Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসে বৈশাখের বর্ণাঢ্য উচ্ছ্বাস: নিউইয়র্কে গোল্ডস্যান্ডস গ্রুপের জমকালো উৎসব ১৪৩৩

প্রবাসে বৈশাখের বর্ণাঢ্য উচ্ছ্বাস: নিউইয়র্কে গোল্ডস্যান্ডস গ্রুপের জমকালো উৎসব ১৪৩৩

প্রবাসে বৈশাখের বর্ণাঢ্য উচ্ছ্বাস: নিউইয়র্কে গোল্ডস্যান্ডস গ্রুপের জমকালো উৎসব ১৪৩৩

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
প্রবাসে বাঙালি সংস্কৃতির আবেগ, ঐতিহ্য ও মিলনমেলার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো “গোল্ডস্যান্ডস গ্রুপ বৈশাখী উৎসব ১৪৩৩”। ফাইভস্টার মিউজিক এন্টারটেইনমেন্ট ইনকের আয়োজনে গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের সানাই পার্টি হলে উপচেপড়া ভিড় ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এই বর্ণাঢ্য আয়োজন।


অনুষ্ঠানের সূচনা হয় প্রবাসের বিশিষ্ট ঢোলশিল্পী মোবারক হোসেনের ঢোলের তালে, যা মুহূর্তেই বৈশাখের আবহ ছড়িয়ে দেয় পুরো মিলনায়তনে। এরপর দলীয় পরিবেশনায় গাওয়া হয় কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী গান “এসো হে বৈশাখ, এসো এসো”, যেখানে অংশ নেন স্থানীয় শিল্পীরা।


অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল “বৈশাখী পুঁথি”—বাংলার হাজার বছরের ঐতিহ্যবাহী সংস্কৃতির এক অনবদ্য উপস্থাপনা। পুঁথি পাঠের রচনা ও দলীয় পরিচালনায় ছিলেন সেলিম ইব্রাহিম। এই পরিবেশনার মাধ্যমে পুরো অনুষ্ঠান প্রাণবন্ত বৈশাখী মেলায় রূপ নেয়। দর্শনার্থীদের জন্য পরিবেশন করা হয় ঐতিহ্যবাহী চিঁড়া, দই, কলা ও খই—যা যোগ করে গ্রামীণ বাংলার স্বাদ।
আলোচনা পর্বে ফাইভস্টার মিউজিক এন্টারটেইনমেন্ট ইনকের প্রেসিডেন্ট ও সিইও সেলিম ইব্রাহিম উপস্থিত অতিথি, স্পন্সর, শিল্পী ও সাংবাদিকদের স্বাগত জানান এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন।


এরপর শুরু হয় মনোমুগ্ধকর একক সংগীত পরিবেশনা। শিল্পীদের সুরেলা কণ্ঠ ও দর্শকদের করতালিতে মুখরিত হয়ে ওঠে পুরো মিলনায়তন। সংগীত পরিবেশন করেন রওশন আরা কাজল, নাসির উদ্দিন, মনিরুজ্জামান, আবতাব জনি, মেহজাবীন মেহা, মার্শাল টিটু, মাধু রায়, রুনা রায়, স্বপ্নীল সজীব, রোজী আজাদ, রেসমি মীর্জা, নাজু আকন্দ, শাহ মাহবুব, কামরুজ্জামান বকুল এবং সেলিম ইব্রাহিম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্লাব নিউইয়র্কের সভাপতি নুরুল আমিন বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা এসোসিয়েশনের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোঃ গিয়াস উদ্দিন এবং সভাপতি গোলাম এন হায়দার মুকুট। এছাড়াও বিভিন্ন স্পন্সর ও কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।


রাতের খাবারের আয়োজনে ছিল খাঁটি বাঙালিয়ানা—পান্তা ভাত, গরম ভাত, পাঁচ রকমের ভর্তা, বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা ও ডাল। এ আয়োজনে যেন ক্ষণিকের জন্য উপস্থিত সবাই ফিরে গিয়েছিলেন বাংলাদেশের রমনার বটমূলে বৈশাখ উদযাপনের আবহে।
মধ্যরাত পর্যন্ত চলা এই জমজমাট অনুষ্ঠানে সাউন্ডে ছিল সাউন্ড গিয়ার এবং লাইভ মিউজিকে ছিল ক্যাপ্টেন ব্যান্ড। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নিউইয়র্কের বিশিষ্ট উপস্থাপিকা শারমিন সিরাজ সোনিয়া।


পরিশেষে বৈশাখী মিষ্টিমুখের মধ্য দিয়ে সমাপ্ত হয় দিনব্যাপী এই সফল ও স্মরণীয় আয়োজন—যা প্রবাসে বাঙালির সংস্কৃতি চর্চার এক উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে।