Logo

ইউএসএ নিউজ    >>   দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা: ‘পেট পোরেদ্দে তোআর লাই, কইলজা জ্বলের তোআর লাই’ স্লোগানে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার পিকনিক-২০২৬

দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা: ‘পেট পোরেদ্দে তোআর লাই, কইলজা জ্বলের তোআর লাই’ স্লোগানে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার পিকনিক-২০২৬

দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসীর মিলনমেলা: ‘পেট পোরেদ্দে তোআর লাই, কইলজা জ্বলের তোআর লাই’ স্লোগানে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকার পিকনিক-২০২৬

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য, সংস্কৃতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও দৃঢ় করার প্রত্যয়ে নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর বহুল প্রতীক্ষিত ‘পিকনিক-২০২৬’।  গত ১২ জুলাই ২০২৬, রবিবার নিউইয়র্কের মনোরম হেকশের স্টেট পার্কে (Heckscher State Park) আয়োজিত এ প্রাণবন্ত মিলনমেলায় অংশ নেন প্রায় দুই হাজার প্রবাসী চট্টগ্রামবাসী।

এবারের পিকনিকের প্রতিপাদ্য ছিল— ‘পেট পোরেদ্দে তোআর লাই, কইলজা জ্বলের তোআর লাই’। চট্টগ্রামের আঞ্চলিক ভাষা, সংস্কৃতি ও আন্তরিকতার আবহে দিনব্যাপী এ আয়োজন পরিণত হয় প্রবাসী চাটগাঁইয়াদের এক অনন্য মিলন উৎসবে।

অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও আব্দুল কাদের মিয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আব্দুল কাদের মিয়া। সংগঠনের সভাপতি মোহাম্মদ আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে তিনি প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও সামাজিক বন্ধন ধরে রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের প্রশংসা করেন।

অনুষ্ঠানের শুরুতেই সভাপতি মোহাম্মদ আবু তাহের উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানান। পুরো আয়োজনের সার্বিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুল ইসলাম।

সকাল থেকেই হেকশের স্টেট পার্কে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। দীর্ঘদিন পর স্বজন, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে মিলিত হয়ে প্রবাসীরা কোলাকুলি, চট্টগ্রামের মধুর আঞ্চলিক ভাষায় কুশল বিনিময় এবং স্মৃতিচারণে মেতে ওঠেন। নতুন প্রজন্মের মাঝেও চাটগাঁইয়া সংস্কৃতি ও ভাষার প্রতি আগ্রহ তৈরিতে এ আয়োজন বিশেষ ভূমিকা রাখে।

পিকনিকে অতিথিদের জন্য সকালের নাস্তায় ছিল কলা ও ক্রসান্ট। শিশুদের জন্য আয়োজন করা হয় ছবি আঁকা প্রতিযোগিতা ও বিভিন্ন খেলাধুলা। নারীদের বালিশ খেলা অনুষ্ঠানে যোগ করে বাড়তি আনন্দ। দুপুরে পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী ও সুস্বাদু খাবার। পাশাপাশি তরমুজ, ঝালমুড়ি ও মিষ্টি পানের আয়োজন অংশগ্রহণকারীদের প্রশংসা কুড়ায়।

সাংস্কৃতিক পর্বে জনপ্রিয় শিল্পী টিনা রাসেল, রাজিবসহ অন্যান্য শিল্পীদের গান, নৃত্য ও মনোমুগ্ধকর পরিবেশনায় মুখর হয়ে ওঠে পিকনিক প্রাঙ্গণ। দিনব্যাপী আয়োজনের শেষ আকর্ষণ ছিল র‍্যাফেল ড্র, যেখানে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন পুরস্কার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুর রহিম, সাবেক সভাপতি মুহাম্মদ হানিফ, কাজী শাখাওয়াত হোসেন আজম, প্রতিষ্ঠাতা কোষাধ্যক্ষ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আলহাজ শামসুল আলম চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক ও ট্রাস্টি বোর্ড সদস্য আলহাজ মনির আহমেদ, প্রধান উপদেষ্টা মুহাম্মদ সেলিম, সাবেক সাধারণ সম্পাদক আফসার উদ্দিন, সিপিএ সারওয়ার জামান, ট্রাস্টি বোর্ডের কো-চেয়ারম্যান কামাল হোসেন মিঠুসহ সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা।

এছাড়া পিকনিক সফল করতে আহ্বায়ক মোহাম্মদ শফিকুল আলম, সদস্য সচিব চৌধুরী আজিজ, প্রধান সমন্বয়কারী মোহাম্মদ ঈসাসহ বিভিন্ন কমিটির দায়িত্বপ্রাপ্ত সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে চট্টগ্রামের ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ও পারস্পরিক সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়াই এ ধরনের আয়োজনের মূল লক্ষ্য। অতিথিরা চিটাগাং এসোসিয়েশন অব নর্থ আমেরিকা ইনক.-এর সুশৃঙ্খল ব্যবস্থাপনা, আন্তরিক আতিথেয়তা ও পারিবারিক পরিবেশের ভূয়সী প্রশংসা করেন।

সংগঠনের নেতৃবৃন্দ পিকনিক সফল করতে সহযোগিতাকারী সকল পৃষ্ঠপোষক, স্বেচ্ছাসেবক, শিল্পী, অতিথি ও অংশগ্রহণকারীদের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে প্রবাসে চট্টগ্রামের ঐতিহ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।