Logo

ইউএসএ নিউজ    >>   ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার ডিনার: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে মিলনমেলা

ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার ডিনার: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে মিলনমেলা

ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার ডিনার: ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সম্প্রীতির আবহে মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক : 
গত ১৩ মার্চ ২০২৬, শুক্রবার নিউইয়র্কের ব্রঙ্কসে বাংলাদেশি-আমেরিকান মুসলিম কমিউনিটির সম্মানে এক ইফতার ডিনারের আয়োজন করেন স্থানীয় নির্বাচিত প্রতিনিধিরা—সিনেটর নাথালিয়া ফার্নান্দেজ, বরো প্রেসিডেন্ট ভেনেসা গিবসন, কংগ্রেসওম্যান আলেক্সান্দ্রিয়া ওকাসিও কর্টেজ এবং অ্যাসেম্বলিমেম্বার কারিনেস রেয়েস। অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় পি.এস. ১০৬ স্কুল প্রাঙ্গণে।


রমজান মাস মুসলমানদের জন্য আত্মশুদ্ধি, সংযম ও তাকওয়া অর্জনের মাস। সারাদিন রোজা রাখার পর ইফতার শুধু খাবার গ্রহণের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার এক মহৎ উপলক্ষ। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন, “যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে, সে রোজাদারের সমপরিমাণ সওয়াব লাভ করবে।” এই মহান শিক্ষাকে সামনে রেখেই আয়োজিত হয় এ ইফতার মাহফিল।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিউনিটি বোর্ড-৯ এর চেয়ারম্যান মোহাম্মদ এন মুজুমদার, এমএল (মাস্টার অব ল’)।
ব্রঙ্কস ও আশপাশের এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতারে অংশগ্রহণ করেন। পুরো হলটি উৎসবমুখর পরিবেশে সাজানো হয় এবং উপস্থিত সবার মাঝে ছিল এক ধরনের আন্তরিকতা ও সৌহার্দ্যের আবহ। ইফতারের আগে দোয়া ও মোনাজাতের মাধ্যমে দেশ, জাতি এবং সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করা হয়।


কমিউনিটির বিশিষ্ট নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এ ইসলাম মামুন, মাহবুব আলম, জামাল হোসেন, তোফায়েল চৌধুরী, জাকির সিপিএ, হাসান আলী, আবুল শহীদ, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস, নিউইয়র্ক ইনকের আহ্বায়ক মহিবুল হক, সাধারণ সম্পাদক কাজী রবিউজ্জামান, সংগঠনের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, গুলজার হোসেন, নাজমুল ইসলাম রাসেল, মোস্তাকুর রহমান লিটন, হুমায়ন কবীর সোহেল, আশফাকুল হক চৌধুরী, কাজীরুল ইসলাম শিপন, শেখ শফিকুল ইসলাম, জহিরুল ইসলাম, রায়হান পারভেজ, বিল্লাল ইসলাম, বিজয় কৃষ্ণ সাহা, শফিকুর রহমান, ফখরুল ইসলাম চৌধুরী, আবুল কালাম আজাদ প্রমুখ।

এ ধরনের আয়োজন প্রবাসে বসবাসরত বাংলাদেশি মুসলিম কমিউনিটির মধ্যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে উপস্থিত অতিথিরা মত প্রকাশ করেন।