নিউইয়র্কে আগামীকাল বর্ণাঢ্য ‘বাংলাদেশ ডে প্যারেড’: প্রবাসে লাল-সবুজের মহামিলনে মুখর হবে জ্যাকসন হাইটস
- By Progga News Desk --
- 17 May, 2026
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কে আগামীকাল রোববার (১৭ মে) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘বাংলাদেশ ডে প্যারেড ২০২৬’। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, ঐতিহ্য, স্বাধীনতার চেতনা ও জাতীয় পরিচয়কে মূলধারার আমেরিকান সমাজে আরও দৃশ্যমান করে তুলতে এবারের আয়োজনকে ঘিরে ইতোমধ্যেই সৃষ্টি হয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্যারেডকে সার্বিকভাবে সফল করতে গত শুক্রবার সন্ধ্যায় কুইন্সের গোল্ডেন টেরেস পার্টি হলে আয়োজিত হয় স্পন্সর, অতিথি ও দেশি-বিদেশি তারকাদের অংশগ্রহণে এক বর্ণাঢ্য ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ ডে প্যারেডের সাধারণ সম্পাদক ফাহাদ সোলাইমান।
তিনি বলেন, “এবারের বাংলাদেশ ডে প্যারেড শুধু একটি শোভাযাত্রা নয়; এটি হবে প্রবাসে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি ও স্বাধীনতার গৌরবময় চেতনাকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার এক অনন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সম্প্রীতি, দেশপ্রেম ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় হবে।”
অনুষ্ঠানে প্যারেডের সফলতা কামনা করে বক্তব্য দেন গ্র্যান্ড মার্শাল এম আজিজ, বিশেষ অতিথি সাপ্তাহিক আজকাল সম্পাদক শাহনেওয়াজ, আহ্বায়ক গিয়াস আহমেদ, কমিউনিটির বিশিষ্ট সমাজসেবক নাসির খান পলসহ অনেকে।
এ সময় বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন ও চলচ্চিত্র অঙ্গনের একঝাঁক তারকার উপস্থিতিতে অনুষ্ঠানটি উৎসবমুখর হয়ে ওঠে। উপস্থিত ছিলেন চিত্রনায়ক ইমন, জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা, রিচি সোলাইমান, নওশীন, হিল্লোল, নোভা এবং খ্যাতিমান সংগীতশিল্পী শুভ্রদেবসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আয়োজকদের পক্ষ থেকে তারকা অতিথি ও স্পন্সরদের হাতে সম্মাননা স্মারক ও অ্যাওয়ার্ড তুলে দেওয়া হয়। একই সঙ্গে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয় বাংলাদেশ ডে প্যারেডের অফিসিয়াল থিম সং, যা উপস্থিত অতিথিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
আয়োজকরা জানান, আগামীকাল সকাল ৯টায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৩৭ এভিনিউতে শুরু হবে এই মহাযাত্রা। ৬৯ স্ট্রিট থেকে ৮৭ স্ট্রিট পর্যন্ত প্রায় ২০ ব্লকজুড়ে পুরো এলাকা সাজানো হবে লাল-সবুজের বর্ণিল সাজে। শোভাযাত্রায় থাকবে বাংলাদেশের ঐতিহ্যবাহী সাজসজ্জা, ব্যান্ড পারফরম্যান্স, সাংস্কৃতিক পরিবেশনা, ফ্লোট প্রদর্শনী এবং প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণ।
আয়োজকদের প্রত্যাশা, এবারের প্যারেডে কয়েক হাজার প্রবাসী বাংলাদেশি ছাড়াও স্থানীয় আমেরিকান কমিউনিটির বিপুল উপস্থিতি থাকবে। এতে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্য আন্তর্জাতিক অঙ্গনে আরও উজ্জ্বলভাবে উপস্থাপিত হবে।
উল্লেখ্য, এ উপলক্ষে গত ২ মে জ্যাকসন হাইটসের সানাই রেস্টুরেন্ট পার্টি হলে আয়োজন করা হয়েছিল ‘ফুল এক্সিকিউটিভ ইন্ট্রোডিউসিং ইভেন্ট অ্যান্ড মিট দ্য প্রেস’, যেখানে প্যারেডের সার্বিক পরিকল্পনা ও কর্মসূচি তুলে ধরা হয়।
আয়োজক কমিটির দায়িত্বপ্রাপ্তদের মধ্যে রয়েছেন চিফ অ্যাডভাইজর ড. খন্দকার মাসুদ রহমান, ম্যানেজিং ইভেন্ট পার্টনার এম এম শাহীন, প্যারেড কো-অর্ডিনেটর আব্দুস সোবহান, মেম্বার সেক্রেটারি ফাহাদ সোলাইমান, ইভেন্ট ডে প্রেসিডেন্ট রাসেক মালিক, গিয়াস আহমেদ, মঈন চৌধুরী, চিফ ইভেন্ট কো-অর্ডিনেটর ফেমড রকি, চিফ ম্যানেজিং ডিরেক্টর মিয়া মোহাম্মদ দুলাল, আহসান হাবিব, চিফ কো-অর্ডিনেটর আব্দুল কাদের, ইয়ুথ ডিরেক্টর ফারহান আব্দুর রহমান ও আহাদ হোসেনসহ আরও অনেকে।
প্রবাসে বাংলাদেশকে নতুন প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে এবং লাল-সবুজের গর্বকে বিশ্বদরবারে তুলে ধরতে বাংলাদেশ ডে প্যারেড ২০২৬ হতে যাচ্ছে এক অনন্য মিলনমেলা—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সকলের।



















