Logo

ইউএসএ নিউজ    >>   আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার-আলঝেইমারসহ জটিল রোগের অবসান হবে: আশা অ্যানথ্রপিক প্রধানের

আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার-আলঝেইমারসহ জটিল রোগের অবসান হবে: আশা অ্যানথ্রপিক প্রধানের

আগামী ১০ বছরের মধ্যেই ক্যানসার-আলঝেইমারসহ জটিল রোগের অবসান হবে: আশা অ্যানথ্রপিক প্রধানের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ এমনকি মানসিক অসুস্থতার চিকিৎসায় আগামী এক দশকের মধ্যেই বৈপ্লবিক পরিবর্তন আসতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারিও আমোদেই। তার মতে, এআইয়ের অগ্রগতির ফলে এসব রোগের চিকিৎসা ও প্রতিরোধে এমন সাফল্য আসতে পারে, যা একসময় চিকিৎসাবিজ্ঞানের বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচিত হতো।

গত মঙ্গলবার (১০ নভেম্বর) অ্যানথ্রপিকের ৪২ মিনিটের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) প্রচার অনুষ্ঠানের শেষ পর্যায়ে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। দারিও মনে করেন, এআইয়ের সহায়তায় জীববিজ্ঞান গবেষণা, ওষুধ আবিষ্কার এবং নতুন চিকিৎসাপদ্ধতি উদ্ভাবনের কাজ অভূতপূর্ব গতিতে এগিয়ে নেওয়া সম্ভব। প্রযুক্তিটির সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে আগামী ১০ বছরেরও কম সময়ে ক্যানসার, আলঝেইমার, হৃদ্‌রোগ ও মানসিক অসুস্থতার মতো জটিল রোগ একসময় অতীত হয়ে যেতে পারে।

তার মতে, এআইয়ের সহায়তায় হাজার বছর ধরে অমীমাংসিত চিকিৎসাবিজ্ঞানের অনেক সমস্যারও সমাধান সম্ভব। চিকিৎসাবিজ্ঞানে এআইয়ের সম্ভাবনা নিয়ে এমন আশাবাদী অবস্থান শুধু দারিও আমোদেইয়ের নয়। প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক এবং গুগলের এআই বিভাগের প্রধান ডেমিস হাসাবিসও মনে করেন, এই প্রযুক্তি চিকিৎসাক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

ডেমিস হাসাবিসের মতে, এআইয়ের সাহায্যে ওষুধ আবিষ্কারের প্রক্রিয়া অনেক দ্রুত করা সম্ভব। যে গবেষণা সম্পন্ন করতে আগে ১০ বছর সময় লাগত, এআইয়ের সহায়তায় তা কয়েক সপ্তাহের মধ্যেই এগিয়ে নেওয়া যেতে পারে। এক্ষেত্রে তিনি গুগলের আলফাফোল্ড (AlphaFold) প্রযুক্তির উদাহরণ দিয়েছেন। এই প্রযুক্তির সাহায্যে এখন পর্যন্ত ২০ কোটির বেশি প্রোটিনের গঠন শনাক্ত করা হয়েছে। ফলে জীববিজ্ঞান গবেষণায় নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে।

অন্যদিকে, ইলন মাস্কের প্রত্যাশা, এআইয়ের অগ্রগতির ফলে একসময় বিশ্বের সাধারণ মানুষও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মতো উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন। অর্থাৎ, উন্নত চিকিৎসাকে আরও সহজলভ্য করে তুলতে পারে এই প্রযুক্তি। তবে এআইয়ের সম্ভাবনা নিয়ে আশাবাদের পাশাপাশি বাস্তব চ্যালেঞ্জের কথাও তুলে ধরছেন ওষুধশিল্পের কর্মকর্তারা। তাদের মতে, গবেষণার গতি বাড়াতে এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারলেও কার্যকর ও নিরাপদ ওষুধ তৈরি এখনো বড় চ্যালেঞ্জ।

 

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ভার্টেক্স ফার্মাসিউটিক্যালসের নির্বাহী চেয়ারম্যান জেফ লেইডেন এ বিষয়ে সংশয় প্রকাশ করেছেন। তিনি জানান, তাদের প্রতিষ্ঠান প্রায় ৫০টি এআই কোম্পানির সহায়তায় ১০ হাজার ওষুধের উপাদান বিশ্লেষণ করিয়েছে। তবে এত বিশ্লেষণের পরও কোনো এআই কোম্পানি নিজে থেকে কার্যকর ওষুধ তৈরি করতে পারেনি।

বিশেষজ্ঞদের মতে, এআইয়ের সাহায্যে ওষুধের প্রাথমিক গবেষণা ও সম্ভাব্য উপাদান শনাক্তকরণ দ্রুত করা সম্ভব। তবে নতুন ওষুধের কার্যকারিতা ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রাণী ও মানুষের ওপর পরীক্ষা এবং ক্লিনিক্যাল ট্রায়াল অপরিহার্য। সাধারণত একটি নতুন ওষুধ বাজারে আনতে ১০ থেকে ১২ বছর সময় লাগে। এআইয়ের অগ্রগতি এই দীর্ঘ প্রক্রিয়ার সব ধাপ বাদ দিতে পারবে না।

জ্ঞানীয় বিজ্ঞানী গ্যারি মার্কাস ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ এরিক টোপোলও মনে করেন, বড় ধরনের চিকিৎসা আবিষ্কারের জন্য জীববিজ্ঞানের গভীর জ্ঞান প্রয়োজন। বর্তমান এআই প্রযুক্তির সেই সক্ষমতা এখনো পুরোপুরি তৈরি হয়নি। ২০২৬ সাল পর্যন্ত এআইয়ের সহায়তায় তৈরি কোনো ওষুধ পূর্ণাঙ্গ চিকিৎসায় ব্যবহারের অনুমোদন পায়নি বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা এ ক্ষেত্রে ১৯৭০-এর দশকের ক্যানসারবিরোধী কর্মসূচির উদাহরণ টেনে সতর্ক করেছেন। সে সময়ও চিকিৎসাবিজ্ঞানে বড় ধরনের সাফল্যের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে সেই প্রত্যাশা পুরোপুরি পূরণ হয়নি। তাদের আশঙ্কা, এআই নিয়ে অতিরিক্ত আশাবাদী পূর্বাভাস মানুষের মধ্যে চিকিৎসাবিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে অবাস্তব প্রত্যাশা তৈরি করতে পারে। তাই প্রযুক্তিটির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি এর প্রকৃত সক্ষমতা ও সীমাবদ্ধতা বিবেচনায় রাখাও জরুরি। সূত্র: এনডিটিভি, জাগোনিউজ