নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটির জাঁকজমকপূর্ণ অভিষেক ও ঈদ পুনর্মিলনী—প্রবাসী সাংবাদিকতার শক্তিশালী অঙ্গীকার
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
গত ২৪ এপ্রিল ২০২৬, শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের উদ্যোগে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে ক্লাবের নতুন কমিটির অভিষেক ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কুইন্সের উডসাইডে অবস্থিত গুলশান টেরেসে আয়োজিত এ অনুষ্ঠানে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক ও গণ্যমান্য অতিথিদের উপস্থিতিতে মিলনমেলায় পরিণত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্কের কংগ্রেসওম্যান গ্রেস মেং। তিনি প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন ক্ষেত্রে অবদানের প্রশংসা করে বলেন, একটি শক্তিশালী ও সচেতন কমিউনিটি গঠনে দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমেরিকান ইন্টারন্যাশনাল বার অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও ইমিগ্রান্টস ইন্টারন্যাশনালের চেয়ারপারসন এটর্নী মঈন চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শাহনেওয়াজ, ঠিকানা পরিবারের স্বত্বাধিকারী এম এম শাহীন এবং বাংলাদেশ সোসাইটির সভাপতি আতাউর রহমান সেলিম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউইয়র্ক বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি মনোয়ারুল ইসলাম। তিনি তার বক্তব্যে বলেন, “প্রবাসে বাংলা সাংবাদিকতাকে আরও শক্তিশালী, পেশাদার এবং ঐক্যবদ্ধ করতে এই প্রেসক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আমরা চাই নতুন প্রজন্মের সাংবাদিকরা একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম পাক।”
সাধারণ সম্পাদক মনিনুল ইসলাম মজুমদার বলেন, “এই প্রেসক্লাব শুধু একটি সংগঠন নয়, এটি প্রবাসী সাংবাদিকদের অধিকার, মর্যাদা এবং পেশাগত উন্নয়নের একটি কেন্দ্র হিসেবে কাজ করবে। আমরা সকলকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে চাই।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন সংবাদ মাধ্যমের সম্পাদক, স্বত্বাধিকারী ও কর্মরত সাংবাদিকবৃন্দ। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তামান্না মৌ, যার প্রাণবন্ত উপস্থাপনা অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
অনুষ্ঠানের শেষ পর্বে অতিথিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় এবং নৈশভোজের আয়োজন করা হয়, যা প্রবাসী সাংবাদিকদের মধ্যে পারস্পরিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।



















