নিউইয়র্কে কবি ফররুখ আহমদ স্মরণে ‘প্রবাহ’-এর সাহিত্যসভা: বাংলা সাহিত্য-সংস্কৃতি ও মুসলিম নবজাগরণের চেতনায় কবির অবদান তুলে ধরে আলোচনা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলা সাহিত্যের প্রখ্যাত কবি ফররুখ আহমদের সাহিত্য, দর্শন ও মুসলিম নবজাগরণের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার প্রত্যয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে অনুষ্ঠিত হয়েছে সাহিত্য সংগঠন ‘প্রবাহ’-এর ১৮তম সাহিত্যসভা ও স্মরণানুষ্ঠান। গত ২০ জুন ২০২৬ শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে কবি, সাহিত্যিক, সাংবাদিক, আবৃত্তিশিল্পী ও সংস্কৃতিকর্মীরা অংশ নিয়ে ফররুখ আহমদের সাহিত্যকর্ম ও সাংস্কৃতিক অবদান নিয়ে আলোচনা করেন।
সংগঠনের সভাপতি কে. এম. ফজলুল হক-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান আলোচক ছিলেন নিউইয়র্কের বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট রিমন ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সোহেল হামিদ।
কবি আবুল বাশার-এর কণ্ঠে অর্থসহ পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে আহসানুর রহমান খান ফররুখ আহমদকে নিয়ে রচিত একটি প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধে তিনি কবির রচনায় মুসলিম নবজাগরণ, প্রকৃতিপ্রেম, ধর্মীয় কুসংস্কারের বিরুদ্ধে অবস্থান এবং ইসলামী সাহিত্যচর্চার বিভিন্ন দিক বিশ্লেষণ করেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব ইউএসএ-এর সভাপতি মোহাম্মদ ছোলাইমান কবি ফররুখ আহমদের বিখ্যাত কবিতা পাঞ্জেরী আবৃত্তি করেন। সোহেল হামিদ কবিকে উৎসর্গ করে তাঁর স্বরচিত কবিতা ও মাঝি কোথায় তুমি পাঠ করেন। বিশিষ্ট কবি নূরুল মোস্তফা রইসী তাঁর স্বরচিত নগ্নতা, জরা আর মৃত্যুর রাতে কবিতা আবৃত্তি করেন। এছাড়া বিশিষ্ট বাচিকশিল্পী নাসিরুল আলম পান্থ কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর একটি কবিতা আবৃত্তি করে উপস্থিত দর্শকদের মুগ্ধ করেন।
প্রধান আলোচক রিমন ইসলাম বলেন, একটি জাতিকে ধ্বংস করতে হলে প্রথমেই তার সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করা হয়। তিনি বলেন, বাংলা সাহিত্য ও সংস্কৃতিতে বিভিন্ন প্রভাব থাকলেও মুসলিম সংস্কৃতির পুনর্জাগরণে কাজী নজরুল ইসলামের পর কবি ফররুখ আহমদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি এ প্রসঙ্গে কবি জসীম উদ্দিন, শিল্পী আব্বাস উদ্দিন, কবি আল মাহমুদ এবং প্রয়াত কবি আল মুজাহিদী-এর অবদানের কথাও স্মরণ করেন। পাশাপাশি তিনি সাংস্কৃতিক আগ্রাসন ও আধিপত্যবাদের বিরুদ্ধে সচেতন হয়ে নিজস্ব সাহিত্য-সংস্কৃতির চর্চা জোরদারের আহ্বান জানান।
আলোচনা পর্বে জাকির হোসেন বাচ্চু, সাইদুর রহমান সাইদ এবং আদর্শ বড়ুয়া জনি কবি ফররুখ আহমদের সাহিত্যকীর্তি ও সমাজচিন্তা নিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
সাহিত্য, আবৃত্তি ও আলোচনায় সমৃদ্ধ এ স্মরণসভা প্রবাসে বাংলা সাহিত্য-সংস্কৃতির চর্চা ও ফররুখ আহমদের সাহিত্যচেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।



















