জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সভাপতি আব্দুল বাছিতকে স্মরণে নিউইয়র্কে দোয়া মাহফিল ও স্মরণসভা—‘তিনি ছিলেন প্রবাসী কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ সংগঠক ও অভিভাবক’
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের সদ্যপ্রয়াত সভাপতি মরহুম আব্দুল বাছিত-এর স্মরণে এক দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জুন ২০২৬, রবিবার রাত ৮টায় সংগঠনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সংগঠনের নেতৃবৃন্দ, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে মরহুমের বর্ণাঢ্য কর্মজীবন, নেতৃত্বগুণ ও সমাজসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করেন।
সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাবেক সহ-সভাপতি মাওলানা সাইফুল আলম সিদ্দিকী।
স্মরণসভায় বক্তব্য রাখেন জালালাবাদ এসোসিয়েশনের সাবেক সভাপতি ও প্রবীণ কমিউনিটি নেতা সৈয়দ শওকত আলী, এম এ কাইয়ুম, শাহীন কামালি, আব্দুল মালেক খান লায়েক, আপ্তাব আলী, আল আমিন, ওসমান চৌধুরী, হাজী মনির আহমেদ, হাসনাত তালুকদারসহ আরও অনেকে।
এছাড়া মরহুমের কন্যা শিরীন আক্তার দিবা, জামাতা কাওসার মোমেন এবং ছোট ভাই মুক্তা আবেগঘন বক্তব্যে তাঁর স্মৃতিচারণ করেন এবং পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কার্যকরী কমিটির সহ-সভাপতি মো. এ খায়ের, সাংগঠনিক সম্পাদক শাহীনুল ইসলাম, দপ্তর সম্পাদক সাংবাদিক লায়েছ আহমেদ, মাসুক মিয়া, কোষাধ্যক্ষ ময়নু জামান চৌধুরীসহ সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, মরহুম আব্দুল বাছিত ছিলেন একজন সৎ, নিষ্ঠাবান ও দূরদর্শী সংগঠক। তিনি দীর্ঘদিন ধরে প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। তাঁর নেতৃত্ব, আন্তরিকতা ও মানবিক মূল্যবোধ কমিউনিটির মানুষের হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে।
উল্লেখ্য, গত ২৮ মে ২০২৬ ভোর ৭টা ২৪ মিনিটে বার্ধক্যজনিত কারণে নিউইয়র্কের ব্রঙ্কসের লিংকন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের মৃত্যুতে জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনকের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানানো হয়।
এক শোকবার্তায় সংগঠনের সভাপতি মঈনুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতাউল গনি আসাদ বলেন, “আব্দুল বাছিত ছিলেন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির একজন নিবেদিতপ্রাণ সংগঠক, দক্ষ সংগঠক ও সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে আমরা একজন অভিভাবকসুলভ নেতাকে হারালাম। এই শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়।”
অনুষ্ঠানের শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।



















