Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কের কুইন্স ভিলেজ মহাকালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী লোকনাথ বাবার রাখের উপবাস পালন: ভক্তদের মঙ্গল কামনায় পূজা, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, আরতি ও ভজন-কীর্তন; শতাধিক ভক্তের অংশগ্রহণে মুখরিত মন্দির প্রাঙ্গণ

নিউইয়র্কের কুইন্স ভিলেজ মহাকালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী লোকনাথ বাবার রাখের উপবাস পালন: ভক্তদের মঙ্গল কামনায় পূজা, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, আরতি ও ভজন-কীর্তন; শতাধিক ভক্তের অংশগ্রহণে মুখরিত মন্দির প্রাঙ্গণ

নিউইয়র্কের কুইন্স ভিলেজ মহাকালী মন্দিরে ধর্মীয় ভাবগাম্ভীর্যে শ্রীশ্রী লোকনাথ বাবার রাখের উপবাস পালন: ভক্তদের মঙ্গল কামনায় পূজা, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, আরতি ও ভজন-কীর্তন; শতাধিক ভক্তের অংশগ্রহণে মুখরিত মন্দির প্রাঙ্গণ

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কুইন্স ভিলেজ মহাকালী মন্দিরে গত ১০ নভেম্বর ২০২৬, মঙ্গলবার, গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার পবিত্র কার্তিকী ব্রত বা রাখের উপবাস পালন করা হয়েছে। প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও পরিবারের সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য এবং ভক্তবৃন্দের সার্বিক মঙ্গল কামনায় দিনব্যাপী পূজা, ঘৃতপ্রদীপ প্রজ্বালন, অন্নভোগ, আরতি ও ভজন-কীর্তনের আয়োজন করা হয় ।

মহাকালী মন্দিরের বিশিষ্ট পৌরহিত টিটন আচার্য্যের নিজস্ব উদ্যোগ ও সার্বিক আয়োজনে অনুষ্ঠিত এ ধর্মীয় উৎসবে বিপুলসংখ্যক সনাতন ধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেন। পূজাকে কেন্দ্র করে মন্দির প্রাঙ্গণে সৃষ্টি হয় এক পবিত্র, শান্তিময় ও ভক্তিমুখর পরিবেশ। নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের ভক্তদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

সন্ধ্যা ৫টা ১ মিনিটে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়। সন্ধ্যা ৬টা ১ মিনিটে অনুষ্ঠিত হয় পুষ্পাঞ্জলি এবং সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ভক্তরা শ্রদ্ধা ও ভক্তিভরে ঘৃতপ্রদীপ প্রজ্বালন করেন। শতাধিক ভক্তের প্রদীপ প্রজ্বালন ও প্রার্থনায় মন্দির প্রাঙ্গণ আলোকিত হয়ে ওঠে। পূজা ও আরতি শেষে ভজন-কীর্তন পরিবেশিত হয়। পরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় ।

পূজায় পৌরহিত্য করেন কুইন্স ভিলেজ মহাকালী মন্দিরের পৌরহিত টিটন আচার্য্য ও শ্রী স্বপন ভট্টাচার্য্য। পূজার প্রতিটি পর্বে ভক্তদের আন্তরিক অংশগ্রহণ এবং সম্মিলিত প্রার্থনা অনুষ্ঠানটিকে বিশেষ তাৎপর্যপূর্ণ করে তোলে।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিশিষ্ট পৌরহিত টিটন আচার্য্য বলেন, বাবা লোকনাথের অমর বাণী জলে, জঙ্গলে যখনই বিপদে পড়িবে, আমাকে স্মরণ করিও, তোমাদের রক্ষা করিব—এই বিশ্বাস ও আদর্শকে হৃদয়ে ধারণ করেই ভক্তরা তাঁর শরণাপন্ন হন। বাবা লোকনাথের জীবনাদর্শ মানবপ্রেম, সত্য, সেবা, সহিষ্ণুতা ও পরোপকারের শিক্ষা দেয়। তাঁর কৃপা ও আশীর্বাদে মানুষের জীবনের সব বিপদ-আপদ দূর হোক, এটাই ভক্তদের প্রার্থনা।

তিনি আরও বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর নির্যাতন, হত্যা, ধর্ষণ, হয়রানি এবং মিথ্যা মামলায় সনাতন ধর্মাবলম্বীদের গ্রেফতারের মতো ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা, মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। বাবা লোকনাথের চরণে আমাদের প্রার্থনা, তিনি যেন নির্যাতিত, নিপীড়িত ও বিপদগ্রস্ত মানুষকে রক্ষা করেন এবং সবার জীবনে শান্তি, নিরাপত্তা ও মঙ্গল প্রতিষ্ঠা করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, শিবকল্পতরু পরমহংস শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার অশেষ কৃপা এবং ভক্তবৃন্দের অচলা ভক্তি, আন্তরিক সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কারণেই দিনব্যাপী এই ধর্মীয় অনুষ্ঠান সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। যেসব ভক্ত উপস্থিত থেকে বাবা লোকনাথ ও মা কালীর পূজা, প্রার্থনা এবং সেবায় অংশ নিয়েছেন, তাঁদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে ঈশ্বর ও বাবা লোকনাথের কৃপায় সবার জীবন আনন্দ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্যে পরিপূর্ণ হয়ে উঠুক বলে প্রার্থনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহাকালী মন্দিরের প্রেসিডেন্ট ডা. নিহার সরকার, সুহাষ চক্রবর্তী, দেবাশীষ নাথ, চন্দনা ভট্টাচার্য্য, পঙ্কজ রায়, নান্টু দেব, দিপাল দেব, অমিত চৌধুরি, পিপলু দাস, আশুতোষ দাসসহ মন্দিরের কর্মকর্তা, ভক্তবৃন্দ ও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা।

উল্লেখ্য, শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার স্মরণে পালিত রাখের উপবাস সনাতন ধর্মাবলম্বীদের কাছে গভীর আধ্যাত্মিক তাৎপর্য বহন করে। ভক্তরা এই ব্রত পালনের মধ্য দিয়ে পরিবার-পরিজনের কল্যাণ, রোগমুক্তি, বিপদ থেকে পরিত্রাণ এবং বিশ্বমানবতার শান্তি কামনা করেন। প্রবাসের ব্যস্ত জীবনে এ ধরনের ধর্মীয় আয়োজন নতুন প্রজন্মের কাছে সনাতন ধর্মের ঐতিহ্য, আচার-অনুষ্ঠান ও আধ্যাত্মিক মূল্যবোধ তুলে ধরার পাশাপাশি প্রবাসী বাঙালিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।