উত্তর আমেরিকার ২০ অঙ্গরাজ্যের ৩১ শহরে একযোগে মুক্তি পাচ্ছে বাংলাদেশের আলোচিত চলচ্চিত্র ‘রইদ’
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের তরুণ নির্মাতা মেজবাউর রহমান সুমনের বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’ উত্তর আমেরিকায় বড় পরিসরে মুক্তি পাচ্ছে। বায়োস্কোপ ফিল্মসের ৫৫তম পরিবেশনা হিসেবে আগামী শুক্রবার, ২৬ জুন যুক্তরাষ্ট্রের ২০টি অঙ্গরাজ্যের ৩১টি শহরে একযোগে ছবিটি প্রদর্শিত হবে। উত্তর আমেরিকায় সাম্প্রতিক সময়ে কোনো বাংলা চলচ্চিত্রের অন্যতম বৃহৎ মুক্তি হিসেবে এটিকে দেখছেন সংশ্লিষ্টরা।
নিউইয়র্কে ছবিটির মুক্তি উপলক্ষে বুধবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসে আয়োজিত ‘বায়োস্কোপ আড্ডা’ অনুষ্ঠানে এ তথ্য জানান বায়োস্কোপ ফিল্মসের কর্ণধার রাজ হামিদ। তিনি বলেন, ভিন্নধর্মী গল্প, নির্মাণশৈলী ও আন্তর্জাতিক মানের উপস্থাপনার কারণে ইতোমধ্যেই বাংলাদেশে দর্শকদের প্রশংসা কুড়িয়েছে ‘রইদ’। এবার উত্তর আমেরিকার দর্শকদের কাছেও ছবিটি পৌঁছে দিতে পেরে তারা আনন্দিত।
রাজ হামিদ জানান, ছবিটির শুটিং হয়েছে ভারতের মেঘালয় এবং বাংলাদেশের শ্রীমঙ্গলে নির্মিত বিশেষ সেটে। সেই সেট নির্মাণে প্রায় ১০ মাস সময় লেগেছে। তাঁর ভাষায়, এ ছবিতে নাজিফা তুষী ও মুস্তাফিজুর নূর ইমরানের অভিনয় দর্শকদের মুগ্ধ করবে এবং ‘রইদ’ বাংলা চলচ্চিত্রের একটি মাইলফলক হয়ে থাকবে।
তিনি আরও বলেন, উত্তর আমেরিকায় বাংলা চলচ্চিত্রের দর্শক দিন দিন বাড়ছে, যা বায়োস্কোপ ফিল্মসের দীর্ঘদিনের প্রচেষ্টার সফলতা। নতুন প্রজন্মকে বাংলা সিনেমার সঙ্গে যুক্ত করতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের ১০টি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে বাংলা চলচ্চিত্র প্রদর্শনের উদ্যোগও নেওয়া হয়েছে।
এক প্রশ্নের জবাবে রাজ হামিদ বলেন, আন্তর্জাতিক মানের গল্প, চিত্রনাট্য, প্রযুক্তি ও নির্মাণশৈলীর কারণে বাংলাদেশের চলচ্চিত্র এখন বিশ্বমঞ্চে প্রতিযোগিতা করার সক্ষমতা অর্জন করছে। ভবিষ্যতে বাংলাদেশের কোনো চলচ্চিত্র একাডেমি অ্যাওয়ার্ড অর্জন করবে—এমন প্রত্যাশা থেকেই তারা উত্তর আমেরিকায় নিয়মিত বাংলা চলচ্চিত্র পরিবেশন করছেন।
তিনি আরও জানান, বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশের অনেক গুণী অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে ভবিষ্যতে চলচ্চিত্র নির্মাণের পরিকল্পনাও রয়েছে বায়োস্কোপ ফিল্মসের।
অনুষ্ঠানে বায়োস্কোপ ফিল্মসের মিডিয়া ডিরেক্টর, সাংবাদিক ও সংগীতশিল্পী তানভীর তারেক বলেন, শুধু বড় বাজেট নয়, ভালো গল্পনির্ভর চলচ্চিত্রই দর্শক টানে। সেই লক্ষ্য নিয়েই উত্তর আমেরিকার নতুন প্রজন্মকে বাংলা চলচ্চিত্রের সঙ্গে সম্পৃক্ত করার নানা উদ্যোগ নেওয়া হচ্ছে।
নিউইয়র্কের কিউ গার্ডেনস সিনেমা হলে প্রতিদিন দুপুর ২টা, বিকেল ৫টা ও রাত ৮টায় ‘রইদ’ প্রদর্শিত হবে। এছাড়া ফরেস্ট হিলসের রিগ্যাল মুভি থিয়েটারে শুক্রবার, শনিবার ও রোববার রাত ১১টায় ছবিটির বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হবে। কানাডায় ছবিটি কয়েক দিন পর মুক্তি পাবে বলে জানানো হয়েছে।



















