Logo

ইউএসএ নিউজ    >>   যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ডা. মানিকের একমাত্র পুত্র সাকিব আলীর মরদেহ উদ্ধার — শোকের ছায়া প্রবাসে

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ডা. মানিকের একমাত্র পুত্র সাকিব আলীর মরদেহ উদ্ধার — শোকের ছায়া প্রবাসে

যুক্তরাষ্ট্রে আওয়ামী লীগ নেতা ডা. মানিকের একমাত্র পুত্র সাকিব আলীর মরদেহ উদ্ধার — শোকের ছায়া প্রবাসে

প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (দক্ষিণ) এর সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলী মানিকের একমাত্র পুত্র সাকিব আলী (৩০)-এর মরদেহ ক্যালিফোর্নিয়ার লসএঞ্জেলেসে নিজ বাসার বেডরুম থেকে উদ্ধার করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনায় প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
জানা গেছে, গত ৬ এপ্রিল ২০২৬ (সোমবার) বিকেলে মেরিনা ডেল রে সিটির একটি অ্যাপার্টমেন্ট থেকে তালাবদ্ধ ঘরের দরজা খুলে সাকিবের নিথর দেহ উদ্ধার করা হয়। এর আগে শনিবার থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এতে উদ্বিগ্ন হয়ে জর্জিয়ার আটলান্টা থেকে তার বাবা-মা দ্রুত লসএঞ্জেলেসে ছুটে আসেন।
সাকিবের অ্যাপার্টমেন্টের দরজা ভেতর থেকে বন্ধ থাকায় পুলিশকে খবর দেওয়া হয়। পরে অ্যাপার্টমেন্ট সুপারভাইজারের কাছ থেকে কোড সংগ্রহ করে দরজা খুলে বেডরুমের মেঝেতে তার মরদেহ দেখতে পান আইনশৃঙ্খলা বাহিনী। সন্তানের নিথর দেহ দেখে শোকাহত বাবা-মা হাউমাউ করে কেঁদে ওঠেন।


পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাকিব হৃদরোগে আক্রান্ত হয়ে প্রায় দুই দিন আগেই ইন্তেকাল করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে বলে স্বজনরা জানিয়েছেন।
জানা যায়, তথ্য-প্রযুক্তিতে উচ্চশিক্ষা গ্রহণের পর সাকিব আলী যুক্তরাষ্ট্রের শীর্ষ টেলিকম প্রতিষ্ঠান এটিএন্ডটিতে কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি অ্যামাজনে যোগ দেন এবং পদোন্নতি পেয়ে বিভিন্ন অঙ্গরাজ্যে দায়িত্ব পালন শেষে মাত্র ছয় মাস আগে লসএঞ্জেলেসে বদলি হন। সেখানে মেরিনা ডেল রে’র একটি অভিজাত অ্যাপার্টমেন্টে একাকী বসবাস করছিলেন তিনি।
সাকিব আলীর মরদেহ উদ্ধারের সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ (পশ্চিম) এর সভাপতি ডা. রবি আলম, ক্যালিফোর্নিয়াস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি নজরুল আলম এবং ফোবানার নেতা ড. জয়নুল আবেদিনসহ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এদিকে সাকিব আলীর অকাল মৃত্যুতে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন। তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।
সর্বশেষ প্রাপ্ত তথ্যে জানা গেছে, লসএঞ্জেলেস থেকে জর্জিয়ায় নেওয়ার আগে সাউদার্ন ক্যালিফোর্নিয়া ইসলামিক সেন্টারে সাকিব আলীর জানাজা অনুষ্ঠিত হবে।
এই অকাল মৃত্যু প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর বেদনার সৃষ্টি করেছে এবং সকলেই তার বিদেহী আত্মার শান্তি কামনা করছেন।
সূত্র: হাকিকুল ইসলাম খোকন।