‘তোমরা কেমন আছ?’—ঝরঝরে বাংলায় নিউইয়র্কের হাই স্কুল শিক্ষার্থীদের শুভেচ্ছা মেয়র মামদানির
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য ২ হাজারের বেশি বিনামূল্যের ব্রডওয়ে টিকিটের ঘোষণা দিয়ে চমক সৃষ্টি করেছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে টিকিট ঘোষণার চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে তাঁর সাবলীল বাংলায় দেওয়া বার্তা।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে নিউইয়র্কের হাই স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশে স্পষ্ট ও ঝরঝরে বাংলায় মেয়র মামদানিকে বলতে শোনা যায়, “নিউইয়র্ক শহরের হাই স্কুলের পড়ুয়ারা, তোমরা কেমন আছ?”
শুধু শুভেচ্ছা জানানোতেই থেমে থাকেননি তিনি। বাংলায় পুরো কর্মসূচির বিস্তারিত তুলে ধরে শিক্ষার্থীদের লটারিতে অংশ নেওয়ার আহ্বান জানান মেয়র। তাঁর এই সাবলীল বাংলা উচ্চারণ ইতোমধ্যে নিউইয়র্কের বাঙালি ও দক্ষিণ এশীয় কমিউনিটির মধ্যে বিশেষ আগ্রহ তৈরি করেছে।
মেয়র মামদানির ঘোষিত কর্মসূচির আওতায় নিউইয়র্ক শহরের নির্বাচিত হাই স্কুলের শিক্ষার্থীদের জন্য লটারির মাধ্যমে ২ হাজারের বেশি বিনামূল্যের ব্রডওয়ে টিকিট দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তরুণদের জন্য বিশ্বখ্যাত ব্রডওয়ে থিয়েটারকে আরও সহজলভ্য করে তোলাই কর্মসূচিটির অন্যতম লক্ষ্য—বিশেষ করে যেসব শিক্ষার্থীর পরিবারের পক্ষে নিয়মিত ব্রডওয়ে টিকিট কেনা সম্ভব নয়।
থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ড (TDF)-এর সহযোগিতায় পরিচালিত এই লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীরা সাতটি ব্রডওয়ে শো দেখার সুযোগ পাবেন। প্রত্যেক বিজয়ী সর্বোচ্চ দুটি টিকিট পাওয়ার সুযোগ পাবেন।
ভিডিও বার্তায় বাংলায় মেয়র মামদানি বলেন, নিউইয়র্ক সিটির পক্ষ থেকে ব্রডওয়ে শো দেখার জন্য ২ হাজারের বেশি টিকিট বিনামূল্যে দেওয়া হচ্ছে। তিনি শিক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে ওয়েবসাইটে গিয়ে লটারিতে নাম নিবন্ধনের আহ্বান জানান।
এ কর্মসূচির আরেকটি বিশেষ সুবিধার কথাও বাংলায় তুলে ধরেন মেয়র। তিনি জানান, লটারিতে অংশগ্রহণকারীরা থিয়েটার ডেভেলপমেন্ট ফান্ডের দুই মাসের বিনামূল্যের সদস্যপদ পাওয়ার সুযোগ পাবেন।
ভিডিওর শেষদিকে শিক্ষার্থীদের উদ্দেশে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে মেয়র মামদানি বলেন, “ঠিক আছে, তাহলে শো-তে দেখা হচ্ছে।”
মেয়রের কার্যালয় ও তাঁর ব্যক্তিগত সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে বাংলা ছাড়াও ম্যান্ডারিন, স্প্যানিশ ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে। বহুভাষিক এই প্রচারণাকে নিউইয়র্কের বৈচিত্র্যময় জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি যোগাযোগের একটি দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।
বিশেষ করে বাংলায় মেয়র মামদানির অনর্গল বক্তব্য নিউইয়র্কের বিশাল বাংলাদেশি ও বাংলা ভাষাভাষী কমিউনিটির দৃষ্টি কেড়েছে। শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ব্রডওয়ে দেখার সুযোগ এবং একই সঙ্গে বাংলায় মেয়রের সরাসরি যোগাযোগ—দুই কারণে কর্মসূচিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।
তথ্য: সন্ধান ,আনন্দবাজার ডট কম।



















