Logo

ইউএসএ নিউজ    >>   চাঁদ রাতে জ্যাকসন হাইটসে ঈদ উৎসবের জোয়ার: স্টিভেন রাগার অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশিদের আনন্দমুখর মিলনমেলা

চাঁদ রাতে জ্যাকসন হাইটসে ঈদ উৎসবের জোয়ার: স্টিভেন রাগার অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশিদের আনন্দমুখর মিলনমেলা

চাঁদ রাতে জ্যাকসন হাইটসে ঈদ উৎসবের জোয়ার: স্টিভেন রাগার অংশগ্রহণে প্রবাসী বাংলাদেশিদের আনন্দমুখর মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রনিউইয়র্কের জ্যাকসন হাইটসে চাঁদ রাতকে ঘিরে হাজারো প্রবাসী বাংলাদেশির প্রাণবন্ত উপস্থিতিতে জমে উঠেছিল এক বর্ণাঢ্য ঈদ উৎসব। গত ১৯ মার্চ ২০২৬, বৃহস্পতিবার রাত প্রায় ৮টার দিকে অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট ৩০-এর ডেমোক্রেটিক অ্যাসেম্বলিমেম্বার এবং স্টেট সিনেট ডিস্ট্রিক্ট ১২-এর প্রার্থী Steven Raga উপস্থিত হয়ে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।


এসময় তিনি সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং জনপ্রিয় ঈদের গান— “রমজানের সেই রোজার শেষে এলো খুশির দিন”—গেয়ে উপস্থিত জনতার হৃদয়ে এক অনন্য আবেগের সঞ্চার করেন। গান, বাদ্যযন্ত্র আর উচ্ছ্বাসে ভরপুর এ আয়োজন যেন পরিণত হয় এক মিলনমেলায়, যেখানে শত শত মানুষ একসঙ্গে গেয়ে ও উদযাপন করে ঈদের আগমনী আনন্দ।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সম্মিলিত বর্ষবরণ ও মঙ্গল শোভাযাত্রা উদযাপন পর্ষদের আহ্বায়ক মুজাহিদ আনসারী, সাংস্কৃতিক সম্পাদক সাবিনা হাই উর্বি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগঠক মাহমুদ কাজল, কমিউনিটি নেতা আবু জাফর মাহমুদ, কমিউনিটি ও ইউনিয়ন লিডার রফিকুর রহমান ( মিলন ), সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার এবং প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা প্রমুখ। 


চাঁদ রাত উপলক্ষে জ্যাকসন হাইটসের ৭৩তম ও ৭৪তম স্ট্রিট এবং ৩৭তম অ্যাভিনিউ জুড়ে ছিল উৎসবের আমেজ। হাজার হাজার বাংলাদেশি, পাকিস্তানি, ভারতীয়সহ বিভিন্ন দেশের মানুষের উপস্থিতিতে পুরো এলাকা হয়ে ওঠে এক আন্তর্জাতিক সাংস্কৃতিক মিলনস্থল। দোকানপাটগুলোতে ছিল উপচে পড়া ভিড়—পোশাক, গহনা, মেহেদি, চুড়ি, আতর, মিষ্টান্নসহ নানা ঈদসামগ্রীর কেনাকাটায় ব্যস্ত ছিলেন ক্রেতারা।
ঈদকে ঘিরে বিভিন্ন দোকানে বিশেষ ছাড়, লাইভ মেহেদি আর্ট, শিশুদের খেলনা স্টল এবং স্ট্রিট পারফরম্যান্স আয়োজন করা হয়, যা উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে তোলে। অনেক রেস্টুরেন্টে দেখা যায় উপচে পড়া ভিড়, যেখানে পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে ইফতার-পরবর্তী আড্ডায় মেতে ওঠেন প্রবাসীরা।


এই চাঁদ রাতের উৎসব দেখতে নিউইয়র্কের বাইরেও বিভিন্ন স্টেট থেকে মানুষ ছুটে আসেন। Nasreen Ahmed, বাফেলো থেকে আগত একজন সিনিয়র লিগ্যাল ইমিগ্রেশন কনসালট্যান্ট, বলেন, “এত বাংলাদেশিকে একসাথে দেখা, সবার গান গাওয়া, গল্প করা, কেনাকাটার আনন্দ—সবকিছু মিলিয়ে আমি অভিভূত। এমন উৎসবমুখর পরিবেশ সত্যিই অসাধারণ।” তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা জানান।
বাংলাদেশি সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীও সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এই ধরনের আয়োজন প্রবাসে আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।


সব মিলিয়ে, জ্যাকসন হাইটসের এবারের চাঁদ রাত ছিল প্রবাসী বাংলাদেশিদের জন্য এক অবিস্মরণীয় অভিজ্ঞতা—যেখানে আনন্দ, সংস্কৃতি, ঐক্য এবং উৎসবের আবহ একসাথে মিশে গড়ে তোলে এক অনন্য সামাজিক বন্ধন।