Logo

ইউএসএ নিউজ    >>   জাতিসংঘের সামনে ২০ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের মহাসমাবেশ — আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ আহ্বান

জাতিসংঘের সামনে ২০ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের মহাসমাবেশ — আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ আহ্বান

জাতিসংঘের সামনে ২০ এপ্রিল প্রবাসী বাংলাদেশিদের মহাসমাবেশ — আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে ঐক্যবদ্ধ আহ্বান

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
শেখ হাসিনাসহ নেতাদের বিরুদ্ধে মামলার রায় বাতিল, গণগ্রেফতার বন্ধ ও রাজনৈতিক নিপীড়নের অবসানের দাবিতে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিদের উদ্যোগে আগামী সোমবার (২০ এপ্রিল) নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে অনুষ্ঠিত হতে যাচ্ছে এক বিশাল প্রতিবাদ মহাসমাবেশ। বাংলাদেশে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত এবং বিরোধী নেতাকর্মীদের বিরুদ্ধে মামলার প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এলায়েন্স অব বাংলাদেশী আমেরিকান, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, আওয়ামী পরিবারসহ মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাহিত্যিক, মানবাধিকার, সাংবাদিক, শিক্ষক ও বুদ্ধিজীবী সংগঠনসমূহ যৌথভাবে এই সমাবেশের আয়োজন করছে।
সমাবেশে যোগদানের জন্য প্রবাসী বাংলাদেশিদের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা ড. প্রদীপ কর, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম এ সালাম, উপদেষ্টা হাজী শফিকুল আলম, ড. মহসিন আলী, সিনিয়র সাংবাদিক লায়ন হাকিকুল ইসলাম খোকনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এছাড়াও বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছেন।
নেতৃবৃন্দ জানান, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্বদানকারী ঐতিহ্যবাহী দল বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার মতো পদক্ষেপ গণতন্ত্রের পরিপন্থী। তারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপব্যবহার করা হচ্ছে এবং বিরোধী নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।
সমাবেশ থেকে শেখ হাসিনাসহ অন্যান্য নেতাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলার রায় বাতিল, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত গ্রেফতার বন্ধ, সকল রাজবন্দীর মুক্তি, পুলিশ হত্যার বিচার এবং সংবিধান লঙ্ঘনের মাধ্যমে ক্ষমতা দখলকারীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
আয়োজকরা আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল প্রবাসী বাংলাদেশিকে এই প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
সমাবেশের সময় ও স্থান:
সোমবার, ২০ এপ্রিল ২০২৬
দুপুর ১২টা
৪০৫ ইস্ট ৪৫তম স্ট্রিট, ম্যানহাটন, নিউইয়র্ক (জাতিসংঘ সদর দপ্তরের সামনে)
সূত্র: হাকিকুল ইসলাম খোকন ।