নিউইয়র্কে ৮ আগস্ট ‘জুলাই স্মরণ’: ডাইভার্সিটি প্লাজায় বিশ্বব্যাপী ঐক্য ও গণতান্ত্রিক চেতনার বার্তা—জুলাই বিপ্লবের শহীদদের স্মরণে দিনব্যাপী আন্তর্জাতিক আয়োজনে থাকছে সাংস্কৃতিক পরিবেশনা, প্রদর্শনী, থিংক ট্যাঙ্ক সেশন ও সম্মাননা প্রদান
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের ঐতিহাসিক জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে নিউইয়র্কে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশেষ আন্তর্জাতিক স্মরণ অনুষ্ঠান ‘জুলাই স্মরণ’। আগামী ৮ আগস্ট শনিবার জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় যথাযোগ্য মর্যাদা, আন্তর্জাতিক সংহতি ও গণতান্ত্রিক চেতনার আলোকে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।
প্যাট্রিয়টস অব বাংলাদেশ এবং বাংলাদেশি-আমেরিকান প্যাট্রিয়টসের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির বিস্তারিত জানাতে ৮ জুলাই বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলন পরিচালনা করেন এ. কে. আব্দুল কাদের।
সংবাদ সম্মেলনে জানানো হয়, জুলাই বিপ্লবের দ্বিতীয় বার্ষিকী উদযাপনের লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. শেখ মিজানকে প্রধান করে একটি উদযাপন কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ড. আবিদ বাহার, ডা. জুনুন চৌধুরী, মোহাম্মদ আজিজুর রহমান, রহমত উল্লাহ, হাজী আনোয়ার হোসেন লিটন, এমদাদ চৌধুরী দীপু, মিসবাহ উদ্দিন আহমদ, এ. কে. আব্দুল কাদের, আবুল কালাম আজাদ, রেজাউল করিম, নূরুল হক চৌধুরী, জাবেদ আহমদ, আব্দুল আলীম এবং দীপন গাজী।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ অধ্যায়। এই আন্দোলন স্বাধীনতা, গণতন্ত্র, মানবাধিকার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নতুন এক বার্তা বহন করে। শহীদদের আত্মত্যাগ এবং আহত সংগ্রামীদের অবদান স্মরণ করে তারা বলেন, ‘জুলাই স্মরণ’ কেবল অতীতকে স্মরণ করার অনুষ্ঠান নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের কাছে ইতিহাস ও গণতান্ত্রিক মূল্যবোধ পৌঁছে দেওয়ার একটি আন্তর্জাতিক উদ্যোগ।
আয়োজকরা জানান, ৮ আগস্ট দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত হবে এ মহতী আয়োজন। অনুষ্ঠানের শুরুতে থাকবে পবিত্র কুরআন তিলাওয়াত ও বিশেষ দোয়া। এরপর জুলাই বিপ্লবের শহীদদের স্মরণ, বিশেষ করে শহীদ ওসমান বিন হাদির আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হবে।
দিনব্যাপী অনুষ্ঠানে থাকবে দেশাত্মবোধক ও সংগ্রামী সংগীত, ইসলামী নাশীদ, সাংস্কৃতিক পরিবেশনা, আবৃত্তি, গণসংগীত এবং বিপ্লবভিত্তিক নানা উপস্থাপনা।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে “জান দেবো, কিন্তু জুলাই দেবো না” শীর্ষক আন্তর্জাতিক স্মরণ, শ্রদ্ধা ও ঐক্য অনুষ্ঠান। এছাড়া “ভয়াবহতা থেকে বিজয়: জুলাই বিপ্লব” শিরোনামে আর্ট, আলোকচিত্র ও ঐতিহাসিক প্রদর্শনী এবং ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে আন্তর্জাতিক থিংক ট্যাঙ্ক সেশনে দেশ-বিদেশের বিশেষজ্ঞরা “প্রতিরোধ থেকে পুনর্গঠন” প্রতিপাদ্যে রাষ্ট্রবিজ্ঞান, শান্তি ও নিরাপত্তা, মানববিজ্ঞান, প্রযুক্তি, গণিত ও ডাটা অ্যানালিটিক্স এবং ইতিহাস ও সামাজিক মনোবিজ্ঞান নিয়ে আলোচনা করবেন।
এছাড়াও অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের বক্তব্য, গণমাধ্যম সাক্ষাৎকার, কমিউনিটি নেটওয়ার্কিং এবং জুলাই বিপ্লবের বীর যোদ্ধা, শহীদ পরিবার, আহত সংগ্রামী, মানবাধিকার কর্মী, কমিউনিটি সাংবাদিক, গণমাধ্যম ব্যক্তিত্ব ও স্বেচ্ছাসেবকদের সম্মাননা প্রদান করা হবে।
আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, নিউইয়র্কের এই আন্তর্জাতিক আয়োজনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মানবাধিকারকর্মী, গবেষক, শিক্ষাবিদ, নীতিনির্ধারক ও প্রবাসী বাংলাদেশিদের কাছে জুলাই বিপ্লবের ইতিহাস, আত্মত্যাগ এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বার্তা পৌঁছে দেওয়া হবে।
সংবাদ সম্মেলনে মোহাম্মদ আজিজুর রহমান ও প্রফেসর ড. শেখ মিজান সকল প্রবাসী বাংলাদেশি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, গণমাধ্যম, মানবাধিকারকর্মী এবং সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উই আর দ্য পিপলস’-এর প্রধান জ্যাকব মিল্টন, কবি কাজী জহিরুল ইসলাম, ড. নিজাম উদ্দিন (NYU), ডা. জুনুন চৌধুরী, ড. শামীম আহমেদ (ইউনিভার্সিটি অব টেক্সাস), ড. কাওসার আহমেদ (NYU), গোলাপী বেগম, রুকসানা, এমদাদ চৌধুরী দীপু, হাজী আনোয়ার হোসেন, রকস্টার ব্যান্ডের ভোকাল বিপ্লব, শাহ ইসলাম, এমডি আশিক, এমডি আরমান, এমডি শফিক, এমডি রেজাউল করিম ও দীপন গাজীসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সূত্র: USA ONLINE.COM



















