বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপনের প্রস্তুতি, ৭ নভেম্বর নিউইয়র্কে বঙ্গবন্ধু পরিষদের বিশেষ সভা: জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা, ১৭ মার্চ ২০২৭-এর কর্মসূচি, ভেন্যু ও বাজেট চূড়ান্তকরণসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে হবে সিদ্ধান্ত
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে উদযাপনের লক্ষ্যে বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার। এ উপলক্ষে সংগঠনটির কার্যকরী কমিটির এক বিশেষ সভা এবং জেল হত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা আগামী ৭ নভেম্বর ২০২৬, শনিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে।
নিউইয়র্কের ব্রঙ্কসে অবস্থিত Prime Asian Lounge, 2245B Westchester Ave, Bronx, NY 10462 ঠিকানায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সভায় বিগত সভার কার্যবিবরণী পর্যালোচনার পাশাপাশি ২০২৭ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে বিস্তারিত কর্মসূচি নিয়ে আলোচনা করা হবে। কর্মসূচির মধ্যে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনের প্রস্তাব রয়েছে। পাশাপাশি অনুষ্ঠানস্থল বা ভেন্যু চূড়ান্তকরণ, উদযাপন উপকমিটি গঠন, দায়িত্ব বণ্টন এবং অনুষ্ঠান আয়োজনের জন্য প্রয়োজনীয় বাজেট প্রণয়নের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
এছাড়া সভায় বিবিধ বিষয় নিয়ে আলোচনা ও সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়ে মতবিনিময় হবে।
বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টারের সভাপতি সাখাওয়াত আলী ও সাধারণ সম্পাদক সুব্রত তালুকদার এক বিজ্ঞপ্তিতে কার্যকরী কমিটির সকল সম্মানিত নেতৃবৃন্দকে যথাসময়ে সভায় উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ, পরিকল্পনা ও সাংগঠনিক প্রস্তুতি গ্রহণই এ সভার অন্যতম প্রধান উদ্দেশ্য।
প্রচারে: কাজীরুল ইসলাম শিপন
প্রচার সম্পাদক, বঙ্গবন্ধু পরিষদ নিউইয়র্ক চ্যাপ্টার।



















