Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্কে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়

নিউইয়র্কে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়

নিউইয়র্কে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন: বৈষম্যহীন অসাম্প্রদায়িক মানবিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইস সেন্টারে গত ৮ মার্চ ২০২৬ রবিবার বিকাল ৩টায় আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। “বৈষম্যহীন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক মানবিক সমাজ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠানটির যৌথ আয়োজন করে মহিলা পরিষদ ইউএসএ ও প্রগ্রেসিভ ফোরাম ইউএসএ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্রের সভাপতি হাফিজুল হক। সঞ্চালনা করেন মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক সুলেখা পাল এবং সাংস্কৃতিক সম্পাদক লিলি মজুমদার।


আলোচনা সভায় বক্তারা বলেন, আন্তর্জাতিক নারী দিবস শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; এটি নারীর অধিকার, মর্যাদা, সমতা ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার সংগ্রামের প্রতীক। বক্তারা বিশ্বজুড়ে নারী আন্দোলনের ইতিহাস স্মরণ করে বলেন, শিল্প বিপ্লবের সময় শ্রমজীবী নারীদের অধিকার আদায়ের সংগ্রাম থেকেই আন্তর্জাতিক নারী দিবসের সূচনা। সেই ধারাবাহিকতায় আজও নারীকে বৈষম্য, সহিংসতা ও সামাজিক বাধা অতিক্রম করে সমঅধিকার প্রতিষ্ঠার লড়াই চালিয়ে যেতে হচ্ছে।
বক্তারা বাংলাদেশের নারী আন্দোলনের ইতিহাসও তুলে ধরেন। তারা বলেন, ভাষা আন্দোলন, মহান মুক্তিযুদ্ধ, গণতান্ত্রিক আন্দোলনসহ দেশের প্রতিটি গুরুত্বপূর্ণ সংগ্রামে নারীরা অগ্রণী ভূমিকা পালন করেছেন। সুফিয়া কামাল, বেগম রোকেয়া, মুক্তিযুদ্ধের নারী মুক্তিযোদ্ধা থেকে শুরু করে আধুনিক সময়ের নারী নেত্রী, সাহিত্যিক, শিল্পী ও সমাজকর্মীরা সমাজকে আলোকিত করেছেন। তাদের অবদান স্মরণ করে বক্তারা নারীর শিক্ষা, অর্থনৈতিক ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।


অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক জাকির হোসেন বাচ্চু, সংগঠনের সাবেক সভাপতি খোরশেদুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক ড. নজরুল ইসলাম, সংগঠক ওবাদুল্লাহ মামুন, ইউএসএ মহিলা পরিষদ যুক্তরাষ্ট্রের সভাপতি শামসাদ হুসাম, সংগঠক ও মহিলা নেত্রী লিজি রহমান, সংগঠক ও সমাজকর্মী মনোয়ারা বেগম, সংগঠক ও মহিলা নেত্রী খ্রিষ্টিনা রোজারিও, বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সভাপতি ক্লারা রোজারিও, সংগঠক আল্পনা গুহ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংগীতশিল্পী তাহমিনা শহীদ, কলামিস্ট ডা. আজিজ সাংস্কৃতিক ব্যক্তিত্ব সালেহা বেগম, এবং মহিলা পরিষদের প্রচার সম্পাদক বীথি রায় প্রমুখ ।
আলোচনা পর্বের পাশাপাশি অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। মহিলা পরিষদের  সদস্য ও আবৃত্তি শিল্পী মুনমুন সাহা কবিতা আবৃত্তি করেন , সংগীত পরিবেশন করেন সুপর্ণা সরকার, স্নিগ্ধা আচার্য্য, ফুলু রায় চৌধুরী ও শুভ্রা উর্মি । তবলায় সহযোগিতা করেন আবৃত্তিকার ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুচরিত দত্ত।

এছাড়াও শিশু শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠানটি আরও প্রাণবন্ত হয়ে ওঠে। শাহানা নুপুর, ত্রিপর্ণা দে, নাদিয়া, নিশাত, পূর্ণাত্তম সাহা পূর্ণা, রাউসী বিশ্বাস, হিমদেব চৌধুরী, আদিত্য সরকার, অদ্বৈতা নন্দী ও কৃতিকা নন্দী গান, আবৃত্তি ও নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাষ্ট্র সংসদের সাধারণ সম্পাদক কল্লোল দাশ, জ‍্যামাইকা শাখার সভাপতি আশীষ রায়, ডিবিসির সাংবাদিক কানু দত্ত, প্রজ্ঞা নিউজের সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার সাহা,মিলবানা লিপি, সাবেক ছাত্র নেতা আবুল হোসেন প্রমুখ।


অনুষ্ঠানের সার্বিক সমন্বয় ও সহযোগিতায় ছিলেন প্রগ্রেসিভ ফোরাম যুক্তরাষ্ট্রের সহ সাধারণ সম্পাদক হিরো চৌধুরী।
অনুষ্ঠানের শেষে উপস্থিত সকল নারীকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরা হয় এবং বৈষম্যহীন, অসাম্প্রদায়িক ও মানবিক সমাজ গঠনে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।