Logo

ইউএসএ নিউজ    >>   নাইচার স্বীকৃতিতে নতুন দিগন্ত: নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”

নাইচার স্বীকৃতিতে নতুন দিগন্ত: নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”

নাইচার স্বীকৃতিতে নতুন দিগন্ত: নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
নিউইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনিক অঙ্গনে নতুন মাত্রা যুক্ত হয়েছে। “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা” সম্প্রতি ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক দাপ্তরিক সংগঠন হিসেবে স্বীকৃতি লাভ করেছে। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া এই স্বীকৃতি সংগঠনটিকে একটি সুসংগঠিত ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ভিতরে নিয়ে এসেছে, যা প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কামাল হোসেন মিঠু এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ মিজানুর রহমান। এছাড়াও সহ-সভাপতি পদে শেখ শহিদ, সহকারী সম্পাদক হিসেবে নাজমুল ইসলাম, রেকর্ডিং সম্পাদক হিসেবে সুব্রত তালুকদার এবং কোষাধ্যক্ষ হিসেবে এ কে এম মুক্তার হোসেন নির্বাচিত হয়েছেন। সদস্য হিসেবে রয়েছেন আনিসুর রহমান, রাশেদ মামুন, সুলতানা পারভীন, আবু কামাল এবং শামীম রেজা।

এই স্বীকৃতিকে ঘিরে গত ১৭ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ইটজি চাইনিজ পার্টি হলে কার্যকরী কমিটির প্রথম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি কামাল হোসেন মিঠু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান।
সভায় বক্তারা ‘নাইচা’র এমপ্লয়ি এনগেজমেন্ট বিভাগের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। নেতৃবৃন্দ একে সংগঠনের জন্য একটি গৌরবময় অর্জন হিসেবে উল্লেখ করে বলেন, এই স্বীকৃতি ভবিষ্যতে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে তুলবে। তারা প্রত্যাশা ব্যক্ত করেন, “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা” নিউইয়র্কে একটি আধুনিক, প্রগতিশীল ও বৃহৎ সংগঠন হিসেবে আত্মপ্রকাশ করবে এবং প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় আগামী কার্যক্রম নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামী ২৭ জুন লং আইল্যান্ডের বেলমন্ট পার্কে সংগঠনের উদ্যোগে একটি বনভোজনের আয়োজন করা হবে। এ উপলক্ষে রাশেদ মামুনকে আহ্বায়ক এবং নাজমুল ইসলামকে সদস্য সচিব করে একটি উপ-কমিটি গঠন করা হয়েছে।
সামগ্রিকভাবে, “বাংলাদেশি-আমেরিকান অ্যাসোসিয়েশন এ্যাট নাইচা”-র এই স্বীকৃতি প্রবাসী বাংলাদেশিদের সংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে—এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।