৫০ বছরের মধ্যে নিউইয়র্কের সবচেয়ে বড় আবাসন প্রকল্পের ঘোষণা
প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্কের ব্যস্ততম রেলইয়ার্ড সানিসাইড ইয়ার্ডের ওপর ভিত্তি করে তৈরি হতে যাচ্ছে একটি যুগান্তকারী আবাসন প্রকল্প। ২১ বিলিয়ন ডলারেরও বেশি ফেডারেল তহবিল ব্যবহার করে বিশ্বের বৃহত্তম ডেক নির্মাণ করা হবে, যার ওপর গড়ে উঠবে ১২ হাজার নতুন সাশ্রয়ী আবাসন ইউনিট। এর মধ্যে ছয় হাজার ইউনিট হবে মিচেল-লামা ধাঁচের দীর্ঘমেয়াদি সাশ্রয়ী বাসস্থান। এই প্রকল্প বাস্তবায়িত হলে ৩০ হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হবে।
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি ফেডারেল সহযোগিতা নিশ্চিত করতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন। মেয়রের অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তর আমেরিকার ব্যস্ততম সানিসাইড ইয়ার্ডকে ঘিরে এই প্রকল্পকে ‘এক প্রজন্মে একবার আসা’ সুযোগ হিসেবে আখ্যায়িত করা হয়েছে।
প্রকল্পের আওতায় শুধু আবাসন নয়, নতুন পার্ক, স্কুল ও স্বাস্থ্যসেবা কেন্দ্রও স্থাপিত হবে। স্থানীয়রা বলছেন, এটি গত ৫০ বছরের মধ্যে নিউইয়র্ক সিটির সবচেয়ে বড় আবাসন ও অবকাঠামো বিনিয়োগ হিসেবে ইতিহাসে স্থান নিতে পারে।
মেয়র জোহরান মামদানি বলেন, “নিউইয়র্ক সিটি আজ প্রজন্মব্যাপী এক ব্যয়-সংকটের মুখোমুখি। যেসব পরিশ্রমী পরিবার এই শহর গড়েছে, তারা ক্রমেই নিজ নিজ পাড়া থেকে বিতাড়িত হচ্ছে। এমন সময় ফেডারেল অংশীদারিত্ব অত্যন্ত প্রয়োজন, যারা সাহসী বিনিয়োগ ও দ্রুত পদক্ষেপে প্রস্তুত।”
তিনি আরও বলেন, সাশ্রয়ী আবাসন উন্নয়নে সরকারি অর্থায়ন কাঠামোকে শক্তিশালী করা, শ্রমমান ও কমিউনিটির অংশগ্রহণ অক্ষুণ্ন রাখা, এবং নির্মাণ প্রক্রিয়া দ্রুততর করতে আধুনিক নিয়ন্ত্রক ব্যবস্থা চালু করা সময়ের দাবি।
বৈঠক শেষে উভয় পক্ষ আগামী সপ্তাহগুলোতে আলোচনাকে অব্যাহত রাখার বিষয়ে একমত হন, যা নিউইয়র্ক সিটির আবাসন ভবিষ্যৎ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এই প্রকল্প বাস্তবায়িত হলে শহরের আবাসন সমস্যা নিরসন, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য সাশ্রয়ী বাসস্থানের স্বপ্ন বাস্তবায়িত হবে। সূত্র: হাকিকুল ইসলাম খোকন।


















