মাত্র ২০ মিনিটে NVR সেবা, নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেটে দ্রুত ও পেশাদার সেবায় সন্তোষ
হাকিকুল ইসলাম খোকন, প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা প্রদানের ক্ষেত্রে নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটের কার্যক্রমে দ্রুততা, শৃঙ্খলা ও পেশাদারিত্বের ইতিবাচক অভিজ্ঞতা পাওয়া গেছে। মাত্র প্রায় ২০ মিনিটের মধ্যে No Visa Required for Travel to Bangladesh (NVR) সেবা সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন একজন সেবাগ্রহীতা। গত ৫ অক্টোবর ২০২৬, সোমবার নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে সরেজমিনে উপস্থিত থেকে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করেন সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন।
নিউইয়র্কের লং আইল্যান্ড সিটির 31-10 37th Avenue, Suite 201, Long Island City, NY 11101-এ অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটে ওই সেবাগ্রহীতা NVR-এর জন্য আবেদন করেন। কনস্যুলেটে যাওয়ার আগে একই ভবনের Suite 204-এ অবস্থিত UniBen LLC-তে তাঁর আবেদনপত্র প্রস্তুত করা হয়। প্রতিষ্ঠানটির CEO শাহরিন আক্তার প্রয়োজনীয় আবেদনপত্র ও কাগজপত্র প্রস্তুতে সহযোগিতা করেন। এ সেবার জন্য ১২ ডলার নেওয়া হয়।
আবেদনপত্র প্রস্তুতের পর প্রয়োজনীয় স্থানে স্বাক্ষর করে সেবাগ্রহীতা বাংলাদেশ কনস্যুলেটে যান। NVR-এর জন্য ৯০ দশমিক ৬৪ ডলার ফি ক্রেডিট কার্ডের মাধ্যমে পরিশোধ করা হয়। এরপর কনস্যুলেটের কাউন্টার-২-এ তাঁর যুক্তরাষ্ট্রের পাসপোর্ট জমা নিলে তা গ্রহণ করেন প্রটোকল অফিসার মো. তসলিমুল ইসলাম।
প্রটোকল অফিসার জানান, প্রায় ৪৫ মিনিটের মধ্যে পাসপোর্ট প্রস্তুত হতে পারে। তবে বাস্তবে নির্ধারিত সময়ের আগেই NVR প্রস্তুত হয়ে যায় এবং প্রায় ২০ মিনিটের মধ্যেই সেবাটি সম্পন্ন হয়।
সেবা গ্রহণের সময় কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হক সংশ্লিষ্ট সেবাগ্রহীতার সঙ্গে কথা বলেন এবং সেবা গ্রহণের বিষয়ে খোঁজ নেন। কনস্যুলার কর্মকর্তা-কর্মচারীদের সমন্বিত কার্যক্রম ও দ্রুততার কারণে অল্প সময়ের মধ্যেই প্রয়োজনীয় সেবা সম্পন্ন হওয়ায় সেবাগ্রহীতা সন্তোষ প্রকাশ করেন।
সরেজমিনে পুরো প্রক্রিয়াটি পর্যবেক্ষণ করে সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন জানান, কনস্যুলেটে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা, ভদ্র আচরণ, কাজের সমন্বয় এবং দ্রুত সেবা প্রদানের বিষয়টি তাঁর কাছে ইতিবাচক মনে হয়েছে। বিশেষ করে প্রটোকল অফিসার মো. তসলিমুল ইসলামের পেশাদার আচরণ ও সহযোগিতার বিষয়টি তিনি উল্লেখ করেন।
সেবার দ্রুততার বিষয়ে জানতে চাইলে প্রটোকল অফিসার মো. তসলিমুল ইসলাম কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকের নেতৃত্ব ও দিকনির্দেশনার কথা উল্লেখ করেন।
হাকিকুল ইসলাম খোকন বলেন, প্রবাসীদের জন্য কনস্যুলার সেবা সহজ, দ্রুত, স্বচ্ছ ও মানবিক করা হলে বাংলাদেশি কমিউনিটির সঙ্গে কনস্যুলেটের সম্পর্ক আরও শক্তিশালী হবে। দীর্ঘ অপেক্ষা ও অপ্রয়োজনীয় ভোগান্তি কমিয়ে পেশাদার সেবা নিশ্চিত করা প্রবাসীদের মধ্যে আস্থা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি কনসাল জেনারেল মোহাম্মদ মোজাম্মেল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক সহযোগিতার প্রশংসা করেন এবং প্রবাসী বাংলাদেশিদের জন্য এ ধরনের দ্রুত ও সুশৃঙ্খল সেবা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।



















