নিউইয়র্কে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর বর্ণাঢ্য আয়োজনে স্বাধীনতা দিবস উদযাপন বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রবাসে লাল-সবুজের আবেগঘন মিলনমেলা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান, ৩০ লাখ শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন এবং প্রবাস প্রজন্মের প্রাণবন্ত অংশগ্রহণে নিউইয়র্কে বিপুল উৎসাহ-উদ্দীপনায় মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’।
গত ২৭ মার্চ ২০২৬ শুক্রবার সন্ধ্যায় জ্যাকসন হাইটসের জুইস সেন্টারের সজ্জিত মিলনায়তনে আয়োজিত এ সমাবেশ পরিণত হয় প্রবাসী বাঙালির এক আবেগঘন মিলনমেলায়।
লাল-সবুজের বর্ণিল আবহে মুক্তিযুদ্ধের স্মৃতি জাগানিয়া সঙ্গীত পরিবেশনা উপস্থিত সকলকে আবিষ্ট করে তোলে।
অনুষ্ঠানের সূচনা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান ড. সবিতা দাসের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে। পুরো আয়োজন সঞ্চালনা ও পরিচালনা করেন মুনমুন সাহা, যার সাবলীল উপস্থাপনা অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলে।
এদিন সংবর্ধিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ’৭১-এর যুক্তরাষ্ট্র শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও লাবলু আনসার, যুক্তরাষ্ট্র চ্যানেল আই-এর সিইও বীর মুক্তিযোদ্ধা রাশেদ আহাম্মেদ এবং বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু। তাঁদের উত্তরীয় পরিয়ে সম্মাননা প্রদান করা হয় এবং ফুলেল শুভেচ্ছা জানায় শিশু-কিশোররা—রূপন্তী, অথরা ঘোষ ও পূর্ণা দে ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নিউইয়র্ক স্টেট অ্যাসেম্বলীম্যান স্টিভেন রাঘা বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের অভিনন্দন জানিয়ে বলেন, “বহুজাতিক সমাজে বাঙালিরা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে গর্বের সঙ্গে এগিয়ে যাচ্ছে। আমার অফিস সবসময় বাংলাদেশি কমিউনিটির পাশে থাকবে।”
বিশেষ অতিথি ‘বিশ্ববাংলা টোয়েন্টিফোর টিভি’র সিইও আলিম খান আকাশ তাঁর বক্তব্যে বলেন, প্রবাসে বাংলা সংস্কৃতি চর্চা ও বিকাশে ‘বহ্নিশিখা সঙ্গীত নিকেতন’-এর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তিনি উল্লেখ করেন, ড. সবিতা দাসের নিরলস প্রচেষ্টায় এই সংগঠন আন্তর্জাতিক পরিমণ্ডলেও স্বীকৃতি অর্জন করছে।
উল্লেখযোগ্যভাবে, নারী উন্নয়নে অসামান্য অবদানের জন্য সম্প্রতি জাতিসংঘের একটি সংস্থা ড. সবিতা দাসকে চারটি আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করেছে। এ অর্জনের জন্য অনুষ্ঠানে তাঁকে উষ্ণ অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কমিউনিটি লিডার হুমায়ূন আহমেদ চৌধুরী ও নূর ইসলাম বর্ষণ। সার্বিক সমন্বয়ে ছিলেন ডা. দর্শনা দাস গাঙ্গুলি ও ডা. প্রভাত চন্দ্র দাস।
সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন রুনা সাহা, রুনা রায়, অরুনা সাহা, জুলি খাস্তগীর, অনিন্দিতা ভট্টাচার্য, অঙ্কিতা বিশ্বাস, শিলা চন্দা, আয়শা খান, ফারজিন স্বর্ণা, সোমা রোজারিও, মিতা ঘোষ, মিলি বসাক, আইভি রহমান, রুবাইয়া শবনম, চমেন আফরোজ, জুঁই, সুস্মিতা হালদার, দেবী সরকারসহ আরও অনেকে। তবলায় সঙ্গত করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাদক তপন মোদক।যন্ত্রসংগীতে সহযোগিতা করেন তাঞ্জিন সজীব, নিক্সন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে ছিল ঐতিহ্যবাহী পিঠা প্রদর্শনী ও পরিবেশন, যা স্বাধীনতা দিবসের আয়োজনকে আরও বর্ণিল ও উৎসবমুখর করে তোলে।
স্বাধীনতার চেতনা প্রবাসে ছড়িয়ে দেওয়ার প্রত্যয়ে এবং কৃতজ্ঞতা জ্ঞাপনের মাধ্যমে গভীর রাতে সমাপ্তি ঘটে এই বর্ণাঢ্য আয়োজনের।


















