নিউইয়র্কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: বাংলাদেশিসহ ৪ জন নিহত, আহত মা ও শিশু আশঙ্কাজনক
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় বাংলাদেশিসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
স্থানীয় সময় ৬ এপ্রিল ২০২৬, সোমবার সন্ধ্যা প্রায় ৭টার দিকে ব্রঙ্কস থেকে আলবানি যাওয়ার পথে রুট ৯এইচ সড়কের ক্ল্যাভারাক এলাকার স্পুক রক রোডে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। কলম্বিয়া কাউন্টি শেরিফের দপ্তর জানায়, দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৯ বছর বয়সী নাজমুল রুবেল, তার বাবা হীরামনি এবং রুবেলের এক বন্ধু।
এছাড়া অপর গাড়িতে থাকা ৬২ বছর বয়সী জুলিয়া রিচিও ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনায় জড়িত অপর গাড়িটি টয়োটা ক্রাউন চালাচ্ছিলেন ব্রুকলিনের বাসিন্দা ২৪ বছর বয়সী লুকা পালভেনিয়ান। তাকে হাসপাতালে নেওয়ার পর প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে।
এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৩ বছর বয়সী রত্না এবং তার এক বছরের কন্যাশিশু। তাদের আলবানি মেডিকেল সেন্টার হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক।
নিহত ও আহতদের সবার গ্রামের বাড়ি বাংলাদেশের কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলায় বলে জানা গেছে।
স্থানীয় ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষের তীব্রতায় দুটি গাড়ির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। কলম্বিয়া কাউন্টির শেরিফ জ্যাকি সালভাতোরে ঘটনাটিকে “অত্যন্ত ভয়াবহ” হিসেবে উল্লেখ করেছেন।
দুর্ঘটনার পর ক্ল্যাভারাক, লিভিংস্টন ও গ্রিনপোর্টসহ একাধিক ফায়ার ও রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করে। এ ঘটনায় প্রায় চার ঘণ্টা রুট ৯এইচ সড়কে যান চলাচল বন্ধ থাকে।
এই হৃদয়বিদারক দুর্ঘটনা আবারও প্রবাসী জীবনের অনিশ্চয়তা ও সড়ক নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে সকলকে। নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন কমিউনিটির সর্বস্তরের মানুষ।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ও টাইমস ইউনিয়ন ।



















