বাংলাদেশ সোসাইটি নির্বাচন: নিউইয়র্কে সেলিম-আলী পরিষদের সমর্থনে চট্টগ্রামবাসীর বিশাল সমাবেশ, উন্নয়ন ও আধুনিকায়নের প্রতিশ্রুতি
জলি আহমেদ, প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটি ইনকের আসন্ন নির্বাচনকে ঘিরে জমে উঠেছে প্রচার-প্রচারণা। নির্বাচনে সেলিম-আলী পরিষদের সমর্থনে এবার সরব হয়েছেন প্রবাসী চট্টগ্রামবাসী। তাঁদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বিশাল নির্বাচনী ও মতবিনিময় সভা। এতে নিউইয়র্কের বিভিন্ন এলাকা থেকে চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশি, কমিউনিটি নেতৃবৃন্দ এবং ভোটাররা অংশ নিয়ে প্যানেলটির প্রতি সমর্থন জানান।
গত ৮ অক্টোবর ২০২৬, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় জ্যামাইকার জেশন পার্টি হলে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৫ অক্টোবর বাংলাদেশ সোসাইটি ইনকের নির্বাচন সামনে রেখে আয়োজিত এ সমাবেশে সংগঠনের ভবিষ্যৎ, চলমান উন্নয়নমূলক কর্মকাণ্ড, নতুন প্রজন্মের সম্পৃক্ততা এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের বিষয়গুলো গুরুত্ব পায়।
প্রবাসী চট্টগ্রামবাসীর এ আয়োজনে নেতৃত্ব দেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের সভাপতি মাকসুদুল হক চৌধুরী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ এম বিল্লা এবং সাধারণ সম্পাদক মো. মাসুদ হোসেন সিরাজীসহ সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের বক্তব্যে বাংলাদেশ সোসাইটিকে প্রবাসীদের অধিকার, সামাজিক সংহতি ও পারস্পরিক সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে তুলে ধরা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশ সোসাইটির চলমান উন্নয়নমূলক প্রকল্পগুলোর সফল সমাপ্তি, সংগঠনের কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা এবং নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সঙ্গে সম্পৃক্ত করার জন্য অভিজ্ঞ নেতৃত্ব ও কার্যকর পরিকল্পনা প্রয়োজন। তাঁরা বর্তমান সভাপতি আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বাধীন সময়ের কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং সেলিম-আলী পরিষদের প্রতি সমর্থন জানান। একই সঙ্গে প্রবাসী চট্টগ্রামবাসীসহ বৃহত্তর বাংলাদেশি কমিউনিটির সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সভায় সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী উপস্থিত ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা নির্বাচিত হলে বাংলাদেশ সোসাইটিকে আরও আধুনিক, প্রযুক্তিনির্ভর ও সেবামুখী সংগঠন হিসেবে গড়ে তোলার পরিকল্পনা তুলে ধরেন।
তাঁদের ঘোষিত কর্মপরিকল্পনায় রয়েছে সোসাইটির কার্যক্রম ডিজিটাল প্ল্যাটফর্মে সম্প্রসারণ, প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানে ওয়ান-স্টপ সেবা চালুর উদ্যোগ এবং একটি স্থায়ী কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনা। নতুন অভিবাসী ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের প্রাথমিক সমস্যার সমাধানে সহায়তা, কর্মসংস্থান সম্পর্কে দিকনির্দেশনা এবং কারিগরি দক্ষতা বৃদ্ধির জন্য বিশেষ কর্মসূচি চালুর কথাও তাঁরা উল্লেখ করেন।
এ ছাড়া প্রবাসে বেড়ে ওঠা দ্বিতীয় প্রজন্মের মধ্যে বাংলা ভাষা ও দেশীয় সংস্কৃতির চর্চা জোরদার, প্রবীণদের অভিজ্ঞতা কাজে লাগাতে মেন্টরশিপ নেটওয়ার্ক গঠন এবং মানসিক স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধিতে কাউন্সেলিং সেল চালুর পরিকল্পনার কথা তুলে ধরেন প্রার্থীরা। তাঁদের বক্তব্যে প্রবাসীদের দৈনন্দিন সমস্যা সমাধান, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং সংগঠনের সেবামূলক কার্যক্রম সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়।
সভায় সেলিম-আলী পরিষদের প্রার্থীদের পরিচয় তুলে ধরা হয়। সভাপতি পদপ্রার্থী আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ আলী, সিনিয়র সহসভাপতি পদপ্রার্থী মো. মহিউদ্দীন দেওয়ান, সহসভাপতি পদপ্রার্থী মো. কামরুজ্জামান কামরুল, সহসাধারণ সম্পাদক পদপ্রার্থী হারুন চেয়ারম্যান, কোষাধ্যক্ষ পদপ্রার্থী নওশাদ হায়দার, সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী ডিউক খান, সাংস্কৃতিক সম্পাদক পদপ্রার্থী অনিক রাজ, জনসংযোগ ও প্রচার সম্পাদক পদপ্রার্থী রিজু মোহাম্মদ, সমাজকল্যাণ সম্পাদক পদপ্রার্থী মুনসুর আহমেদ, সাহিত্য সম্পাদক পদপ্রার্থী রুমানা আহমেদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদপ্রার্থী হাসান খান, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদপ্রার্থী এ এস এম মাইন উদ্দীন বাবলু, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক পদপ্রার্থী শাহনাজ হোসেন এবং যুব ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদপ্রার্থী জাহাঙ্গীর শহীদ সোহরাওয়ার্দী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এ ছাড়া কার্যকরী সদস্য পদপ্রার্থী মো. উজ্জ্বল বিপুল, সারোয়ার খান বাবু, মো. এ মান্নান, শামীম আহমেদ, মো. আব্দুল মালেক খান ও কাজী রবিউজ্জামান সভায় অংশ নেন। তাঁরা উপস্থিত প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্যানেলের কর্মপরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ট্রাস্টি বোর্ড ও বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের সাবেক সদস্য, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান সিরাজী। তাঁর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন।
উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক হাজী এনাম, জ্যামাইকা নির্বাচন কমিটির প্রধান সমন্বয়কারী সিরাজুল ইসলাম লিপন, জ্যামাইকা সেন্টারের আহ্বায়ক মো. ফারুক হোসেন মজুমদার, সদস্যসচিব জে মোল্লা সানি, যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, সদস্যসচিব কাজী এম আর খান সেলিম, যুগ্ম সদস্যসচিব ইসলাম হোসেন শিপন এবং যুগ্ম আহ্বায়ক ফারুক হোসেন।
চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাজী শফিউল আলম, আহসান হাবীব, ফখরুল ইসলাম চৌধুরী, ফজলুল কাদের চৌধুরী ও মুজিবুর হক। সংগঠনের কর্মকর্তাদের মধ্যে ছিলেন সিনিয়র সহসভাপতি মুক্তাদির বিল্লাহ, সহসভাপতি আইয়ুব আনসারী, যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল হোসেন ভূঁইয়া, কোষাধ্যক্ষ সুমন উদ্দিন, দপ্তর সম্পাদক শিমুল বড়ুয়া, সহদপ্তর সম্পাদক জয়নাল আবেদীন আতিক এবং ক্রীড়া সম্পাদক জাহেদুল আজম জাহিদ। এ ছাড়া ট্রাস্টি বোর্ডের সদস্য ও প্রতিষ্ঠাতা সদস্য হাসান চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আরও অংশ নেন বাংলাদেশ সোসাইটির সাবেক সহসাধারণ সম্পাদক সিরাজউদ্দিন সোহাগ, ঢাকা জেলা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. বাসেত রহমান, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম স্বপন, সাবেক সভাপতি আরিফ চৌধুরী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাবেক সহসভাপতি খবির উদ্দিন, সেলিম পাটোয়ারী, ফারুক হোমেন রনি ও জালাল উদ্দিন আহমদসহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা।
সভা শেষে আয়োজক প্রবাসী চট্টগ্রামবাসী, নিউইয়র্ক-এর নেতৃবৃন্দ উপস্থিত অতিথি, সমর্থক ও ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানান। আগামী ২৫ অক্টোবর ব্যালটের মাধ্যমে সেলিম-আলী পরিষদের পুরো প্যানেলকে বিজয়ী করার প্রত্যাশাও ব্যক্ত করেন তাঁরা।
নৈশভোজ ও সৌহার্দ্যপূর্ণ মতবিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বাংলাদেশ সোসাইটির নির্বাচনকে সামনে রেখে আঞ্চলিক সংগঠনগুলোর এ ধরনের সভা প্রবাসী কমিউনিটির সাংগঠনিক যোগাযোগ ও নির্বাচনী প্রচারণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে নির্বাচনের চূড়ান্ত ফল নির্ধারিত হবে ভোটারদের রায়ে।
প্রবাসীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব যে-ই আসুক, বাংলাদেশ সোসাইটি যেন ভাষা, সংস্কৃতি, সামাজিক সম্প্রীতি এবং প্রবাসীদের কল্যাণে আরও কার্যকর ভূমিকা পালন করে।



















