Logo

ইউএসএ নিউজ    >>   নিউইয়র্ক সিটিতে থাকছে না ফ্রি পার্কিং — বাজেট ঘাটতি মোকাবিলায় কঠোর সিদ্ধান্তের পথে মেয়র মামদানী

নিউইয়র্ক সিটিতে থাকছে না ফ্রি পার্কিং — বাজেট ঘাটতি মোকাবিলায় কঠোর সিদ্ধান্তের পথে মেয়র মামদানী

নিউইয়র্ক সিটিতে থাকছে না ফ্রি পার্কিং — বাজেট ঘাটতি মোকাবিলায় কঠোর সিদ্ধান্তের পথে মেয়র মামদানী

প্রজ্ঞা নিউজ ডেস্ক :
নিউইয়র্ক সিটিতে দীর্ঘদিনের ফ্রি পার্কিং সুবিধা তুলে দেওয়ার পরিকল্পনা করছে সিটি প্রশাসন। ক্রমবর্ধমান বাজেট ঘাটতি মোকাবিলা এবং শহরের রাজস্ব আয় বাড়ানোর লক্ষ্যেই এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানী।
সিটি হল সূত্রে জানা গেছে, এতদিন নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট জোনে গাড়ি পার্কিংয়ের ক্ষেত্রে ফ্রি সুবিধা ছিল। কিন্তু শহরের আর্থিক সংকট, অবকাঠামো উন্নয়ন ব্যয় এবং নগর সেবার ক্রমবর্ধমান খরচের কারণে প্রশাসন এখন সেই সুবিধা সীমিত বা সম্পূর্ণভাবে বাতিল করার পরিকল্পনা করছে।
প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, যেসব এলাকায় আগে ফ্রি পার্কিং ছিল, সেগুলো ধাপে ধাপে পেইড পার্কিং জোনে রূপান্তর করা হতে পারে। এতে করে শহরের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে বলে আশা করছে সিটি কর্তৃপক্ষ। পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায়ও শৃঙ্খলা আনা সম্ভব হবে বলে মনে করছেন কর্মকর্তারা।
তবে এই সিদ্ধান্ত নিয়ে ইতোমধ্যেই শহরজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। অনেক বাসিন্দা মনে করছেন, নিউইয়র্কের মতো ব্যয়বহুল শহরে ফ্রি পার্কিং সুবিধা তুলে নেওয়া হলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত আর্থিক চাপ পড়বে। বিশেষ করে যারা প্রতিদিন কর্মস্থলে যাতায়াতের জন্য গাড়ির ওপর নির্ভরশীল, তাদের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।
অন্যদিকে সিটি প্রশাসনের যুক্তি, নিউইয়র্কের মতো ঘনবসতিপূর্ণ শহরে সীমিত জায়গার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে এবং মানুষকে গণপরিবহন ব্যবহারে উৎসাহিত করতে এই ধরনের নীতি প্রয়োজন।
সবকিছু ঠিক থাকলে আসন্ন বাজেট প্রস্তাবের মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে বলে জানা গেছে। এই সিদ্ধান্ত বাস্তবায়িত হলে নিউইয়র্ক সিটির পার্কিং ব্যবস্থাপনায় একটি বড় পরিবর্তন আসতে পারে।
সূত্র: সনজীবন কুমার।