Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে প্রথমবারের মতো বসছে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক আসর, ২ আগস্ট শুরু ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’

নিউইয়র্কে প্রথমবারের মতো বসছে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক আসর, ২ আগস্ট শুরু ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’

নিউইয়র্কে প্রথমবারের মতো বসছে বাংলা চলচ্চিত্রের আন্তর্জাতিক আসর, ২ আগস্ট শুরু ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক অঙ্গনে বাংলা চলচ্চিত্রের নতুন দিগন্ত উন্মোচন করতে আগামী ২ আগস্ট নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যাল’-এর প্রথম আসর। বাংলা ভাষার চলচ্চিত্রকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরা, নতুন নির্মাতাদের উৎসাহিত করা এবং বিশ্বব্যাপী বাংলা সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে এই আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই প্রবাসী বাঙালি ও চলচ্চিত্রাঙ্গনে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে।

প্রিয়জন ফিল্মস ও লেমন স্টুডিও-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ উৎসবে সার্বিক সহযোগিতা করছে আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ)। মূল আয়োজনের আগে ৩০ জুলাই থেকে ১ আগস্ট পর্যন্ত তিন দিনব্যাপী নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হবে। এরপর ২ আগস্ট অনুষ্ঠিত হবে জমকালো সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

উৎসবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র—এই তিন বিভাগে নির্বাচিত বাংলা চলচ্চিত্র প্রদর্শিত হবে। পাশাপাশি বিভিন্ন ক্যাটাগরিতে সেরা শিল্পী, নির্মাতা ও কলাকুশলীদের সম্মাননা প্রদান করা হবে। এছাড়া থাকবে রেড কার্পেট, সাংস্কৃতিক পরিবেশনা এবং দেশ-বিদেশের খ্যাতিমান চলচ্চিত্র ব্যক্তিত্ব, অভিনেতা-অভিনেত্রী, নির্মাতা ও অতিথিদের অংশগ্রহণ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালকে ভবিষ্যতে বাংলা চলচ্চিত্রের একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্য নিয়েই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ফেস্টিভ্যালের আহ্বায়ক অলিভ আহমেদ বলেন, “আমরা আমেরিকায় বাংলা চলচ্চিত্রের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই। শুধু আনুষ্ঠানিকতা নয়, সত্যিকারের মেধাবী নির্মাতা ও শিল্পীদের মূল্যায়নের পরিবেশ সৃষ্টি করাই আমাদের লক্ষ্য।”

সদস্য সচিব লিটু আনাম জানান, আমেরিকান বাংলাদেশি প্রডিউসার অ্যাসোসিয়েশন (এবিপিএ) ইতোমধ্যে আশ্বাস দিয়েছে, উৎসবে নির্বাচিত ও পুরস্কারপ্রাপ্ত মেধাবী নির্মাতাদের ভবিষ্যৎ চলচ্চিত্র নির্মাণে বিনিয়োগের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। উৎসবের ফেস্টিভ্যাল ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন চলচ্চিত্র নির্মাতা পিকলু চৌধুরী এবং প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে রয়েছেন তানভীর সানি।

তিন দিনের চলচ্চিত্র প্রদর্শনীতে ৩০ জুলাই প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিলাই’, তথ্যচিত্র ‘কনসার্ট ফর বাংলাদেশ’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নয়া মানুষ’। ৩১ জুলাই প্রদর্শিত হবে ‘ইশপাইট’, ‘The Eternal Journey’ এবং পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দেয়ালের দেশ’। ১ আগস্ট প্রদর্শিত হবে ‘আমেরিকান ড্রিম’, ‘ঈদ মোবারক’, ‘বিশ্বাস করেন ভাই’ এবং ‘শিকড়’।

ফেস্টিভ্যালের প্রথম আসর উপলক্ষে ২০২৩ থেকে ২০২৫ সালের বাংলা চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ ২০টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হবে। এছাড়া বাংলা চলচ্চিত্রের বিশ্বায়নে বিশেষ অবদানের জন্য বায়োস্কোপ ফিল্মস এবং বাংলাদেশের সিনেমা হলের আধুনিকায়ন, দর্শকদের প্রেক্ষাগৃহমুখী করা ও দেশীয় চলচ্চিত্রের বাজার সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় স্টার সিনেপ্লেক্স-কে বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

বাংলা চলচ্চিত্রে আজীবন অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কিংবদন্তি অভিনেতা আহমেদ শরীফ-কে প্রদান করা হবে আজীবন সম্মাননা পদক। ইতোমধ্যে বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য সংখ্যক চলচ্চিত্র তারকা, নির্মাতা ও কলাকুশলী নিউইয়র্কে পৌঁছেছেন। আয়োজকদের প্রত্যাশা, এই উৎসব যুক্তরাষ্ট্রে বাংলা চলচ্চিত্রের নতুন সম্ভাবনার দুয়ার উন্মোচন করবে এবং বিশ্বমঞ্চে বাংলা সিনেমার মর্যাদা আরও সুদৃঢ় করবে।