Logo

ইউএসএ নিউজ    >>   প্রবাসে ঐক্যের দীপ্ত প্রতীক—উদীচীর আয়োজনে নববর্ষ ১৪৩৩ ও মঙ্গল শোভাযাত্রায় বাঙালিয়ানা উদযাপন

প্রবাসে ঐক্যের দীপ্ত প্রতীক—উদীচীর আয়োজনে নববর্ষ ১৪৩৩ ও মঙ্গল শোভাযাত্রায় বাঙালিয়ানা উদযাপন

প্রবাসে ঐক্যের দীপ্ত প্রতীক—উদীচীর আয়োজনে নববর্ষ ১৪৩৩ ও মঙ্গল শোভাযাত্রায় বাঙালিয়ানা উদযাপন

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
প্রাণবন্ত সাংস্কৃতিক পরিবেশনা, শিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, ঐতিহ্যবাহী খাবার এবং বাঙালি সংস্কৃতি ও পরিচয় সংরক্ষণের দৃঢ় প্রত্যয়ে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজনে বর্ণাঢ্যভাবে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ ১৪৩৩। গত ১৮ এপ্রিল ২০২৬  শনিবার বিকেলে জ্যামাইকার একটি মিলনায়তনে অনুষ্ঠিত এই বর্ষবরণ উৎসবে বিপুল সংখ্যক সুধীজনের উপস্থিতি প্রবাসে বাঙালির সাংস্কৃতিক বন্ধনকে আরও সুদৃঢ় করে তোলে।


সংগঠনের সভাপতি ক্ল‍্যারা রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সাধারণ সম্পাদক কল্লোল দাশ। নববর্ষকে বরণ করে নিতে আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরামের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা খোরশেদুল ইসলাম, রাজনীতিক ড. প্রদীপ রঞ্চন কর, কলামিস্ট ডা. আজিজুল হক, প্রগ্রেসিভ ফোরামের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, কলামিস্ট ও গবেষক বিজয় কুমার ঘোষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুলফিকার হোসেন বকুল, সাপ্তাহিক সন্ধান পত্রিকার সম্পাদক সনজীবন কুমার, প্রথম আলো নিউইয়র্ক প্রতিনিধি তোফাজ্জল লিটন, উদীচী জ্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, সহ-সভাপতি রতন কর্মকার, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সহ-সভাপতি বাবুল আচার্য, সাংস্কৃতিক সম্পাদক সুলেখা পাল, সাংস্কৃতিক ব্যক্তিত্ব স্বপন দত্ত এবং অনুপ ড্যান্স একাডেমির সভাপতি আল্পনা গুহসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বক্তারা বলেন, পহেলা বৈশাখ ও মঙ্গল শোভাযাত্রা কেবল উৎসব নয়—এটি বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও মানবিক মূল্যবোধের এক শক্তিশালী প্রতীক। ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে এই উৎসব আমাদের জাতীয় জীবনে নতুন প্রেরণা যোগায়। প্রবাসে থেকেও এই ধরনের আয়োজন নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে যুক্ত রাখছে—যা সত্যিই প্রশংসনীয়।


অনুষ্ঠানে ছোটদের জন্য বিশেষ সাহিত্য আসরের আয়োজন করা হয়, যা পরিচালনা করেন শিশু সাহিত্যিক ও ছড়াকার ড. ধনঞ্জয় সাহা। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী মিনহাজ আহম্মেদ শাম্মু এবং সংগঠনের সহ সাধারণ সম্পাদক লিলি মজুমদার।


শুরুতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। এরপর উদীচীর সাংগঠনিক সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সাংস্কৃতিক পর্ব। এতে অংশ নেন উদীচীর শিল্পী সুচরিত দত্ত, মিনহাজ আহম্মেদ শাম্মু, রফিকুল ইসলাম, সুলেখা পাল, লিলি মজুমদার, ফুলু রায় চৌধুরী, স্নিগ্ধা আচার্য, আবৃত্তি শিল্পী মুনমুন সাহা, সুপর্ণা সরকার রীমা, সুপ্রিয়া চৌধুরী, শুভ্রা নন্দী , সুমন দে সহ আরও অনেকে। ক্ষুদে শিল্পীদের প্রাণবন্ত অংশগ্রহণ অনুষ্ঠানে যোগ করে বিশেষ মাত্রা।


দিনব্যাপী এই আয়োজনের মূল প্রতিপাদ্য ছিল—মঙ্গল শোভাযাত্রার চেতনাকে ধারণ করে সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্নকে এগিয়ে নেওয়া। সবশেষে সভাপতি ক্ল‍্যারা রোজারিও এবং সাধারণ সম্পাদক কল্লোল দাশ সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।


সব মিলিয়ে, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের আয়োজিত নববর্ষ ১৪৩৩ উদযাপন ছিল কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; এটি ছিল সকলের সঙ্গে সকলের সম্পর্ক, ঐক্য এবং বাঙালিয়ানা চেতনার এক উজ্জ্বল প্রতীক।