Logo

ইউএসএ নিউজ    >>   ট্রুথ সোশ্যলে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি!

ট্রুথ সোশ্যলে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি!

ট্রুথ সোশ্যলে ডোনাল্ড ট্রাম্পের পোস্ট আগে পেতে মাসে ১ লাখ ডলার ফি!

ট্রাম্পের পোস্ট সবার আগে পেতে মাসে ১ লাখ ডলার! ট্রুথ সোশ্যালের নতুন সেবা ঘিরে বিতর্ক

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এর পোস্ট দ্রুততম সময়ে পাওয়ার সুবিধা দিতে ওয়াল স্ট্রিটের ট্রেডার ও বিনিয়োগ প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে মাসে সর্বোচ্চ ১ লাখ ডলার পর্যন্ত ফি নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। বিষয়টি সম্পর্কে অবগত একাধিক সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সূত্রগুলোর দাবি, ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ (TMTG) কিছু প্রতিষ্ঠানের কাছে তিন বছরের চুক্তির ক্ষেত্রে মাসিক ৬০ হাজার ডলারের ছাড়মূল্যের একটি প্যাকেজও প্রস্তাব করেছে। গত বৃহস্পতিবার TMTG ‘ট্রুথ এপিআই (Truth API)’ নামে একটি লাইসেন্সভিত্তিক ডেটা সেবার ঘোষণা দেয়। এর মাধ্যমে ব্যাংক, হেজ ফান্ড এবং উচ্চগতির ট্রেডিং প্রতিষ্ঠানগুলো ট্রুথ সোশ্যালের সবচেয়ে প্রভাবশালী ১০টি অ্যাকাউন্টের পোস্ট অন্যদের তুলনায় দ্রুত পাওয়ার সুযোগ পাবে।

যদিও কোম্পানিটি আনুষ্ঠানিকভাবে কোনো মূল্য ঘোষণা করেনি, তবে এটিকে তাদের ডেটা লাইসেন্সিং ব্যবসার প্রথম বড় পদক্ষেপ এবং নতুন আয়ের উৎস হিসেবে দেখা হচ্ছে। এ ঘোষণার পরই যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিতর্ক শুরু হয়। সিনেটের ফাইন্যান্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য সিনেটর রন ওয়াইডেন অভিযোগ করেন, এই উদ্যোগের মাধ্যমে ট্রাম্প পরিবারের আর্থিক লাভ হবে এবং ওয়াল স্ট্রিটের বড় ট্রেডাররা আরও সুবিধা পাবে।

অন্যদিকে, সিনেট ব্যাংকিং কমিটির শীর্ষ ডেমোক্র্যাট এলিজাবেথ ওয়ারেন একে প্রেসিডেন্টের পদ ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হওয়ার "জঘন্য পরিকল্পনা" বলে মন্তব্য করেছেন।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্ট প্রায়ই শেয়ারবাজারে তাৎক্ষণিক প্রভাব ফেলে। ২০২৫ সালের ৯ এপ্রিল ট্রাম্প নতুন শুল্ক (ট্যারিফ) ৯০ দিনের জন্য স্থগিত রাখার ঘোষণা দেওয়ার পর ওয়াল স্ট্রিটের প্রধান সূচকগুলো দ্রুত ঊর্ধ্বমুখী হয়েছিল। বিশেষজ্ঞদের ভাষ্য, উচ্চগতির (হাই-ফ্রিকোয়েন্সি) ট্রেডিং প্রতিষ্ঠানগুলোর জন্য মাত্র কয়েক মিলিসেকেন্ড আগে তথ্য পাওয়াও বড় লেনদেনে লাখ লাখ ডলার অতিরিক্ত মুনাফা এনে দিতে পারে।

নিয়ন্ত্রক নথি অনুযায়ী, ডোনাল্ড জে. ট্রাম্প রিভোকেবল ট্রাস্ট TMTG-এর প্রায় ৪১ শতাংশ শেয়ারের মালিক। ট্রাস্টটি ট্রাম্পের সন্তানরা পরিচালনা করলেও এর আর্থিক সুবিধার চূড়ান্ত উপকারভোগী ট্রাম্প নিজেই।

এদিকে, ওয়াশিংটনের অলাভজনক নজরদারি সংস্থা Citizens for Responsibility and Ethics in Washington (CREW)-এর সভাপতি ডোনাল্ড শেরম্যান বলেন, প্রেসিডেন্টের পোস্ট দ্রুত পাওয়ার বিনিময়ে অর্থ নেওয়ার ব্যবস্থা গুরুতর নৈতিক প্রশ্নের জন্ম দেয়। তবে বর্তমান আইন অনুযায়ী এটি অবৈধ কি না, তা এখনো স্পষ্ট নয়। চলতি বছরে TMTG-এর শেয়ারের দাম প্রায় ২৭ শতাংশ কমেছে। শুক্রবার (১৭ জুলাই) কোম্পানিটির শেয়ারের মূল্য ছিল ৯ দশমিক ৬৬ ডলার, আর বাজারমূল্য ছিল প্রায় ২ দশমিক ৭ বিলিয়ন ডলার। সূত্র: রয়টার্স, জাগোনিউজ