Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে মানবিক উদ্যোগে বিনামূল্যে ফ্লু টিকা প্রদান, টানা ১৪ বছর ধরে কমিউনিটির পাশে হিউম্যান সাপোর্ট করপোরেশন

নিউইয়র্কে মানবিক উদ্যোগে বিনামূল্যে ফ্লু টিকা প্রদান, টানা ১৪ বছর ধরে কমিউনিটির পাশে হিউম্যান সাপোর্ট করপোরেশন

নিউইয়র্কে মানবিক উদ্যোগে বিনামূল্যে ফ্লু টিকা প্রদান, টানা ১৪ বছর ধরে কমিউনিটির পাশে হিউম্যান সাপোর্ট করপোরেশন

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:

প্রবাসী বাংলাদেশিসহ নিউইয়র্কের সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে ফ্লু টিকা প্রদানের উদ্যোগ নিয়েছে মানবাধিকারভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হিউম্যান সাপোর্ট করপোরেশন। সংগঠনটির উদ্যোগে আগামী ২৫ অক্টোবর রোববার বিকেল ৫টা থেকে রাত ৮টা ৩০ মিনিট পর্যন্ত ২১তম টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে। এ নিয়ে টানা ১৪ বছর ধরে শীতকালীন ফ্লু প্রতিরোধে বিনামূল্যে টিকা প্রদানের এই মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

নিউইয়র্কের জ্যাকসন হাইটসে ৩৭-২২, ৭৩ স্ট্রিটের দ্বিতীয় তলায়, স্যুইট ২এ-তে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ওয়ালগ্রিনস ফার্মেসির পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত এ কর্মসূচিতে ফার্মেসিটির ব্যবস্থাপক ও ফার্মাসিস্ট কর্টিজা শাহ উপস্থিত থেকে টিকা প্রদান করবেন।

প্রতি বছর শীত মৌসুমে ইনফ্লুয়েঞ্জা বা ফ্লু ভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। এ ভাইরাস নাক, গলা ও ফুসফুসে সংক্রমণ ঘটিয়ে শ্বাসতন্ত্রের অসুস্থতা সৃষ্টি করতে পারে। বিশেষ করে বয়স্ক ব্যক্তি, শিশু এবং বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে থাকা মানুষের ক্ষেত্রে ফ্লু গুরুতর জটিলতা সৃষ্টি করতে পারে। উত্তর আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে মৌসুমি ইনফ্লুয়েঞ্জা প্রতিবছর অসুস্থতা ও মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। তাই সময়মতো টিকা গ্রহণ, স্বাস্থ্যবিধি মেনে চলা এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ফ্লুর সাধারণ লক্ষণগুলোর মধ্যে রয়েছে হঠাৎ জ্বর, নাক দিয়ে পানি পড়া, গলাব্যথা, শরীরে ব্যথা, পেশিতে যন্ত্রণা, মাথাব্যথা, শুকনো কাশি, অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা। শিশুদের ক্ষেত্রে কখনো কখনো বমি ও ডায়রিয়াও দেখা দিতে পারে। আক্রান্ত ব্যক্তির কাশি, হাঁচি বা কথা বলার সময় নির্গত সংক্রমণকারী কণার মাধ্যমে ভাইরাস ছড়াতে পারে। একইভাবে দূষিত কোনো পৃষ্ঠ স্পর্শ করার পর অপরিষ্কার হাত দিয়ে চোখ, নাক বা মুখ স্পর্শ করলেও সংক্রমণের ঝুঁকি তৈরি হতে পারে।

আয়োজকদের মতে, যাঁদের স্বাস্থ্যবিমা রয়েছে, তাঁরা সাধারণত নিজস্ব চিকিৎসকের ক্লিনিক কিংবা ফার্মেসি থেকে ফ্লুর টিকা গ্রহণের সুযোগ পান। কিন্তু যাঁদের স্বাস্থ্যবিমা নেই, তাঁদের জন্য বিনামূল্যে টিকা প্রদানের এ উদ্যোগ বিশেষভাবে সহায়ক। একই সঙ্গে এই কর্মসূচির মাধ্যমে প্রবাসী কমিউনিটির মধ্যে ফ্লু প্রতিরোধ, টিকা গ্রহণ এবং সামগ্রিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে।

মানুষের সেবাকে মূলমন্ত্র হিসেবে ধারণ করে হিউম্যান সাপোর্ট করপোরেশন দীর্ঘদিন ধরে বিভিন্ন মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে। সংগঠনটির মূলমন্ত্র—মানুষ মানুষের জন্য। এই আদর্শকে সামনে রেখেই প্রতিবছর বিনামূল্যে ফ্লু টিকাদান কর্মসূচির আয়োজন করা হচ্ছে, যাতে আর্থিক অসচ্ছলতা কিংবা স্বাস্থ্যবিমার অভাবে কেউ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত না হন।

সংগঠনের সভাপতি মোহাম্মদ সোলায়মান আলী এবং সাধারণ সম্পাদক বাবু তপন কুমার সেন এ কর্মসূচি সফল করতে সাংবাদিক, সমাজকর্মী, কবি, লেখক, শিল্পী, পেশাজীবী, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং স্থানীয় সামাজিক সংগঠন ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের প্রতি সহযোগিতার আহ্বান জানিয়েছেন। তাঁরা মনে করেন, গণমাধ্যমে প্রচার এবং কমিউনিটির সম্মিলিত উদ্যোগের মাধ্যমে বিনামূল্যে টিকাদান কর্মসূচির বার্তা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব।

অতীতের বিভিন্ন মানবিক উদ্যোগে সংবাদ প্রকাশ ও জনসচেতনতা তৈরিতে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ। ভবিষ্যতেও প্রবাসী কমিউনিটির বৃহত্তর কল্যাণে স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রমের সংবাদ প্রচার ও জনসম্পৃক্ততা বাড়াতে তাঁরা সবার সহযোগিতা কামনা করেছেন।

আয়োজকদের প্রত্যাশা, নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশিসহ স্থানীয় বাসিন্দারা এ উদ্যোগের সুফল গ্রহণ করবেন এবং পরিবার, বন্ধু ও পরিচিতজনদেরও ফ্লু প্রতিরোধে সচেতন হতে উৎসাহিত করবেন। সুস্থ সমাজ গঠনে প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা গ্রহণ এবং মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে আরও বিস্তৃত করাই হিউম্যান সাপোর্ট করপোরেশনের লক্ষ্য।