আমেরিকার জাতীয় একাডেমিক সম্মানে ভূষিত মৌমিতা আচার্য
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের কুইন্সের হিলক্রেস্ট হাই স্কুলের শিক্ষার্থী মৌমিতা আচার্য আমেরিকার জাতীয় পর্যায়ে এক বিশেষ একাডেমিক সম্মান অর্জন করেছেন। The National Society of High School Scholars (এনএসএইচএসএস) তাকে তাদের মর্যাদাপূর্ণ সদস্য হিসেবে নির্বাচিত করেছে।
সোমবার (২৩ মার্চ ২০২৬) যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংগঠনটি জানায়, অসাধারণ একাডেমিক সাফল্য, নেতৃত্বগুণ এবং সমাজসেবামূলক কর্মকাণ্ডে সক্রিয় অংশগ্রহণের স্বীকৃতিস্বরূপ মৌমিতাকে এই সম্মান প্রদান করা হয়েছে।
এনএসএইচএসএস-এর সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট James W. Lewis এক বিবৃতিতে বলেন, “মৌমিতা আচার্য তার কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং একাডেমিক উৎকর্ষের মাধ্যমে যে সাফল্য অর্জন করেছে, তা অত্যন্ত প্রশংসনীয়। আমরা তাকে আমাদের এই সম্মানজনক কমিউনিটির সদস্য হিসেবে স্বাগত জানাতে পেরে গর্বিত।”
তিনি আরও বলেন, “এনএসএইচএসএস এমন একটি বৈশ্বিক নেটওয়ার্ক, যেখানে বিশ্বের সেরা মেধাবী শিক্ষার্থীরা যুক্ত থাকে। এই কমিউনিটি ভবিষ্যতের জন্য আমাদের সবচেয়ে বড় আশা।”
সংগঠনটি জানায়, এনএসএইচএসএস-এর সদস্যরা আজীবন সদস্যপদ লাভ করে এবং তাদের একাডেমিক ও পেশাগত উন্নয়নের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা পেয়ে থাকে। এর মধ্যে রয়েছে বৃত্তি, ইন্টার্নশিপ, আন্তর্জাতিক শিক্ষা কর্মসূচি এবং দক্ষতা উন্নয়নমূলক নানা কার্যক্রমে অংশগ্রহণের সুযোগ।
উল্লেখ্য, ২০০২ সালে James W. Lewis এবং Claes Nobel যৌথভাবে এনএসএইচএসএস প্রতিষ্ঠা করেন। বর্তমানে বিশ্বের ১৭০টিরও বেশি দেশে দুই মিলিয়নের অধিক শিক্ষার্থী এই সংগঠনের সদস্য।
বিশ্বব্যাপী মেধাবী শিক্ষার্থীদের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের ভবিষ্যৎ শিক্ষা ও ক্যারিয়ার গঠনে সহায়তা করে আসছে এই সংগঠনটি। স্থানীয়ভাবে মৌমিতা আচার্যের এই অর্জন শিক্ষাঙ্গনে গর্বের বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে।
উল্লেখ্য, মৌমিতার বাবা দীপক কুমার আচার্য বাংলাদেশের একজন স্বনামধন্য সাংবাদিক। তিনি বাংলাদেশের জাতীয় ইংরেজি দৈনিক দি সাউথ এশিয়ান টাইমস্-এর সম্পাদক ও প্রকাশক।


















