Logo

ইউএসএ নিউজ    >>   সুরে ছন্দে বৈশাখের আড্ডা: বর্ষবরণ, পঁচিশে বৈশাখ ও মা দিবস উদযাপনে অনুপ দাশ ড্যান্স একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা

সুরে ছন্দে বৈশাখের আড্ডা: বর্ষবরণ, পঁচিশে বৈশাখ ও মা দিবস উদযাপনে অনুপ দাশ ড্যান্স একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা

সুরে ছন্দে বৈশাখের আড্ডা: বর্ষবরণ, পঁচিশে বৈশাখ ও মা দিবস উদযাপনে অনুপ দাশ ড্যান্স একাডেমির বর্ণাঢ্য সাংস্কৃতিক মিলনমেলা

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বৈশাখের বিদায়বেলা আর রবির কিরণে সিক্ত এক মনোমুগ্ধকর পরিবেশে অনুপ দাশ ড্যান্স একাডেমি (আড্ডা)-র আয়োজনে অনুষ্ঠিত হলো এক প্রাণবন্ত সাংস্কৃতিক মিলনমেলা। সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত্রা সেনের “স্বপ্ন নীড়ে” আয়োজিত এই ব্যতিক্রমী অনুষ্ঠানে একই মঞ্চে উদযাপিত হয় বাংলা নববর্ষ, পঁচিশে বৈশাখে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মজয়ন্তী এবং আন্তর্জাতিক মা দিবস।


অনুষ্ঠানের শুরুতেই বাংলা সংস্কৃতির আবহে বর্ষবরণ উপলক্ষে পরিবেশিত হয় গান, নৃত্য ও আবৃত্তি। এরপর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পরিবেশিত হয় রবীন্দ্রসংগীত । একই সঙ্গে আন্তর্জাতিক মা দিবস উপলক্ষে ‘মা’কে ঘিরে আবেগঘন পরিবেশনা উপস্থিত দর্শকদের হৃদয় ছুঁয়ে যায়।


সভাপতির বক্তব্যে আলপনা গুহ বলেন, “বাংলা সংস্কৃতির মূল শক্তি হচ্ছে আমাদের শিকড়, ঐতিহ্য ও মানবিক মূল্যবোধ। নববর্ষ আমাদের নতুন আশার বার্তা দেয়, পঁচিশে বৈশাখ আমাদের মনন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে আর মা দিবস আমাদের শ্রদ্ধা, ভালোবাসা ও আত্মত্যাগের চিরন্তন প্রতীককে স্মরণ করিয়ে দেয়। প্রবাসে থেকেও নতুন প্রজন্মের মাঝে বাংলা সংস্কৃতিকে ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।”
সংগঠনের সাধারণ সম্পাদক সুমিত্রা সেন বলেন, “সংস্কৃতি মানুষের আত্মার ভাষা।

বৈশাখ, রবীন্দ্রচর্চা ও মা দিবস—এই তিনটি অনুভূতিকে একসূত্রে গেঁথে আমরা প্রবাসে বাঙালিয়ানাকে আরও শক্তিশালী করতে চাই। নতুন প্রজন্ম যেন নিজেদের শেকড়কে চিনতে পারে, সেই লক্ষ্যেই আমাদের এই প্রয়াস।”


এই প্রাণবন্ত অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন রবীন্দ্র একাডেমি ও স্থানীয় বরেণ্য শিল্পীবৃন্দ। উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, সাংস্কৃতিক সম্পাদক ও যুক্তরাষ্ট্র মহিলা পরিষদের সাধারণ সম্পাদক সুলেখা পাল, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, বীর মুক্তিযোদ্ধা বিজয় সাহা, কমিউনিটির নেতা সুশীল সিনহা,গীতিকার ও বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।


অনুপ দাশ ড্যান্স একাডেমির সভাপতি আলপনা গুহের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সুমিত্রা সেন ও ইয়াকুব আলী মিঠুর যৌথ পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন নিউইয়র্কের জনপ্রিয় সংগীতশিল্পী ও সংগীত শিক্ষক চন্দন চৌধুরীসহ , সুশীল সিনহা, প্রতিমা, মাধবী, অনামিকা, রুবি, জিলপি, অর্জিতা ও শুভ্রা।


নৃত্য পরিবেশন করেন সৃজিতা হিয়া, প্রাণজলি, অদিতি, অসমিতা, অদ্রিকা, সংযুক্তা ও সার্বণী। শিশু শিল্পীদের মধ্যে সংগীত পরিবেশন করে অর্জুন, শৌভিক, আদিত্য, অভিয়াংশু, আরাধ্যা ও শ্রুতি। নৃত্য পরিচালনায় ছিলেন সৃজিতা হিয়া এবং তবলায় সঙ্গত করেন নিউইয়র্কের বিশিষ্ট তবলা শিল্পী ও শিক্ষক তপন মোদক।


অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বৈশাখী ফ্যাশন শো, যেখানে নাচ ও সংগীতের তালে বাঙালিয়ানার ঐতিহ্যবাহী রঙে সেজে ওঠেন অংশগ্রহণকারীরা।

এছাড়াও অতিথিদের জন্য ছিল বৈশাখী খাবারের বাহারি আয়োজন—ইলিশ মাছ, বিভিন্ন রকম ভর্তা, পিঠা, মিষ্টি, দই, ঝালমুড়ি, চা ও নানা সুস্বাদু খাবার।
অনুষ্ঠানের শেষে সংগঠনের সভাপতি আলপনা গুহ ও সাধারণ সম্পাদক সুমিত্রা সেন উপস্থিত সকল অতিথি, শিল্পী ও শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।