তীব্র তুষারঝড়ে নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা, রাত ৯টা থেকে ট্রাভেল ব্যান কার্যকর
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
তীব্র তুষারঝড় ও বিপজ্জনক আবহাওয়া পরিস্থিতির কারণে নিউইয়র্ক সিটিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। New York City Emergency Management (NYCEM) এক জরুরি বার্তায় জানিয়েছে, মেয়র মামদানি আনুষ্ঠানিকভাবে ‘State of Emergency’ জারি করেছেন।
ঘোষণা অনুযায়ী, আজ রাত ৯টা থেকে নিউইয়র্ক সিটিতে ট্রাভেল ব্যান (Travel Ban) কার্যকর হয়েছে। এই নিষেধাজ্ঞা আগামীকাল ২৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা পর্যন্ত বলবৎ থাকবে।
নির্দেশনায় বলা হয়েছে, উক্ত সময়ের মধ্যে সিটির সড়কে সকল অ-জরুরি (Nonessential) যানবাহন চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। শুধুমাত্র জরুরি সেবা, চিকিৎসা, আইনশৃঙ্খলা রক্ষা ও অত্যাবশ্যকীয় প্রয়োজনে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তীব্র তুষারপাত ও দমকা হাওয়ার কারণে সড়কপথ অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই জননিরাপত্তার স্বার্থে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে।
নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষ সকল নাগরিককে অপ্রয়োজনীয় বাইরে বের না হওয়ার আহ্বান জানিয়েছে এবং আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সতর্ক থাকার অনুরোধ করেছে।
আরও তথ্যের জন্য সিটি প্রশাসনের নির্ধারিত ওয়েবসাইটে ভিজিট করা বা ৩১১ নম্বরে কল করার পরামর্শ দেওয়া হয়েছে।
নাগরিকদের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার—এ কথা পুনর্ব্যক্ত করেছে সিটি প্রশাসন।


















