নিউইয়র্কে এনওয়াইপিডির ১০৯তম প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসেবে করম চৌধুরীর দায়িত্ব গ্রহণ—কমিউনিটিতে গর্ব ও অভিনন্দনের জোয়ার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক সিটির New York City Police Department-এর ১০৯তম প্রিসিন্টের (Precinct) কমান্ডিং অফিসার হিসেবে ডেপুটি ইন্সপেক্টর করম চৌধুরীর দায়িত্ব গ্রহণে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে ব্যাপক উৎসাহ ও গর্বের সৃষ্টি হয়েছে। তাঁর এই নতুন দায়িত্বপ্রাপ্তিকে ঘিরে বিভিন্ন মহল থেকে জানানো হয়েছে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
ডেপুটি ইন্সপেক্টর করম চৌধুরীর কর্মজীবন নিষ্ঠা, সততা এবং দক্ষ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ। পেশাগত সফলতার পাশাপাশি তাঁর বিনয়, সহমর্মিতা এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তাঁকে সহকর্মী ও কমিউনিটির কাছে অত্যন্ত শ্রদ্ধার আসনে অধিষ্ঠিত করেছে। সহকর্মীদের সঠিক দিকনির্দেশনা প্রদান থেকে শুরু করে কমিউনিটির মানুষের সহায়তায় এগিয়ে আসা—সবক্ষেত্রেই তিনি রেখেছেন মানবিক নেতৃত্বের স্বাক্ষর।
এর আগে তিনি নিউইয়র্কের ১০৪তম প্রিসিন্টের কমান্ডিং অফিসার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। সেখান থেকে ১০৯তম প্রিসিন্টের নেতৃত্বে তাঁর উত্তরণ তাঁর দীর্ঘ অভিজ্ঞতা, কঠোর পরিশ্রম এবং প্রতিষ্ঠানের প্রতি অবিচল আস্থারই প্রতিফলন হিসেবে বিবেচিত হচ্ছে।
কমিউনিটি সংগঠন ‘জীবন’-এর পক্ষ থেকে জানানো হয়, একজন বাংলাদেশি বংশোদ্ভূত কর্মকর্তা হিসেবে এনওয়াইপিডির মতো একটি স্বনামধন্য প্রতিষ্ঠানে এমন গুরুত্বপূর্ণ নেতৃত্বের আসনে তাঁর অধিষ্ঠান পুরো কমিউনিটির জন্য গর্বের বিষয়। সংগঠনটি বিশ্বাস করে, তাঁর নেতৃত্বে ১০৯তম প্রিসিন্ট আরও কার্যকর, মানবিক ও জনবান্ধব পুলিশি সেবা নিশ্চিত করতে সক্ষম হবে।
জীবনের সভাপতি এবং সংগঠনের নেতৃবৃন্দ ডেপুটি ইন্সপেক্টর করম চৌধুরীকে আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, তাঁর এই অর্জন নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং কমিউনিটি-পুলিশ সম্পর্ক আরও সুদৃঢ় করবে।
উল্লেখ্য, তাঁর নেতৃত্বগুণ, পেশাগত দক্ষতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি ইতোমধ্যেই তাঁকে একজন অনুকরণীয় কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। নতুন এই দায়িত্বে থেকেও তিনি নিউইয়র্ক সিটির জনগণের নিরাপত্তা ও সেবায় একই নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখবেন—এমন প্রত্যাশাই সকলের।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন



















