প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবিসহ বিশেষ ১ ডলারের মুদ্রা বাজারে আনল যুক্তরাষ্ট্র
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি সংবলিত বিশেষ ১ ডলারের মুদ্রা বাজারে এনেছে যুক্তরাষ্ট্র। বুধবার (২ সেপ্টেম্বর) থেকে মুদ্রাটির বিক্রি শুরু হয়েছে। সোনালি রঙের বিশেষ এই মুদ্রার এক পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মুখচ্ছবি। অন্য পাশে রয়েছে যুক্তরাষ্ট্রের গ্রেট সিল। চলতি বছর যুক্তরাষ্ট্রের কমিশন অব ফাইন আর্টস মুদ্রাটির নকশা অনুমোদন করে। কমিশনের সদস্যদের নিয়োগ দিয়েছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মুদ্রাটিতে ট্রাম্পের প্রতিকৃতির ওপরে অর্ধবৃত্তাকারে লেখা রয়েছে ‘LIBERTY’। নিচে রয়েছে ‘1776 ~ 2026’। মুদ্রাটির অপর পাশে যুক্তরাষ্ট্রের গ্রেট সিলের প্রতীক হিসেবে একটি টাক ঈগলকে এক পায়ে তীর এবং অন্য পায়ে জলপাইয়ের ডাল ধরে থাকতে দেখা যায়। ঈগলের ঠোঁটে থাকা ফিতায় লেখা ‘E PLURIBUS UNUM’, যার অর্থ ‘অনেকের মধ্য থেকে এক’। বিশেষ এই মুদ্রাগুলো বৈধ মুদ্রা হিসেবে ব্যবহার করা যাবে।
যুক্তরাষ্ট্রের মিন্ট জানিয়েছে, দেশটির গৌরবময় ঐতিহ্যের ২৫০ বছরকে সম্মান জানাতেই বিশেষ মুদ্রাগুলো তৈরি করা হয়েছে। মুদ্রাগুলোতে ‘July 4’ লেখা থাকবে, যা যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ঘোষণাপত্র গ্রহণের বার্ষিকীকে নির্দেশ করে। মুদ্রাগুলো দেখতে সোনালি হলেও এতে প্রকৃত কোনো সোনা নেই। যুক্তরাষ্ট্রের মিন্টের তথ্য অনুযায়ী, প্রতিটি মুদ্রায় ৮৮ দশমিক ৫ শতাংশ তামা রয়েছে। বাকি অংশে রয়েছে জিংক, ম্যাঙ্গানিজ ও নিকেল।
মিন্টের নির্ধারিত মূল্য অনুযায়ী, ২৫টি মুদ্রার একটি রোলের দাম ৬১ ডলার এবং ১০০টি মুদ্রার একটি ব্যাগের দাম ১৫৪ দশমিক ৫০ ডলার। বর্তমানে প্রতিটি পরিবার সর্বোচ্চ দুটি অর্ডার দিতে পারবে। বুধবার রাতে মিন্টের ওয়েবসাইটে মুদ্রাটি অর্ডারের জন্য উন্মুক্ত করা হলেও তখন মজুত শেষ হয়ে যায়। অতিরিক্ত সরবরাহ তৈরির কাজ চলছে বলে জানানো হয়েছে।
এদিকে, গত মে মাসে যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানিয়েছিলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতিকৃতিসংবলিত নতুন ২৫০ ডলারের নোট চালুর পরিকল্পনা করছে তার বিভাগ। তবে ফেডারেল আইনে জীবিত ব্যক্তির প্রতিকৃতি যুক্তরাষ্ট্রের কাগুজে মুদ্রায় ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। ট্রাম্পের মিত্র কয়েকজন আইনপ্রণেতা এ ক্ষেত্রে ব্যতিক্রম রাখার প্রস্তাব দিলেও তা এখনো অগ্রসর হয়নি।
বেসেন্ট তখন উল্লেখ করেছিলেন, অতীতেও একজন জীবিত আমেরিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের মুদ্রায় স্থান পেয়েছিলেন। ১৯২৬ সালে যুক্তরাষ্ট্রের ১৫০তম বার্ষিকী উপলক্ষে প্রকাশিত একটি অর্ধ-ডলার মুদ্রায় তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজের প্রতিকৃতি ব্যবহার করা হয়েছিল।
ট্রাম্প প্রশাসন ২০২০ সালে পাস হওয়া ‘Circulating Collectible Coin Redesign Act’-এর কথাও উল্লেখ করেছে। ওই আইনে মুদ্রার পেছনের অংশে জীবিত ব্যক্তির প্রতিকৃতি ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও সামনের অংশের ক্ষেত্রে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। নতুন ১ ডলারের মুদ্রায় ট্রাম্পের প্রতিকৃতি সামনের অংশেই রাখা হয়েছে।
অন্যদিকে, ১৮৬৬ সালের থেয়ার সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রের কাগুজে নোটে জীবিত কোনো ব্যক্তির প্রতিকৃতি ব্যবহার নিষিদ্ধ। প্রচলিত ব্যাখ্যায় এই বিধান মুদ্রার ক্ষেত্রে প্রযোজ্য নয়। সূত্র: বিবিসি, জাগোনিউজ



















