Logo

ইউএসএ নিউজ    >>   আলোচিত ‘আলকাট্রাজ’কে আবারও ‘কারাগারে’ রূপ দিতে চান ডোনাল্ড ট্রাম্প

আলোচিত ‘আলকাট্রাজ’কে আবারও ‘কারাগারে’ রূপ দিতে চান ডোনাল্ড ট্রাম্প

আলোচিত ‘আলকাট্রাজ’কে আবারও ‘কারাগারে’ রূপ দিতে চান ডোনাল্ড ট্রাম্প

প্রজ্ঞা নিউজ ডেস্ক:

আলকাট্রাজ যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সানফ্রান্সিসকো উপসাগরে অবস্থিত একটি ছোট কিন্তু ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ দ্বীপ। এটি ‘দ্য রক’ নামেও পরিচিত। আলকাট্রাজ ১৯শ শতকে একটি সামরিক দুর্গ হিসেবে ব্যবহৃত হতো। পরে ১৯৩৪ সালে এটিকে যুক্তরাষ্ট্রের ফেডারেল কারাগারে রূপান্তর করা হয়। চতুর্দিকে পানিবেষ্টিত আলকাট্রাজ কারাগারে তখনকার সব কুখ্যাত অপরাধীদের রাখা হতো।

১৯৬৩ সালে কারাগারটি বন্ধ করে দেওয়া হয়। সবচেয়ে সুরক্ষিত এই কারাগার বন্ধের কারণগুলোর মধ্যে ছিল রক্ষণাবেক্ষণ ব্যয় অত্যন্ত বেশি, পানির অভাব (সব পানি বাইরে থেকে আনতে হতো),অবকাঠামোর অবনতি। তবে মূল কারণ ছিল ভিন্ন।

নিরাপদ আলকাট্রাজ থেকে ১৯৬২ সালে ফ্রাঙ্ক মরিস ও অ্যাংলিনসহ তিন বন্দি পালিয়ে যায়। কারাগার থেকে পালালেও তারা সফল হয়েছিলেন কি না, তা আজও রহস্য। এই রহস্য ঘিরে ১৯৭৯ সালে (Escape From Alcatrz) সিনেমা নির্মিত হয়েছিল যেখানে অভিনয় করেছেন ক্লিন্ট ইস্টউডের মতো কিংবদন্তি অভিনেতা।

জেল পালানোর ঘটনায় ১৯৬৩ সালে আলকাট্রাজ বন্ধ হওয়ার পর দ্বীপটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রে রূপ দেওয়া হয়। বর্তমানে এই পর্যটন কেন্দ্রটি মার্কিন পার্ক সার্ভিসের দ্বারা পরিচালিত হচ্ছে। প্রতি বছর লাখো পর্যটক এখানে ভ্রমণ করতে আসেন।

তবে সম্প্রতি আলকাট্রাজ দ্বীপ নিয়ে আলোচনার কারণ দ্বীপটি আবারও সর্বোচ্চ নিরাপত্তার কারাগারে রূপান্তর করতে চান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই কাজের জন্য যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাজেট প্রস্তাবে কংগ্রেসের কাছে ১৫২ মিলিয়ন ডলার চেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

গত শুক্রবার (২ এপ্রিল) প্রকাশিত ২০২৭ অর্থবছরের বাজেট প্রস্তাবে এই অনুরোধটি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি এখন পর্যন্ত সবচেয়ে স্পষ্ট পদক্ষেপ, যা ডোনাল্ড ট্রাম্প তার আগের বছরের একটি সোশ্যাল মিডিয়া পোস্টে উল্লেখ করেছিলেন।

ওই পোস্টে ট্রাম্প লিখেছিলেন, সান ফ্রান্সিসকো উপসাগরের এই দ্বীপটি পুনর্নির্মাণ করে ‘আমেরিকার সবচেয়ে নিষ্ঠুর ও সহিংস অপরাধীদের’ রাখার কথা বলেছিলেন।

তবে এই পরিকল্পনা রাজনৈতিক ও বাস্তবিক দিক থেকে বড় বাধার মুখে পড়েছে। সান ফ্রান্সিসকোতে ব্যাপক বিরোধিতা দেখা দিয়েছে। এর কারণ এই অঞ্চলটিতে পর্যটন অন্যতম প্রধান শিল্প এবং আলকাট্রাজ অনেক দর্শনার্থীর তালিকার শীর্ষে থাকে।

এছাড়া আলকাট্রাজে গত ৬০ বছরেরও বেশি সময় ধরে কোনো বন্দি রাখা হয়নি এবং বর্তমানে এটি অনেকটাই জরাজীর্ণ। সেখানে পানীয় জল বা পয়ঃনিষ্কাশন ব্যবস্থা নেই, দ্বীপের বড় অংশ পাখির মলে ঢাকা এবং সব সরঞ্জাম নৌকায় করে আনতে হয়।

হোয়াইট হাউজের নতুন বাজেট প্রস্তাবে ফেডারেল ব্যুরো অব প্রিজনের জন্য ৫ বিলিয়ন ডলার বরাদ্দ চাওয়া হয়েছে, যাতে দেশের জীর্ণ কারাগারগুলো সংস্কার করা যায়। এর মধ্যে আলকাট্রাজ পুনর্নির্মাণও অন্তর্ভুক্ত। এই ১৫২ মিলিয়ন ডলার প্রথম বছরের খরচ বহন করবে, তবে পুরো প্রকল্পের ব্যয় আরও অনেক বেশি হবে। সূত্র: দ্য হিল, জাগোনিউজ