বিপুল ভোটে ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম সভাপতি, ডিটেকটিভ জামিল সরোয়ার সাধারণ সম্পাদক নির্বাচিত: অনলাইনে প্রত্যক্ষ ভোটে বাপা’র নেতৃত্ব নির্বাচন—গণতান্ত্রিক চর্চায় ঐতিহাসিক মাইলফলক
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA)-এর ২০২৬–২০২৭ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন ক্যাপ্টেন এ কে এম প্রিন্স আলম। তিনি মোট ৫৩৭ ভোট পেয়ে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন লেফটেন্যান্ট সুজাত খান।
সাধারণ সম্পাদক পদে ডিটেকটিভ জামিল সরোয়ার ৪৫৫ ভোট পেয়ে নির্বাচিত হন। এ পদে তাঁর প্রতিদ্বন্দ্বী ছিলেন সার্জেন্ট মেহেদী মামুন।
সংগঠনের মোট ৮০৫ জন সদস্যের মধ্যে ৬১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন, যা প্রায় ৭৬ শতাংশ ভোটার উপস্থিতি—সদস্যদের আগ্রহ, সচেতনতা ও সংগঠনের প্রতি আস্থার সুস্পষ্ট প্রতিফলন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গত শুক্রবার (২৩ জানুয়ারি) অনলাইনে এই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনটি অত্যন্ত সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হয়। উল্লেখযোগ্যভাবে, বাপার ইতিহাসে এই প্রথম সদস্যদের প্রত্যক্ষ ভোটে অনলাইনের মাধ্যমে নেতৃত্ব নির্বাচন হলো—যা সংগঠনের গণতান্ত্রিক চর্চায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নবনির্বাচিত অন্যান্য কর্মকর্তারা হলেন , প্রথম সহ-সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড (SDS) এরশাদ সিদ্দিকী — ৪৭০ ভোট , দ্বিতীয় সহ-সভাপতি ট্রাফিক সুপারভাইজার মোহাম্মদ আলী চৌধুরী — ৩৯৪ ভোট ,কোষাধ্যক্ষ লেফটেন্যান্ট শেখ মুরাদ আহমেদ — ৪২৫ ভোট , সহ-কোষাধ্যক্ষ সার্জেন্ট সোনিয়া বড়ুয়া — ৩৮২ ভোট ,সার্জেন্ট-অ্যাট-আর্মস সার্জেন্ট সিব্বির আহমেদ — ৩৮৮ ভোট ,মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া — ৪২৭ ভোট , ইভেন্ট কো-অর্ডিনেটর পুলিশ অফিসার মোহাম্মদ ইসলাম রিপন — ৩৮৪ ভোট,কমিউনিটি আউটরিচ কো-অর্ডিনেটর সার্জেন্ট মো. লতিফ — ৪০৯ ভোট ,করেসপন্ডিং সেক্রেটারি ট্রাফিক সুপারভাইজার মহিউদ্দিন আহমেদ — ৩৭২ ভোট ।
নির্বাচন পরিচালনা করেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন নির্বাচন কমিশনের সদস্যরা—লেফটেন্যান্ট মোহাম্মদ এফ. খান, ক্যাপ্টেন হোসেন ইসলাম ও সার্জেন্ট কে. এম. হাসনাত। নির্বাচন কমিশন নবনির্বাচিত প্রার্থীদের অভিনন্দন জানানোর পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী, ভোটার ও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নবনির্বাচিত নেতৃত্ব সংগঠনের ঐক্য আরও সুদৃঢ় করা, সদস্যদের পেশাগত উন্নয়ন নিশ্চিত করা এবং বাংলাদেশি আমেরিকান কমিউনিটির কল্যাণে আরও কার্যকর ও গতিশীল ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে। আগামী সোমবার নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।উল্লেখ্য, বিশ্বের অন্যতম শক্তিশালী পুলিশ বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (NYPD)-এ কর্মরত বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান পুলিশ সদস্যদের উদ্যোগে বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (BAPA) প্রতিষ্ঠিত হয়। পরবর্তীকালে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে কর্মরত বাংলাদেশি আমেরিকান পুলিশ সদস্যরাও এতে যুক্ত হন। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি পেশাদারিত্ব, স্বচ্ছতা ও কমিউনিটি সেবায় সুনামের সঙ্গে কাজ করে যাচ্ছে।
নবনির্বাচিত কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও বাপা স্বচ্ছতা, পেশাদারিত্ব ও সেবার মানোন্নয়নে অঙ্গীকারবদ্ধ থাকবে—এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেছেন তারা।


















