নিউইয়র্কের ব্রঙ্কসে সাজুফতা সাহিত্য ক্লাবের বর্ণাঢ্য নববর্ষ ১৪৩৩ উদযাপন—সংস্কৃতি, সঙ্গীত ও কবিতায় প্রাণবন্ত আয়োজন
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে নিউইয়র্কের ব্রঙ্কসে সাজুফতা সাহিত্য ক্লাবের উদ্যোগে এক আনন্দঘন ও বর্ণাঢ্য অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে ব্রঙ্কসের ২১৩৫ ওয়েস্টচেস্টার এভিনিউর একটি পার্টি হলে আয়োজিত এই অনুষ্ঠানে প্রবাসী বাঙালিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মিলনমেলায় পরিণত হয় পুরো আয়োজন।
সব্যসাচী কবি জুলি রহমানের সার্বিক পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুভ সূচনা করা হয়। পরবর্তীতে বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে নববর্ষ বরণের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানমালায় ছিল বৈচিত্র্যময় পরিবেশনা—বৈশাখী গান, এম এ নাসির রচিত জারিগান, বৈশাখী র্যাপ সঙ্গীত, কবি জুলি রহমান রচিত গীতি আলেখ্য ‘সখিনা প্রদীপ’ এবং স্বরচিত কবিতা আবৃত্তি। পাশাপাশি বিশিষ্টজনদের নববর্ষের শুভেচ্ছা বক্তব্য অনুষ্ঠানে নতুন মাত্রা যোগ করে।
সাংস্কৃতিক পর্বে সংগীত পরিবেশন করেন শিল্পী শাকিলা, বাবলা, সুমন, শাহিদা, নাসরিন চৌধুরী প্রমুখ। কবিতা আবৃত্তি করেন সব্যসাচী জুলি রহমান, এবি এম সালেহ উদ্দিন, কবি সুধাংশু কুমার মণ্ডল, কবি ও কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা বিজয় কৃষ্ণ সাহা, কবি জালাল উদদীন রুমি, কবি ও প্রাক্তন অধ্যাপক মো: ইলিয়াস হোসেন, কবি কামরুন্নাহার রিতা এবং কবি মো: আবু তাহের চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কমিউনিটি লিডার ও সিনিয়র সিটিজেন ফোরাম অব নিউইয়র্ক ব্রঙ্কস-এর ভারপ্রাপ্ত সভাপতি মো: হাসান আলী, বিশিষ্ট লেখক, ফটোগ্রাফার ও সফল ব্যবসায়ী আম্বিয়া অন্তরা, বাংলাদেশ সোসাইটি অব ব্রঙ্কস-এর সভাপতি মো: শামীম আহমেদ, সাংস্কৃতিক সম্পাদিকা লাকি বেগম, কবি ছন্দা বিনতে সুলতানা, এম এ মনজুর আহমেদ (কমান্ডার, মুক্তিযোদ্ধা সংসদ), ইঞ্জিনিয়ার আব্দুল খালেক এবং এডভোকেট রিদওয়ান রাজ্জাক সেতু।
খ্যাতিমান উপস্থাপক জনাব রেজা আবদুল্লাহর প্রাণবন্ত সঞ্চালনায় অনুষ্ঠানটি আরও উপভোগ্য হয়ে ওঠে। উপস্থিত বিশিষ্টজনদের মধ্যে ছিলেন নিপা রেজা, দোলা সাহানা লাভনী, লাভলী, মাকসুদা আহমেদ, মমতাজ রিপা, কোহিনূর বেগম, ফারমিস বেগম, শামসুন ফৌজিয়া আহসান, নাসরিন নীরু, মিসেস কবীর, কবি রিজওয়ান, জ্যাকব মিল্টন, লীজা নীরা রাব্বানীসহ আরও অনেকে। এছাড়া মাই টিভির সাংবাদিক মোনা, রাজিয়া রীমা, রুপা, রায়হান ও কোহিনূর বেগম উপস্থিত থেকে অনুষ্ঠানটি কভার করেন।
অনুষ্ঠান শেষে অতিথিদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী পান্তা-ইলিশ, বিভিন্ন ধরনের ভর্তা, মাছ-মাংসসহ নানা সুস্বাদু খাবারের আয়োজন।সাজুফতা সাহিত্য ক্লাবের এই উদ্যোগ প্রবাসে বাংলা সংস্কৃতি, সাহিত্য ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে সংশ্লিষ্টরা মনে করেন।



















