নিউইয়র্কে প্রবাসীদের সঙ্গে প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার প্রাণবন্ত মতবিনিময়
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
ওয়াশিংটনে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার ও বিশিষ্ট সাংবাদিক গোলাম মুর্তুজাকে নিয়ে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির উদ্যোগে এক প্রাণবন্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, দুপুরে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্টে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী কমিউনিটির বিভিন্ন স্তরের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সংগঠনটির প্রতিষ্ঠাতা আহমেদ সোহেল ও প্রতিষ্ঠাতা রাসিক মালিকের যৌথ উদ্যোগে আয়োজিত এই সভায় বাংলাদেশের সমসাময়িক রাজনীতি, প্রবাসীদের সমস্যা এবং বাংলাদেশ দূতাবাসের সেবার মান নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
মতবিনিময়কালে প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজা বলেন, বর্তমানে দূতাবাস ও কনস্যুলেট অতীতের যেকোনো সময়ের তুলনায় উন্নত সেবা প্রদান করছে। তিনি জানান, প্রবাসীদের কাছ থেকে কোনো অভিযোগ পেলে তা দ্রুত সমাধানের চেষ্টা করা হয় এবং সাংবাদিকদের জন্য তথ্য যাচাইয়ে তিনি সর্বদা সহযোগিতা করতে প্রস্তুত।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পূর্বে দূতাবাসের ফ্রন্ট ডেস্কের এক কর্মীর আচরণ নিয়ে অভিযোগ থাকলেও তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এছাড়া দূতাবাসের অন্যতম বড় সমস্যা হিসেবে টেলিফোন সেবার সীমাবদ্ধতার কথা তুলে ধরে তিনি বলেন, প্রতি মিনিটে গড়ে চারটি কল আসায় সবগুলো একসঙ্গে গ্রহণ করা সম্ভব হয় না। তবে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই সমস্যার সমাধানে কাজ চলছে।
আন্তর্জাতিক প্রেক্ষাপট নিয়ে কথা বলতে গিয়ে তিনি উল্লেখ করেন, ভারতের কিছু গণমাধ্যমে বাংলাদেশের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালানো হচ্ছে, যার প্রভাব যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট এবং মূলধারার রাজনীতিতেও পড়ছে। একজন প্রেস মিনিস্টার হিসেবে এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মূলধারার রাজনীতিবিদ ও আইটি বিশেষজ্ঞ মিজান চৌধুরী, নিউইয়র্ক নিউ হরাইজন লায়ন্স ক্লাবের ডিরেক্টর আমির হোসেন কামাল, একই সংগঠনের ভাইস প্রেসিডেন্ট ও বাপসনিউজ সম্পাদক হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক-বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ও নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলি প্রাইমারি নির্বাচনের প্রার্থী জে মোল্লা সানী, ইমতিয়াজ চৌধুরী, মোস্তাফিজ চৌধুরী, ডা. আমানুল্লাহ, নিউজ পোর্টাল “নিউইয়র্ক কাগজ”-এর সম্পাদক আফরোজা ইসলাম, ক্লিন্টন ডেমোক্রেটিক ক্লাবের সাধারণ সম্পাদক দেলোয়ার মানিক, মোস্তাকিম আবেদ, সৌরভ ইমামসহ আরও অনেকে।
অনুষ্ঠানের শুরুতে ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং পরবর্তী সকল গণআন্দোলনে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
শেষে আয়োজক সংগঠনের অন্যতম প্রতিষ্ঠাতা আহমেদ সোহেল প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজাসহ উপস্থিত সকলকে ধন্যবাদ জানান এবং রকমারি আয়োজনে মধ্যাহ্নভোজে আপ্যায়ন করেন।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।



















