নিউইয়র্কে বাংলাদেশ সোসাইটির সদস্য নিবন্ধনে ব্যাপক সাড়া — নির্বাচনের আগে সংগঠন শক্তিশালীকরণে জোরালো উদ্যোগ
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
গত ২০ এপ্রিল ২০২৬, রবিবার নিউইয়র্কের ওজন পার্কের বাংলাদেশি অধ্যুষিত এলাকায় বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত বাংলাদেশ সোসাইটির উদ্যোগে নতুন সদস্য নিবন্ধন ও পুরাতন সদস্যদের নবায়ন কার্যক্রম সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই উদ্যোগ নেওয়া হয়, যা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
এদিন নতুন সদস্য নিবন্ধনের জন্য ফি নির্ধারণ করা হয় ২০ ডলার এবং আজীবন সদস্য হতে নির্ধারণ করা হয় ৫০০ ডলার। কার্যক্রম চলাকালে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আতাউর রহমান সেলিম, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সিনিয়র সহ-সভাপতি মহিউদ্দিন দেওয়ান, সহ-সভাপতি কামরুজ্জামান কামরুল, সাংগঠনিক সম্পাদক ডিউক খান, জনসংযোগ ও প্রচার সম্পাদক রিজু মোহাম্মদ এবং কার্যকরী সদস্য জাহাঙ্গীর শহীদ সোহরায়ার্দী ও হাসান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জানান, ওজন পার্ক এলাকায় একদিনেই ১০০-এর অধিক নতুন সদস্য নিবন্ধন সম্পন্ন হয়েছে এবং ৬ জন নতুন আজীবন সদস্য যুক্ত হয়েছেন, যা সংগঠনের প্রতি প্রবাসীদের আস্থা ও আগ্রহের প্রতিফলন। তিনি আরও জানান, এই কার্যক্রম ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।
আগামী ২৫ এপ্রিল ২০২৬ শনিবার ব্রুকলিনের রাঁধুনী রেস্টুরেন্টের সামনে, ২৬ এপ্রিল রবিবার স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে এবং ব্রঙ্কসের গোল্ডেন প্লেসের সামনে, এবং ২৭ এপ্রিল সোমবার বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত একইভাবে সদস্য নিবন্ধন কার্যক্রম অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ সোসাইটি নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশিদের অন্যতম বৃহৎ ও ঐতিহ্যবাহী সংগঠন, যা দীর্ঘদিন ধরে কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক, শিক্ষামূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রবাসে বাংলাদেশি পরিচয়, ঐক্য ও স্বার্থ রক্ষায় সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, ব্যাপক সদস্য অংশগ্রহণের মাধ্যমে আসন্ন নির্বাচন আরও উৎসবমুখর, অংশগ্রহণমূলক ও গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হবে। তারা সকল প্রবাসী বাংলাদেশিদের সদস্যপদ গ্রহণের মাধ্যমে সংগঠনের সঙ্গে সম্পৃক্ত হয়ে কমিউনিটির উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।



















