নিউইয়র্কে লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট ২০’র ‘সেরা গভর্নর’ সম্মাননা পেলেন আসেফ বারী টুটুল
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে অনুষ্ঠিত লায়ন্স মাল্টিপল ডিস্ট্রিক্ট-২০’র বার্ষিক কনভেনশনে অসামান্য নেতৃত্ব ও সেবামূলক অবদানের স্বীকৃতিস্বরূপ ‘আউটস্ট্যান্ডিং পারফরমেন্স অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন ডিস্ট্রিক্ট ২০ আর-২ এর গভর্নর লায়ন আসেফ বারী টুটুল।
গত ১৫ এপ্রিল ২০২৬ নিউইয়র্কের অদূরে ডাউনটাউন সিরাকিউজ ম্যারিয়ট হোটেলে অনুষ্ঠিত এ কনভেনশনে “কাউন্সিল অব গভর্নরস” কমিটি ১১টি ডিস্ট্রিক্টের মধ্যে থেকে তাঁকে বছরের সেরা গভর্নর হিসেবে মনোনীত করে এই সম্মাননা প্রদান করে।
গভর্নর হিসেবে তাঁর কার্যকর নেতৃত্ব, দূরদর্শিতা, নিষ্ঠা এবং মানবসেবায় অদম্য প্রতিশ্রুতির স্বীকৃতি হিসেবেই এই পুরস্কার প্রদান করা হয়। ২০২৫-২০২৬ কার্যবছরে মাল্টিপল ডিস্ট্রিক্ট-২০ এর অধীনে মোট ৭টি নতুন লায়ন্স ক্লাব প্রতিষ্ঠিত হলেও, এর মধ্যে এককভাবে ৫টি ক্লাব প্রতিষ্ঠা করেন আসেফ বারী টুটুল।
তাঁর দক্ষ নেতৃত্বে ডিস্ট্রিক্ট ২০ আর-২ “নাম্বার ওয়ান” ডিস্ট্রিক্ট হিসেবে স্বীকৃতি লাভ করে। পাশাপাশি দীর্ঘ ১২ বছর পর তাঁর সময়েই ডিস্ট্রিক্টটি পূর্ণ ডিস্ট্রিক্ট হিসেবে মর্যাদা অর্জন করে, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
আসেফ বারী টুটুলের নেতৃত্বে প্রতিষ্ঠিত হয় ৫টি লায়ন্স ক্লাব ও ১টি লিও ক্লাব, এবং লায়ন্স পরিবারের সঙ্গে যুক্ত হন নতুন ২২৭ জন সদস্য। সংশ্লিষ্টরা মনে করছেন, এটি শুধু একটি অর্জন নয়—বরং ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ভিত্তি ও উত্তরাধিকার সৃষ্টি।
“কাউন্সিল অব গভর্নরস”-এর উচ্চপদস্থ কর্মকর্তারা তাঁর নেতৃত্বের প্রশংসা করে বলেন, লায়নিজমের প্রতি তাঁর আবেগ ও নিষ্ঠা আগামী দিনগুলোতে আরও বড় ইতিবাচক প্রভাব ফেলবে এবং নতুন প্রজন্মকে সেবামূলক কাজে উদ্বুদ্ধ করবে।
উল্লেখ্য, লায়ন আসেফ বারী টুটুল প্রথম বাঙালি হিসেবে এই ডিস্ট্রিক্টের গভর্নর হওয়ার গৌরব অর্জন করেন, যা বাংলাদেশি কমিউনিটির জন্য এক অনন্য অর্জন ও গর্বের বিষয়। তাঁর নেতৃত্বে একসঙ্গে ৬টি নতুন লায়ন্স ক্লাব প্রতিষ্ঠার রেকর্ডও গড়ে উঠেছে, যা এর আগে কোনো গভর্নরের পক্ষে সম্ভব হয়নি।
ডিস্ট্রিক্ট ২০ আর-২ এর সকল লায়ন্স সদস্য তাঁর এই অসামান্য অর্জনে অভিনন্দন জানিয়ে ভবিষ্যতেও তাঁর ধারাবাহিক সাফল্য কামনা করেছেন।



















