হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পের বলরুম নির্মাণ কাজ বন্ধের আদেশ আদালতের
প্রজ্ঞা নিউজ ডেস্ক:
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত হোয়াইট হাউজে নতুন বিলাসবহুল বলরুম নির্মাণ পরিকল্পনা ঘিরে আইনি ও রাজনৈতিক বিতর্ক তৈরি হয়। সম্ভাব্য এই প্রকল্প বাস্তবায়নে প্রেসিডেন্টের একক ক্ষমতা রয়েছে কি না-তা নিয়েই প্রশ্ন উঠে। তবে এসব বিতর্কের মধ্যে নির্মাণকাজ বন্ধের আদেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের আদালত।
আমেরিকান সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের তথ্য মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর পরিকল্পিত হোয়াইট হাউসের নতুন বিলাসবহুল বলরুম নির্মাণ প্রকল্পে সাময়িক স্থগিতাদেশ দিয়েছে ফেডারেল আদালত। একই সঙ্গে বলরুম নির্মাণসংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের অনুমতি নিতে হবে বলেও জানানো হয়েছে।
এই আদেশে আমেরিকান ফেডারেল বিচারক রিকার্ড লিওন বলেন, প্রেসিডেন্ট এককভাবে এমন বড় নির্মাণ প্রকল্প বাস্তবায়নের ক্ষমতা রাখেন না। তিনি উল্লেখ করেন, ঐতিহাসিক সরকারি ভবনে বড় ধরনের পরিবর্তন আনতে হলে অবশ্যই ইউএস কংগ্রেসের–এর অনুমোদন প্রয়োজন।
প্রতিবেদন অনুযায়ী, প্রায় ৪০০ মিলিয়ন ডলার ব্যয়ে হোয়াইট হাউজে একটি ৯০ হাজার বর্গফুটের বিশাল বলরুম নির্মাণের পরিকল্পনা ছিল। এই প্রকল্পটি ট্রাম্প প্রশাসনের একটি গুরুত্বপূর্ণ অগ্রাধিকার হিসেবে বিবেচিত হচ্ছিল।
আদালত শুনানিতে প্রশাসনের যুক্তিকে ‘অতিরিক্ত সাহসী’ বলে মন্তব্য করেন বিচারক এবং বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়া এমন প্রকল্প এগিয়ে নেওয়া সংবিধানসম্মত নয়।
সমালোচকদের মতে, বলরুম নির্মাণের পরিকল্পনা বাস্তবায়িত হলে হোয়াইট হাউসের ঐতিহাসিক কাঠামোর ক্ষতি হতে পারত। অন্যদিকে সমর্থকদের দাবি, এটি হোয়াইট হাউসের আধুনিকায়নের অংশ হিসেবে বিবেচিত হওয়া উচিত।
এছাড়া হোয়াইট হাউজের আরও কিছু অংশের নির্মাণ করেছেন ট্রাম্প। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, হোয়াইট হাউজের সম্মুখভাগে নতুন এই সংযোজন এই ভবনে ঐতিহাসিক সৌন্দর্য নস্ট করেছে। একই সঙ্গে সদর গেট সংলগ্ন সিড়ি সংক্ষিপ্ত করায় তা মূল ভবনের সঙ্গে বেমানান বলেও উল্লেখ করা হয়েছে। আদালতের এই সিদ্ধান্তের ফলে ট্রাম্প প্রশাসনের বলরুম নির্মাণ প্রকল্প আপাতত স্থগিত হয়ে গেল। সূত্র: জাগোনিউজ


















