Logo

ইউএসএ নিউজ    >>   হুমকি–উদ্বেগের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল উদীচী: নিউইয়র্কে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের তাৎপর্যপূর্ণ বিজয় দিবস উদযাপন

হুমকি–উদ্বেগের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল উদীচী: নিউইয়র্কে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের তাৎপর্যপূর্ণ বিজয় দিবস উদযাপন

হুমকি–উদ্বেগের মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল উদীচী: নিউইয়র্কে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের তাৎপর্যপূর্ণ বিজয় দিবস উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বিজয় দিবস উদযাপন বলতে যে মুক্তির আনন্দ, গৌরব আর প্রত্যয়ের কথা বোঝায়—সে আবহ আজ ক্রমেই সংকুচিত। নামে মাত্র উদযাপন, অথচ বক্তৃতা, গান, কবিতা ও ভাবনায় দেশকে প্রাক–একাত্তরের পাকিস্তানি যুগে ফিরিয়ে নেওয়ার বাস্তব আলামত স্পষ্ট হয়ে উঠছে—এ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের বিজয় দিবসের অনুষ্ঠানে। তবুও নতুন প্রজন্মের কাছে আশাবাদ ও ইতিহাসের সত্য তুলে ধরার দায়বদ্ধতা থেকেই বারবার উচ্চারিত হয় সেই সোনালি দিনগুলোর কথা—যেদিন মানুষ প্রাণপণ লড়াই করে পরাজিত করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী এবং তাদের দোসর ঘাতক–দালাল–রাজাকারদের।
আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক আলোচনায় উদীচী কেন্দ্রীয় কার্যালয়ে পূর্বঘোষিত জঙ্গি হামলার হুমকি নিয়ে উদ্বেগ ছিল প্রবল। এর একদিন আগেই জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় এই জঙ্গি হামলার হুমকির প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয়। প্রত্যাশা ছিল—সরকার অন্তত নিজের মান রক্ষায় পূর্বঘোষিত এই হামলা প্রতিরোধে উদ্যোগ নেবে। কিন্তু সরকার যখন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এসব ঘটনার সঙ্গে যুক্ত কিংবা পরিকল্পিতভাবে প্রশ্রয় দিচ্ছে—তখন তাদের কাছে সুরক্ষা চাওয়ার অর্থ কী, সেই প্রশ্নও উচ্চারিত হয় আলোচনায়।


অনুষ্ঠানে উদীচী বাংলা স্কুলের ছোট ছোট শিক্ষার্থীরা অংশ নেয় চিত্রাঙ্কনে। কাঁপা কাঁপা হাতে তারা এঁকেছে মেঠোপথ, নদী, সবুজ গাছপালা—আর তাতে অনিবার্যভাবে উঠে এসেছে লাল-সবুজের পতাকা, বাংলাদেশের মানচিত্র ও স্মৃতিসৌধ। প্রতিটি ছবিই ছিল এতটাই সুন্দর যে, কোনটি কোনটির চেয়ে শ্রেষ্ঠ—তা নির্ণয় করা কঠিন হয়ে পড়ে।
সংগঠনের সীমিত পরিসরে ঘরোয়া পরিবেশে আয়োজিত এই অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন বাঙালীয়ানা’র সম্পাদক সাগর লোহানী, ডা. আজিজুল হক, এবং বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্ল্যারা রোজারিও ও সাধারণ সম্পাদক কল্লোল দাশ।
শোক প্রস্তাব পাঠ করেন প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক ও উদীচীর নেতা জাকির হোসেন বাচ্চু।
সাংস্কৃতিক পর্বে অংশ নেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের অন্যতম আবৃত্তিশিল্পী সুচরিত দত্ত, সাংস্কৃতিক সংগঠক ও ফটোগ্রাফার মিনহাজ আহম্মেদ শাম্মু, সংগীত পরিচালক রফিকুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ও মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, সহ–সাধারণ সম্পাদক লিলি মজুমদার, কৌতুক শিল্পী শহীদ উদ্দীন, সংগীত শিল্পী ইমন বিশ্বাস, জুলি খাস্তগীর, উদীচী জ্যামাইকা শাখার সাংস্কৃতিক সম্পাদক ফুলু রায় চৌধুরী, রাবেয়া বেগম, উদীচীর সংগীত শিল্পী স্নিগ্ধা আচার্য, কণ্ঠ ও গীটার শিল্পী সুপর্ণা সরকার রীমা, সুপ্রিয়া চৌধুরী, শুভ্রা উর্মি প্রমুখ।


এছাড়া শিশুশিল্পী ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় রায়ওসী বিশ্বাস, আছিমা হোসেন, অদ্বৈতা নন্দী, কৃতিকা নন্দী, সোনিয়া আকতার, আদিত্য সরকার, আয়ুস্মান বিশ্বাস, প্রিয়ম দে, আজহার উদ্দীন, পূর্ণা দে।
উল্লেখ্য, গত ২১ ডিসেম্বর ২০২৫, রবিবার বিকেল ৪টায়, নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে সংগীত স্কুল মিলনায়তনে এই তাৎপর্যপূর্ণ বিজয় দিবসের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়—যা হুমকি ও উৎকণ্ঠার মধ্যেও মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থাকার এক স্পষ্ট বার্তা বহন করে।