Logo

ইউএসএ নিউজ    >>   ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে: হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে: হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে: হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে, হরমুজ প্রণালির মধ্য দিয়ে একটি পথ পুনরায় খোলার চেষ্টায় থাকা আমেরিকান জাহাজে হামলা করলে ইরানকে ‘পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা’ হবে। পারস্য উপসাগরে নাবিকসহ আটকে পড়া শত শত জাহাজকে সাহায্য করার জন্য যুক্তরাষ্ট্র সোমবার একটি অভিযান শুরু করেছে, যা এই অঞ্চলকে আবার একটি পূর্ণাঙ্গ যুদ্ধের দ্বারপ্রান্তে ঠেলে দিয়েছে।

তেহরান এই প্রণালির ওপর তাদের অবরোধ পুনরায় আরোপ করতে চেয়েছিল, যা বিশ্ব বাণিজ্যের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। যদিও মার্কিন সামরিক বাহিনী সাতটি ইরানি ছোট নৌকা ধ্বংস করার এবং ইরানি ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন উভয়ই আটক করার দাবি করেছে। তবে ইরান তা অস্বীকার করেছে।

৮০০টিরও বেশি জাহাজ এবং প্রায় ২০ হাজার নাবিক এই অঞ্চলে আটকা পড়ে আছেন। সোমবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের চলমান নৌ অভিযানকে এযাবৎকালের অন্যতম সেরা সামরিক মহড়া হিসেবে বর্ণনা করেছেন এবং দাবি করেছেন যে, সাম্প্রতিক আলোচনায় ইরানি কর্মকর্তারা আগের চেয়ে অনেক বেশি নমনীয় ছিলেন।

যুক্তরাষ্ট্রের অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগের জবাবে তিনি ফক্স নিউজকে বলেন, আমাদের কাছে আগের চেয়ে অনেক বেশি এবং উন্নত মানের অস্ত্র ও গোলাবারুদ রয়েছে। তিনি আরও বলেন, আমাদের কাছে সেরা সরঞ্জাম রয়েছে। সারা বিশ্বে আমাদের জিনিসপত্র আছে। সারা বিশ্বে আমাদের ঘাঁটি রয়েছে। সেগুলো সবই সরঞ্জাম দিয়ে পরিপূর্ণ। আমরা এসব জিনিস ব্যবহার করতে পারি এবং প্রয়োজনে আমরা তা করবোও।

ইরানের বিরুদ্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুঁশিয়ারি এপ্রিলে করা তার মন্তব্যেরই প্রতিধ্বনি, যখন তিনি সতর্ক করেছিলেন যে হরমুজ প্রণালি নিয়ে তার দাবি মেনে নিতে তেহরান ব্যর্থ হলে ‘একটি গোটা সভ্যতা ধ্বংস হয়ে যাবে’। সে সময় তার এমন মন্তব্য নিয়ে দেশে ও বিদেশে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।সূত্র: বিবিসি, জাগোনিউজ