হেগসেথের অভিশংসন উদ্যোগে আপাতত স্বস্তি, প্রস্তাব পাঠানো হলো কমিটিতে
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথকে অভিশংসনের উদ্যোগ আপাতত আটকে দিয়েছে দেশটির প্রতিনিধি পরিষদ। এ ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে ১১ জন ডেমোক্র্যাট সদস্যের অনুপস্থিতি। তাদের অনুপস্থিতির সুযোগে রিপাবলিকানদের আনা একটি প্রক্রিয়াগত প্রস্তাব পাস হয়ে যায়। অনুপস্থিতির কারণ হিসেবে কয়েকজন ডেমোক্র্যাট সদস্য ওয়াশিংটন ডিসির যানজটের কথা উল্লেখ করেছেন।
মঙ্গলবার (১০ নভেম্বর) প্রতিনিধি পরিষদে ২১১-২০৪ ভোটে প্রস্তাবটি পাস হয়। এর ফলে হেগসেথের বিরুদ্ধে আনা অভিশংসনের প্রস্তাব পাঠানো হয়েছে বিচার বিভাগবিষয়ক কমিটিতে (House Judiciary Committee)। সেখানে প্রস্তাবটি অনির্দিষ্টকালের জন্য ঝুলে থাকতে পারে। বর্তমান কংগ্রেসের মেয়াদ শেষ হতে বাকি মাত্র আট সপ্তাহ। ফলে এই মেয়াদে অভিশংসনের প্রস্তাবটি আবারও প্রতিনিধি পরিষদে ওঠার সম্ভাবনা কম।
কী ছিল মঙ্গলবারের ভোটের বিষয়?
মঙ্গলবারের ভোটে হেগসেথকে অভিশংসন করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি। বরং তার বিরুদ্ধে আনা অভিশংসনের প্রস্তাব বিচার বিভাগবিষয়ক কমিটিতে পাঠানো হবে কি না, তা নিয়ে ভোটাভুটি হয়। রিপাবলিকান কংগ্রেস সদস্য থমাস ম্যাসি হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছিলেন। তার অভিযোগ, হেগসেথ ক্ষমতার অপব্যবহার করেছেন এবং অবৈধ সামরিক অভিযান পরিচালনা করেছেন।
ম্যাসি মঙ্গলবারের ভোটকে প্রস্তাবটি কার্যত বাতিল করার প্রক্রিয়াগত পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। ভোটে একমাত্র রিপাবলিকান সদস্য হিসেবে ম্যাসি প্রস্তাবটির বিরোধিতা করেন। অন্য রিপাবলিকানরা এর পক্ষে ভোট দেন। বিপরীতে ডেমোক্র্যাট সদস্যরা প্রস্তাবটির বিপক্ষে ভোট দেন।
অনুপস্থিত ছিলেন ১১ ডেমোক্র্যাট
ভোটের দিন প্রতিনিধি পরিষদের মোট ১৮ জন সদস্য অনুপস্থিত ছিলেন। তাদের মধ্যে ১১ জন ডেমোক্র্যাট এবং সাতজন রিপাবলিকান। অনুপস্থিত ডেমোক্র্যাট সদস্যরা হলেন—জুলিয়া ব্রাউনলি, লু কোরেয়া, ন্যান্সি পেলোসি, লরা গিলেন, স্টিভেন হর্সফোর্ড, জোনাথন জ্যাকসন, ব্রিটানি পিটারসেন, মেলানি স্ট্যান্সবুরি, হ্যালি স্টিভেনস, মেরিলিন স্ট্রিকল্যান্ড ও ফ্রেডেরিকা উইলসন।
এই ১১ জন সদস্য উপস্থিত থেকে দলের অন্য সদস্যদের সঙ্গে ভোট দিলে প্রস্তাবটি আটকে দেওয়া সম্ভব হতো। এতে হেগসেথের অভিশংসন নিয়ে প্রতিনিধি পরিষদে পূর্ণাঙ্গ ভোটের পথ তৈরি হতে পারত। অনুপস্থিতির কারণ হিসেবে বিভিন্ন ব্যাখ্যা দিয়েছেন ডেমোক্র্যাট সদস্যরা। মেরিলিন স্ট্রিকল্যান্ড, জোনাথন জ্যাকসন, মেলানি স্ট্যান্সবুরি ও লরা গিলেন ওয়াশিংটন ডিসির যানজটের কথা জানিয়েছেন।
ন্যান্সি পেলোসি নিজ অঙ্গরাজ্যে একটি প্রবীণ সেনাসদস্যদের অনুষ্ঠানে থাকার কথা জানান। লু কোরেয়া স্বাস্থ্যসংক্রান্ত একটি প্রক্রিয়ার আগে ক্যালিফোর্নিয়ায় ছিলেন। স্টিভেন হর্সফোর্ডের কার্যালয় থেকে ব্যক্তিগত জরুরি পরিস্থিতির কথা জানানো হয়। ব্রিটানি পিটারসেন বলেছেন, তাকে এই প্রস্তাবে ভোট দেওয়ার সুযোগ দেওয়া হয়নি। তবে এ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেননি তিনি।
জোনাথন জ্যাকসন, মেলানি স্ট্যান্সবুরি, লরা গিলেন, মেরিলিন স্ট্রিকল্যান্ড, স্টিভেন হর্সফোর্ড, ন্যান্সি পেলোসি ও ব্রিটানি পিটারসেন জানিয়েছেন, উপস্থিত থাকলে তারা প্রস্তাবটির বিপক্ষে ভোট দিতেন। তবে হ্যালি স্টিভেনস, জুলিয়া ব্রাউনলি ও ফ্রেডেরিকা উইলসন তাদের অনুপস্থিতির বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি।
ডেমোক্র্যাটদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ
ভোটের ফল প্রকাশের পর ডেমোক্র্যাট নেতা ও প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। ক্যালিফোর্নিয়ার কংগ্রেস সদস্য সিডনি কামলাগার-ডোভ বলেছেন, এই ভোটের বিষয়ে আগে থেকেই জানা ছিল। তাই সবার উপস্থিত থেকে দায়িত্ব পালন করা উচিত ছিল।
তিনি আরও বলেন, শুধু উপস্থিতির সমস্যার কারণে তাদের এই ভোটে হারার কোনো কারণ ছিল না। নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সায়েদও অনুপস্থিত সদস্যদের সমালোচনা করেছেন। তার মতে, নির্বাচিত প্রতিনিধিদের উপস্থিত থেকে নিজেদের দায়িত্ব পালন করা উচিত।
ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসের বিরুদ্ধেও সমালোচনা শুরু হয়েছে। আগামী জানুয়ারিতে তার প্রতিনিধি পরিষদের স্পিকার হওয়ার কথা। সমালোচকদের অভিযোগ, দলের সদস্যদের ভোটের জন্য একজোট করতে যথেষ্ট উদ্যোগ নেননি তিনি। রাজনৈতিক ভাষ্যকার ক্রিস্টাল বল ঘটনাটিকে জেফরিসের বড় ব্যর্থতা বলে মন্তব্য করেছেন। লেখক লরা বাসেটের অভিযোগ, জেফরিস সদস্যদের ভোটের বিষয়ে যথেষ্ট চাপ দেননি। বরং তাদের নিজেদের বিবেক অনুযায়ী ভোট দেওয়ার কথা বলেছিলেন।
হেগসেথকে কি এখনো অভিশংসন করা সম্ভব?
হ্যাঁ, হেগসেথের অভিশংসনের পথ পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে ডেমোক্র্যাটরা তার বিরুদ্ধে আবারও অভিশংসন প্রক্রিয়া শুরু করতে পারবেন। ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিস জানিয়েছেন, আগামী বছর হেগসেথের অভিশংসনের নতুন উদ্যোগ নেওয়া হবে কি না, তা নিয়ে দলের সদস্যদের সঙ্গে আলোচনা করবেন।
তবে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলেই কোনো কর্মকর্তাকে সরাসরি পদ থেকে অপসারণ করা যায় না। অভিশংসন হলো কোনো সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন। বিষয়টি অনেকটা ফৌজদারি মামলায় অভিযোগ গঠনের মতো।
প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হলে পরবর্তী বিচার অনুষ্ঠিত হয় সিনেটে। সেখানে দোষী সাব্যস্ত করতে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। অর্থাৎ আগামী বছর সিনেটে সংখ্যাগরিষ্ঠতা পেলেও হেগসেথকে পদ থেকে সরাতে ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্যসংখ্যক রিপাবলিকান সদস্যের সমর্থন প্রয়োজন হতে পারে।
এ পর্যন্ত যুক্তরাষ্ট্রের সিনেটে মাত্র আটজন সরকারি কর্মকর্তা দোষী সাব্যস্ত হয়েছেন। তাদের সবাই ছিলেন ফেডারেল বিচারক। এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দুইবার অভিশংসনের মুখে পড়েছিলেন। ২০১৯ সালের ডিসেম্বরে এবং ২০২১ সালের জানুয়ারিতে তার বিরুদ্ধে প্রতিনিধি পরিষদে অভিশংসনের প্রস্তাব পাস হয়। তবে দুইবারই সিনেটের ভোটাভুটিতে তিনি দোষী সাব্যস্ত হওয়া থেকে রক্ষা পান। সূত্র: আল-জাজিরা, জাগোনিউজ



















