তুষারঝড়ের পরও ভোগান্তি: নিউইয়র্কে বরফ পরিষ্কার না করায় শত শত জরিমানা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত মাসে বয়ে যাওয়া ভয়াবহ তুষারঝড়ের প্রভাব এখনও কাটেনি নিউইয়র্ক সিটিতে। শহরের বিভিন্ন এলাকায় ফুটপাত ও রাস্তার পাশে জমে থাকা বরফ সাধারণ মানুষের চলাচলে বিঘ্ন সৃষ্টি করছে। পরিস্থিতি সামাল দিতে কঠোর অবস্থান নিয়েছে সিটি প্রশাসন।
সিটি কর্মকর্তারা জানিয়েছেন, তুষারঝড় চলাকালীন ও এর পরবর্তী সময়ে যারা নিজেদের বাড়ি বা ব্যবসা প্রতিষ্ঠানের সামনে জমে থাকা বরফ পরিষ্কার করেননি, তাদের বিরুদ্ধে নিউইয়র্ক সিটি স্যানিটেশন বিভাগ ইতোমধ্যে ৮০০টিরও বেশি টিকেট বা সমন জারি করেছে।
সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে মেয়র জোহরান মামদানি বলেন, জানুয়ারিতে আঘাত হানা তুষারঝড়ের পর থেকে বিভিন্ন নিয়ম লঙ্ঘনের ঘটনায় ৪ হাজারেরও বেশি নোটিশ দেওয়া হয়েছে। তিনি বলেন, “নিউইয়র্কে পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা সবার দায়িত্ব। বাসিন্দাদের সহযোগিতা ছাড়া শহরকে সচল রাখা সম্ভব নয়।”
সিটি আইনের বিধান অনুযায়ী, নিউইয়র্কে কোনো বাড়ি, দোকান বা অন্যান্য স্থাপনার মালিককে তাদের সম্পত্তির সামনের ফুটপাতে অন্তত চার ফুট প্রশস্ত একটি পথ পরিষ্কার রাখতে হবে, যাতে স্ট্রলার, হুইলচেয়ার বা প্রতিবন্ধী ব্যক্তিরা নির্বিঘ্নে চলাচল করতে পারেন।
এছাড়া বাড়ির সামনে কার্ব র্যাম্প, ফায়ার হাইড্র্যান্ট, বাসস্টপ বা পথচারী পারাপারের অংশে জমে থাকা বরফ পরিষ্কার রাখার দায়িত্বও সম্পত্তির মালিকের ওপরই বর্তায়।
নিয়ম অমান্য করলে প্রথমবারে সর্বোচ্চ ২৫০ ডলার পর্যন্ত জরিমানা করা হতে পারে। একই অপরাধ পুনরাবৃত্তি হলে জরিমানার পরিমাণ ৩৫০ ডলার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে সিটি কর্তৃপক্ষ।
নিউইয়র্ক সিটি স্যানিটেশন ডিপার্টমেন্টের তথ্য অনুযায়ী, তুষারঝড়ের সময় নগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলো সচল রাখতে কর্মীরা ব্যাপক অভিযান চালান। তারা প্রায় ৫৬ হাজার ক্রসওয়াক, ১৩ হাজার বাসস্টপ এবং ১৪ হাজার ৮৬০টি ফায়ার হাইড্র্যান্ট থেকে বরফ পরিষ্কার করেছেন।
কর্তৃপক্ষ আরও জানায়, তুষারপাতের পর নির্দিষ্ট সময়ের মধ্যে ফুটপাত পরিষ্কার না করলে তা পথচারীদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে প্রবীণ ব্যক্তি, শিশু ও প্রতিবন্ধীদের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হয়।
সিটি প্রশাসন বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে, ভবিষ্যতে তুষারপাতের সময় নিজ নিজ দায়িত্ব পালন করে দ্রুত বরফ পরিষ্কার করার জন্য, যাতে নিউইয়র্কের পথঘাট নিরাপদ ও চলাচলযোগ্য থাকে। সূত্র: TBN 24.


















