তারেক রহমানকে স্বাগত জানাতে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির প্রস্তুতি সভা: জেএফকে বিমানবন্দরে অভ্যর্থনা ও শান্তিপূর্ণ কর্মসূচির প্রস্তুতি, উসকানিতে পা না দেওয়ার আহ্বান
প্রজ্ঞা নিউজ ডেস্ক, নিউইয়র্ক:
জাতিসংঘের ৮১তম সাধারণ অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিউইয়র্ক আগমন উপলক্ষে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি। এ উপলক্ষে সংগঠনটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ১৫ সেপ্টেম্বর রাতে ব্রঙ্কসের একটি পার্টি হাউসে এ সভা অনুষ্ঠিত হয়। নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপির সভাপতি আহবাব চৌধুরী খোকনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফয়েজ চৌধুরী।
সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, জিল্লুর রহমান জিল্লু, যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক কোষাধ্যক্ষ জসীম ভূঁইয়া, আব্দুস সবুর, ডা. আব্দুস সবুর, ইঞ্জিনিয়ার আব্দুল খালেক, ড. নুরুল আমিন পলাশ ও জাফর তালুকদার।
সভায় বক্তব্য রাখেন কাজী আমিনুল ইসলাম স্বপন, আনোয়ার জাহিদ, আব্দুর রহিম, লিয়াকত আলী, আনোয়ারুল আলম ভূঁইয়া, শরিফ শামীম শিবলী ও জিয়াউল আহমদ জামিল।
প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন খোকন বলেন, বিএনপি একটি সুশৃঙ্খল রাজনৈতিক দল। দলের নেতাকর্মীদের আচরণ ও কর্মসূচির মধ্য দিয়ে সেই শৃঙ্খলার প্রমাণ দিতে হবে। তিনি জানান, আগামী ২১ সেপ্টেম্বর সংগঠনের পক্ষ থেকে জেএফকে বিমানবন্দরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানানো হবে।
তিনি আরও বলেন, তারেক রহমান যতদিন নিউইয়র্কে অবস্থান করবেন, ততদিন দলীয়ভাবে তাঁকে স্বাগত জানিয়ে নগরীর বিভিন্ন স্থানে শান্তিপূর্ণ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। এসব কর্মসূচিতে দলের সর্বস্তরের নেতাকর্মীরা অংশ নেবেন।
আনোয়ার হোসেন খোকন বলেন, বিদেশের মাটিতে দল ও দেশের ভাবমূর্তি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে। কোনো ধরনের উসকানির মুখে এমন কোনো কর্মকাণ্ড করা যাবে না, যাতে দল বা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
সভাপতির বক্তব্যে আহবাব চৌধুরী খোকন বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত রয়েছেন। কর্মসূচি যাতে কোনো ধরনের উসকানির কারণে বিঘ্নিত না হয়, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকতে হবে।
সভায় নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি এবং এর অধীন চারটি ব্যুরো কমিটির বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।



















