এনওয়াইপিডিতে বাংলাদেশী-আমেরিকানদের গৌরবোজ্জ্বল অগ্রযাত্রা: তিন কর্মকর্তার পদোন্নতিতে কমিউনিটিতে উচ্ছ্বাস—বাপার অভিনন্দন
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)-তে বাংলাদেশী-আমেরিকানদের সাফল্যের মুকুটে যুক্ত হয়েছে আরও একটি গৌরবোজ্জ্বল পালক। গত ২৮ মে নিউইয়র্ক পুলিশ হেডকোয়ার্টারে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বিভাগের বিভিন্ন কর্মকর্তার পদোন্নতি ঘোষণা করা হয়। এতে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা)-এর তিন সদস্য গুরুত্বপূর্ণ পদে পদোন্নতি লাভ করায় প্রবাসী বাংলাদেশী কমিউনিটিতে আনন্দ ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনওয়াইপিডি পুলিশ কমিশনার জেসিকা টিশ। তাঁর হাত থেকে পদোন্নতির সনদ গ্রহণ করেন বাপার তিন সদস্য।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— পুলিশ অফিসার তান্নি চন্দা, যিনি সার্জেন্ট পদে উন্নীত হয়েছেন; পুলিশ অফিসার সাফায়েত জামিল এবং পুলিশ অফিসার আশফাকুর রহমান, যারা ডিটেকটিভ পদে পদোন্নতি লাভ করেছেন।
এই গৌরবময় অর্জনে বাংলাদেশী আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে। সংগঠনের প্রেসিডেন্ট ক্যাপ্টেন একেএম আলম, ভাইস প্রেসিডেন্ট সার্জেন্ট ডিটেকটিভ এরশাদুর সিদ্দিক এবং সেক্রেটারি ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, “এই সাফল্য শুধু সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশী-আমেরিকান কমিউনিটির জন্য অত্যন্ত গর্বের বিষয়। তাঁদের নিষ্ঠা, দক্ষতা ও পেশাদারিত্ব আগামী প্রজন্মের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।”
বাপার মিডিয়া লিয়াজোঁ সার্জেন্ট জসিম মিয়া বলেন, “কঠোর পরিশ্রম, সততা এবং পেশাগত উৎকর্ষের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে। তাঁদের এই সাফল্য তরুণ বাংলাদেশী-আমেরিকানদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে যোগদানের ক্ষেত্রে উৎসাহ ও প্রেরণা জোগাবে।”
অনুষ্ঠানে বাপার সাবেক সার্জেন্ট-অ্যাট-আর্মস পুলিশ অফিসার মাহবুব জুয়েলসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশী কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী, শুভানুধ্যায়ী এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশ নিয়ে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।
কমিউনিটির নেতৃবৃন্দ মনে করেন, নিউইয়র্কের মতো একটি বিশ্বনন্দিত মহানগরের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বাংলাদেশী-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য দেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। তাঁদের এই অর্জন ভবিষ্যৎ প্রজন্মকে নেতৃত্ব, দেশপ্রেম এবং জনসেবামূলক পেশায় এগিয়ে আসতে অনুপ্রাণিত করবে।



















