্রস্তুত। এটি তো কেবল শুরু, তাই অনেক আনন্দ এবং নিজেকে বিকশিত করার জন্য প্রস্তুত হোন। আপনি একজন নেতা এবং মানুষ—উভয় হিসেবেই বিকশিত হবেন।

এনএসএইচএসএস-এর কো-ভাইস প্রেসিডেন্ট আন্তোনিও পিৎজাও মৌমিতাকে স্বাগত জানিয়ে বলেন, এই দায়িত্ব আপনার জন্য অনন্য সুযোগ নিয়ে এসেছে এবং এনএসএইচএসএস-কে এত বিশেষ করে তুলেছে। কঠোর পরিশ্রম চালিয়ে যান এবং ইতিবাচক পরিবর্তন আনতে থাকুন।

নোবেল পুরস্কার প্রবর্তক পরিবারের সদস্য ক্ল্যাস নোবেল এবং জেমস ডব্লিউ. লুইস কর্তৃক ২০০২ সালে প্রতিষ্ঠিত এনএসএইচএসএস-এর লক্ষ্য হলো অসাধারণ সাফল্য অর্জনকারী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়া এবং তাদের মেধার বিকাশ ঘটানো। সংগঠনটি বর্তমানে ১৭০টিরও বেশি দেশে ২০ লাখেরও বেশি সদস্য নিয়ে কাজ করছে।

মৌমিতার এই অ্যাম্বাসেডরশিপ তার স্কুল এবং কুইন্সের স্থানীয় সম্প্রদায়ের জন্য একটি গর্বের অর্জন হিসেবে উদযাপিত হচ্ছে, যা উৎকর্ষ অর্জনের জন্য সংগ্রামরত তরুণ মেধাবীদের সাফল্যকেই তুলে ধরে।

মৌমিতা বাংলাদেশের বিশিষ্ট সাংবাদিক এবং জাতীয় দৈনিক 'দ্য সাউথ এশিয়ান টাইমস'-এর সম্পাদক ও প্রকাশক দীপক কুমার আচার্যের মেয়ে। তিনি এখন স্বপরিবারে নিউইয়র্কে বসবাস করছেন।