Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কের বাংলাদেশ স্ট্রিটে ADDA-এর দ্বিতীয় শাখার জমকালো উদ্বোধন: জ্যাকসন হাইটসবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান—সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত খাবার ও আড্ডার নতুন ঠিকানা

নিউইয়র্কের বাংলাদেশ স্ট্রিটে ADDA-এর দ্বিতীয় শাখার জমকালো উদ্বোধন: জ্যাকসন হাইটসবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান—সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত খাবার ও আড্ডার নতুন ঠিকানা

নিউইয়র্কের বাংলাদেশ স্ট্রিটে ADDA-এর দ্বিতীয় শাখার জমকালো উদ্বোধন: জ্যাকসন হাইটসবাসীর দীর্ঘ অপেক্ষার অবসান—সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত খাবার ও আড্ডার নতুন ঠিকানা

প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশি অধ্যুষিত বাংলাদেশ স্ট্রিটে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে জমকালো আয়োজনে শুভ উদ্বোধন হলো জনপ্রিয় রেস্টুরেন্ট ADDA-এর দ্বিতীয় শাখার। গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে বিপুলসংখ্যক আমন্ত্রিত অতিথি, ব্যবসায়ী, কমিউনিটি নেতৃবৃন্দ, শুভাকাঙ্ক্ষী ও গ্রাহকের উপস্থিতিতে নতুন এই শাখার আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়।

উদ্বোধনকে ঘিরে রেস্টুরেন্টজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। অতিথি ও গ্রাহকদের স্বাগত জানাতে ছিল বিশেষ আয়োজন। রেস্টুরেন্টের অভ্যন্তরীণ সাজসজ্জা, আধুনিক পরিবেশ, খাবারের বৈচিত্র্য এবং বিশেষ ফুচকা স্টোর উপস্থিত অতিথিদের দৃষ্টি আকর্ষণ করে। বাঙালির ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ও আধুনিক রেস্টুরেন্ট পরিবেশের সমন্বয়ে ADDA-এর দ্বিতীয় শাখাটি জ্যাকসন হাইটসের খাদ্যপ্রেমীদের জন্য নতুন একটি মিলনস্থল হিসেবে গড়ে তোলার প্রত্যাশা করছেন উদ্যোক্তারা।

রেস্টুরেন্ট হিসেবে ADDA ইতোমধ্যে নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে পরিচিতি অর্জন করেছে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও ADDA-এর উপস্থিতি উল্লেখযোগ্য। উদ্যোক্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ADDA-এর কনটেন্ট ইতোমধ্যে দেড় কোটিরও বেশি মানুষের কাছে পৌঁছেছে। খাবার, পরিবেশ ও গ্রাহকসেবাকে কেন্দ্র করে অনলাইনেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।

ADDA-এর মালিক মো. আমীনুল ইসলাম মিঠু বলেন, গ্রাহকদের সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দ্বিতীয় শাখার যাত্রা শুরু করা হয়েছে। খাবারের মান, পরিচ্ছন্নতা এবং গ্রাহকসেবার ক্ষেত্রে কোনো ধরনের আপস করা হবে না।

তিনি বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে জ্যাকসন হাইটসের মানুষকে মানসম্মত খাবার ও আন্তরিক সেবা দেওয়া। সকালের নাশতা থেকে শুরু করে দুপুর ও রাতের খাবার—সব ক্ষেত্রেই খাবারের মান ও স্বাদ বজায় রাখতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। যারা ব্যস্ততার কারণে বাসায় রান্না করতে পারেন না, তাদের জন্যও ADDA নিয়মিত খাবারের নির্ভরযোগ্য ঠিকানা হিসেবে সেবা দিতে প্রস্তুত।

উদ্যোক্তা জানান, প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৪টা পর্যন্ত ADDA-এর দ্বিতীয় শাখা খোলা থাকবে। ফলে সকালের নাশতা, দুপুরের খাবার, বিকেলের নাস্তা কিংবা গভীর রাতের খাবারের জন্যও গ্রাহকরা এখানে আসতে পারবেন।

তিনি আরও বলেন, গ্রাহকদের মতামত ও অভিযোগকে তারা অত্যন্ত গুরুত্ব দেন। কোনো গ্রাহকের খাবার, সেবা বা অন্য কোনো বিষয়ে অভিযোগ থাকলে সরাসরি কর্তৃপক্ষকে জানানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথি ও গ্রাহকদের অনেকেই ADDA-এর নতুন শাখার পরিবেশ, সাজসজ্জা ও খাবারের আয়োজনের প্রশংসা করেন। বিশেষ করে ঐতিহ্যবাহী ফুচকাকে কেন্দ্র করে আলাদা আয়োজন এবং বিভিন্ন ধরনের খাবারের সমাহার উপস্থিতদের মধ্যে আগ্রহ সৃষ্টি করে।

জ্যাকসন হাইটসের বাংলাদেশ স্ট্রিট দীর্ঘদিন ধরেই প্রবাসী বাংলাদেশিদের কেনাকাটা, খাবার ও সামাজিক যোগাযোগের অন্যতম প্রাণকেন্দ্র। সেই ব্যস্ত এলাকায় ADDA-এর দ্বিতীয় শাখার যাত্রা শুরু হওয়ায় স্থানীয় বাংলাদেশি কমিউনিটিতে তৈরি হয়েছে নতুন আগ্রহ। উদ্যোক্তাদের প্রত্যাশা, মানসম্মত খাবার, আন্তরিক গ্রাহকসেবা এবং দীর্ঘ সময় খোলা রাখার সুবিধার মাধ্যমে ADDA-এর নতুন শাখা অল্প সময়ের মধ্যেই গ্রাহকদের আস্থা অর্জন করবে।

খাবারের পাশাপাশি পরিবার, বন্ধু ও পরিচিতজনদের নিয়ে সময় কাটানো এবং বাঙালির স্বাভাবিক আড্ডার পরিবেশকে গুরুত্ব দেওয়ায় ADDA নামটিও যেন তার উদ্দেশ্যের সঙ্গে মিশে গেছে। নতুন শাখার মাধ্যমে সেই খাবার ও আড্ডার অভিজ্ঞতা আরও বিস্তৃত পরিসরে জ্যাকসন হাইটসবাসীর কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েই শুরু হলো ADDA-এর দ্বিতীয় অধ্যায়।