Logo

সাহিত্য সংস্কৃতি    >>   নিউইয়র্ক প্রবাসী লেখক আবুল বাশারের গল্পগ্রন্থ ‘ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি’ প্রকাশিত হচ্ছে একুশের বইমেলায়

নিউইয়র্ক প্রবাসী লেখক আবুল বাশারের গল্পগ্রন্থ ‘ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি’ প্রকাশিত হচ্ছে একুশের বইমেলায়

নিউইয়র্ক প্রবাসী লেখক আবুল বাশারের গল্পগ্রন্থ ‘ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি’ প্রকাশিত হচ্ছে একুশের বইমেলায়

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্ক প্রবাসী লেখক আবুল বাশারের নতুন গল্পগ্রন্থ “ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি” আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা ২০২৬-এ। আগামী ২০ ফেব্রুয়ারি ২০২৬ বইটির প্রকাশনা অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। একুশের বইমেলায় বইটি পাওয়া যাবে জলধি প্রকাশনীর স্টলে।
গল্পগ্রন্থটিতে মোট ছয়টি ছোটগল্প স্থান পেয়েছে। গল্পগুলো হলো— তরুলতা, পরাজয়, ড্রিম অফ মাদার, গোপন প্রেম, ছেলু কেন চোর এবং ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি। এসব গল্পে নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তব জীবনে ঘটে যাওয়া নানা ঘটনার স্মৃতিময় বহিঃপ্রকাশ তুলে ধরা হয়েছে। দুঃখ–কষ্ট, আনন্দ–বেদনা, ফেলে আসা অতীত এবং বর্তমানের জীবনসংগ্রাম—সবকিছু মিলিয়ে গল্পগুলো নির্মিত হয়েছে মানবিক অনুভূতি ও বাস্তবতার আলোকে।
লেখক আবুল বাশার আইবিএননিউজকে জানান, তাঁর গল্পগুলো মূলত স্মৃতি, জীবন ও মানুষের ভেতরের না-বলা কথাকে কেন্দ্র করে লেখা। পাঠকদের বইটি ভালো লাগবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বইটির একটি গল্পের বর্ণনায় উঠে এসেছে বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রাম কমলপুর। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ নিদর্শন এই গ্রামে মানুষের সঙ্গে প্রকৃতির গভীর ও নিবিড় সম্পর্ক স্পষ্টভাবে ফুটে উঠেছে। গ্রামের মাঝ দিয়ে বয়ে যাওয়া পারলী নদী, নদীর পাড়ে বসবাসকারী কফিল উদ্দিন ও নাছিমা খাতুনের পরিবার এবং তাঁদের একমাত্র সন্তান ছকিল উদ্দিন—যাকে সবাই আদর করে ‘ছেলু’ নামে ডাকত—এই চরিত্রগুলোর মধ্য দিয়ে গ্রামীণ জীবনের সরলতা ও সৌন্দর্য তুলে ধরা হয়েছে।
গল্পে উঠে আসে কৃষিভিত্তিক সমাজব্যবস্থা, গরু-লাঙ্গল-জোয়াল দিয়ে চাষাবাদের ঐতিহ্য, সময়ের পরিবর্তনে কৃষকের জীবন ও পেশার রূপান্তর। একই সঙ্গে ছেলুর শৈশব, কৈশোর, পড়াশোনা ও প্রকৃতির সান্নিধ্যে বেড়ে ওঠার জীবনচিত্র পাঠককে নিয়ে যায় এক আবেগঘন সময়ের ভেতর।
গল্পগ্রন্থে ১৯৭১ সালের ঐতিহাসিক ৭ই মার্চের প্রেক্ষাপটও স্থান পেয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বজ্রকণ্ঠের ভাষণ, রেসকোর্স ময়দানের জনসমুদ্র এবং স্বাধীনতার আহ্বান—এসব ঐতিহাসিক মুহূর্ত গল্পের প্রেক্ষাপটে নতুন মাত্রা যোগ করেছে।
প্রবাসে বসবাস করলেও লেখক আবুল বাশারের লেখায় বারবার ফিরে আসে বাংলাদেশের মাটি, মানুষ ও ইতিহাস। ‘ডার্ক নাইট অন আইল্যান্ড ফেরি’ সেই ধারাবাহিকতারই একটি গুরুত্বপূর্ণ সংযোজন বলে মনে করছেন সাহিত্যপ্রেমীরা। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।