Logo

ইউএসএ নিউজ    >>   আওয়ামী লীগ নিষিদ্ধের ‘কালো আইন’ বাতিলের দাবিতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের ‘কালো আইন’ বাতিলের দাবিতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

আওয়ামী লীগ নিষিদ্ধের ‘কালো আইন’ বাতিলের দাবিতে জাতিসংঘের সামনে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের বিক্ষোভ সমাবেশ

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বাংলাদেশের অন্যতম প্রাচীন ও স্বাধীনতা যুদ্ধের নেতৃত্বদানকারী রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার লক্ষ্যে প্রণীত আইন বাতিলের দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এক প্রতিবাদ বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার, ২০ এপ্রিল ২০২৬, দুপুর ১২টায় আয়োজিত এ কর্মসূচিতে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ , সহযোগী সংগঠনগুলো সহ প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন।
‘এলায়েন্স অব বাংলাদেশি আমেরিকান্স’, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবার, বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন, মানবাধিকার সংগঠন, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়। সমাবেশে দেড় শতাধিক প্রবাসী অংশ নেন। কর্মসূচির নেতৃত্ব দেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা, বাকসুর সাবেক জিএস ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর। একইসঙ্গে দলের সভাপতি ড. সিদ্দিকুর রহমানের নেতৃত্বেও আরেকটি অংশ বিক্ষোভে যোগ দেন।


সমাবেশে সভাপতিত্ব করেন ড. প্রদীপ কর। তিনি তাঁর বক্তব্যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার উদ্যোগের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান। তিনি অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন করতে বিচারব্যবস্থা ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে অপব্যবহার করা হচ্ছে। একই সঙ্গে তিনি শেখ হাসিনার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোকে ‘মিথ্যা’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান।
বক্তারা আরও বলেন, দেশে গণগ্রেফতার, রাজনৈতিক হয়রানি, বিচারব্যবস্থার অবনতি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি, গ্যাস-বিদ্যুৎ ও সার সংকটসহ সাধারণ মানুষের জীবন-জীবিকা হুমকির মুখে পড়েছে। তারা এসব সমস্যার দ্রুত সমাধান এবং সকল রাজবন্দীর মুক্তির দাবি জানান।
সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সহকারী অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আব্দুর রকীব মন্টু, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশির দশকের ছাত্রনেতা সমীর রায়, দিল্লিতে বাংলাদেশ দূতাবাসের সাবেক প্রেস মিনিস্টার ও সাংবাদিক সাবান মাহমুদ এবং বীর মুক্তিযোদ্ধা জাকির হোসেন হিরু ভূঁইয়া।


এছাড়া বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান, শেখ কামাল সংসদ যুক্তরাষ্ট্রের সভাপতি ডা. মাসুদুল হাসান, সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন, মহিউদ্দীন দেওয়ান, আব্দুর রহিম বাদশা, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ বখতিয়ার আলী, শিক্ষা বিষয়ক সম্পাদক এমএ করিম জাহাঙ্গীরসহ আওয়ামী পরিবার, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিক্ষোভ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতিসংঘ মহাসচিবের দৃষ্টি আকর্ষণ করে বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় হস্তক্ষেপ কামনা করা হয়।
সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। পাশাপাশি আগামী ৪ মে ২০২৬ যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের সামনে মানববন্ধন এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়ার ঘোষণা দেন ড. প্রদীপ কর। এছাড়া ৩০ এপ্রিল হোয়াইট হাউস ও স্টেট ডিপার্টমেন্টের সামনে আরও বিক্ষোভ কর্মসূচির কথাও জানানো হয়।
উল্লেখ্য, সন্ত্রাসবিরোধী আইন সংশোধন করে ২০২৬ সালে জাতীয় সংসদে একটি বিল পাস করা হয়েছে, যার মাধ্যমে কোনো সংগঠনকে নিষিদ্ধ ঘোষণার পাশাপাশি তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ করার বিধান রাখা হয়েছে। এর ফলে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর ওপর নিষেধাজ্ঞা বহাল রয়েছে।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।